📄 ভরসা করা
اَتَوَكَّلُ তথা ভরসা করা এটিও একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। একজন মুমিন একমাত্র মহান আল্লাহর উপরই ভরসা করবে। কোন ব্যক্তি যদি মহান আল্লাহ ও তার মাঝে মধ্যস্থতাকারী বানিয়ে নেয় এবং তার উপর ভরসা করে ঐ ব্যক্তির ঈমান ও ইসলাম ভেঙ্গে যাবে। মহান আল্লাহ বলেন,
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُّؤْمِنِينَ ) “আর আল্লাহর উপরই তাওয়াক্কুল কর, যদি তোমরা মুমিন হও’।" [সূরা ৫; আল-মায়িদাহ ২৩]
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ أَيْتُهُ زَادَتْهُمْ إِيْمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ) “মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে।” [সূরা ৮; আল-আনফাল ২]
اَلوَكَّلُ তথা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা, এটি একটি মহান ইবাদাত। তবে উপকারী মাধ্যম গ্রহণ করা اَلوَكَّلُ عَلَى اللهِ বা মহান আল্লাহর উপর ভরসার পরিপন্থী নয়। মুমিন এ দুটির মধ্যে সমন্বয় করবে। পৃথিবীতে সবচেয়ে বড় ভরসাকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি মাধ্যম গ্রহণ করেছেন। জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছেন তবে মাধ্যমের উপর ভরসা করাটাই শির্ক।
মাধ্যমটিও অবশ্যই শরী'আতসম্মত হতে হবে। মুশরিকগণ মৃতব্যক্তির উপর, গাছের উপর, পাথরের উপর, তাবিজের (তামীমাহ) উপর ভরসা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكَّلَ إِلَيْهِ» “যে লোক কোনোকিছু ঝুলিয়ে রাখে (তাবিজ-তুমার) তাকে তার উপরই সোপর্দ করা হয়।” [জামে' আত-তিরমিযী: ২০৭২; শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন]
এগুলোর উপর ভরসা করলে মহান আল্লাহ এ সকল দুর্বল মাখলুকের উপর তাকে ছেড়ে দেন।