📄 যে সকল উসীলা বৈধ
(১) মহান আল্লাহর নাম ও গুণাবলি দ্বারা আল্লাহর নিকট উসীলা দেয়া (التَّوَسُّلُ إِلى اللهِ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ سُبْحَانَهُ وَتَعَالي)
মহান আল্লাহ বলেন, وَ لِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُونَ فِي أَسْمَابِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
“আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং, তোমরা তাঁকে সেসব নামেই ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে এর প্রতিফল দেয়া হবে।” [সূরা ৭; আল-আ'রাফ ১৮০]
فَادْعُوْهُ بِهَا أَيْ تَوَسَّلُوْا إِلَى اللَّهِ بِهَا “তোমরা তাঁকে সেসব নামের দ্বারা ডাক অর্থাৎ মহান আল্লাহর সুন্দরতম নামসমূহের উসীলা দিয়ে তাঁকে ডাক।”
যেমন আমরা বলতে পারি- يَا رَحْمَنُ ارْحَمْنِي “হে রাহমান! আমাকে রহম করুন।" يَا غَفُورُ اغْفِرْ لِي “হে ক্ষমাশীল! আমাকে ক্ষমা করুন।" يَا كَرِيمُ أَكْرِمْنِي وَأَعْطِنِي “হে মহা সম্মানের মালিক! হে মহান দাতা! আমাকে সম্মানিত করুন, আমাকে দান করুন।"
যেমনিভাবে আইয়ুব আলাইহিস সালাম দু'আ করেছিলেন, ( أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّحِمِينَ ) "আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।” [সূরা ২১; আল-আম্বিয়া ৮৩]
ইউনুস আলাইহিস সালাম দু'আ করেছিলেন, ( فَنَادَى فِي الظُّلُمَتِ أَنْ لَا إِلهَ إِلَّا أَنْتَ سُبْحَنَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّلِمِينَ ) ( فَاسْتَجَبْنَا لَهُ ) “তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, 'আপনি ছাড়া অন্য কোনো (সত্য) ইলাহ নেই'। আপনি পবিত্র মহান। নিশ্চয়ই আমি ছিলাম জালিম'। অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।" [সূরা ২১; আল-আম্বিয়া ৮৭-৮৮] এখানে তিনি মহান আল্লাহর নিকট তাঁর তাওহীদ ( لَا إِلَهَ إِلَّا أَنْتَ ), তাঁর তাসবীহ ( سُبْحَانَكَ ) এবং নিজের গুনাহের স্বীকৃতির ( إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ) উসীলা দিয়ে দু'আ করেছেন, আল্লাহ তাআলা দু'আ কবুল করেছেন ( فَاسْتَجَبْنَا لَهُ )।
(২) জীবিত নেককার বান্দার দু'আ দ্বারা উসীলা দেয়া জায়েয ( التَّوَسُّلُ بِدُعَاءِ (الصَّالِحِينَ الْأَحْيَاءِ جَائِزُ
যেমন- উমার রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দু'আর উসীলা দিয়েছেন। মু'আবিয়াহ রাদিয়াল্লাহু আনহু, ইয়াযীদ ইবনুল আসওয়াদ আল জারসী রাদিয়াল্লাহু আনহুর দু'আ দ্বারা উসীলা দিয়েছেন।
তবে কোনো মানুষের حَقٌّ বা অধিকার অথবা তার মর্যাদা, ব্যক্তিত্ব প্রভৃতির উসীলা দেয়া বিদ'আত ও নিষিদ্ধ। [দুরূসুন ফী শারহি নাওয়াক্বিদিল ইসলাম, শাইখ ড. সালিহ বিন ফাউযান আল-ফাউযান, পৃ. ৬৭]
📄 যে সকল উসীলা বৈধ নয়
কোনো মৃত ব্যক্তির উসীলা দেয়া অথবা জীবিত ব্যক্তিকে বা তার অধিকারকে বা তার মর্যাদাকে উসীলা বানিয়ে দু'আ করা বৈধ নয়। এটি শির্কের উপকরণসমূহের একটি উপকরণ。
অতএব, কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ এবং তার মাঝে কোনো মধ্যস্থতাকারী গ্রহণ করে তার নিকট দু'আ করে তার ঈমান ও ইসলাম ভেঙ্গে যাবে।