📄 ‘আহলুল হিল্লি ওয়াল আকদ’-এর সংখ্যা
‘আহলুল হিল্লি ওয়াল আকদ’-এর সদস্য সংখ্যা কী পরিমাণ হলে নেতৃত্ব সংঘটিত হবে—এ ব্যাপারে উলামায়ে কিরামের মাঝে মতবিরোধ রয়েছে। এর বিস্তারিত বিবরণ হলো:
এক. একদল উলামায়ে কিরাম নির্বাচিত খলিফার ব্যাপারে আহলুল হিল্লি ওয়াল আক্দের সকল সদস্যের ঐকমত্য শর্ত করেছেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই মত অনেকটা মুতাজিলা সম্প্রদায়ের ইমাম আসামের কথার মতো। তিনি বলেন-ইজমা ছাড়া নেতৃত্ব কায়েম হবে না।১৮২
এমনটাই ইমাম আহমাদ রহ.-এর এক বর্ণনাতে পাওয়া যায়। ইব্ন হানি বলেন-আমি আবু আব্দুল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলাম-
من مات وليس له إمام مات ميتة جاهلية
যে ব্যক্তি এ অবস্থায় মৃত্যুবরণ করবে যে, তার কোনো ইমাম নেই, সে জাহিলিয়াতের মৃত্যু বরণ করে নিল।
তিনি বললেন-তুমি কি জানো, এখানে 'ইমাম' দ্বারা কী উদ্দেশ্য? ইমাম বা খলিফা তাকেই বলে, যার ব্যাপারে সমস্ত মুসলিম ঐকমত্য হয়ে বলে-ইনিই ইমাম। এটাই হাদিসের অর্থ।১৮৩
দুই. আরেকদল উলামায়ে কিরাম আহলুল হিল্লি ওয়াল আক্দের সংখ্যা নির্ধারণ করেছেন। তাদের কেউ কেউ বলেন-সর্বনিম্ন সংখ্যা ৪০জন। কারণ, মর্যাদার দিক থেকে ইমামতে কুবরা জুমুআর নামাজের ঊর্ধ্বে। আর ৪০-এর কমে জুমুআর নামাজ সংঘটিত হয় না।
কেউ কেউ বলেন-পাঁচজন।
কেউ বলেন-চারজন।
আবার কেউ বলেন-দুজন দ্বারাও তৃতীয় ব্যক্তির ইমামত সংঘটিত হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে-কয়েকজন সাক্ষীর সামনে হতে হবে; যাতে পরবর্তী সময়ে অস্বীকার করলে প্রমাণ পেশ করা যায়। কেউ কেউ এই মতকে ইমাম আবুল হাসান আশআরি রহ.-এর সাথে নিসবত করেছেন, যেমন রদ্দুল মুহতারে আছে।
শাফিয়ি মাজহাবের অধিকাংশ উলামায়ে কিরামের মতে, বাইআতের সময় উলামায়ে কিরাম, নেতৃবৃন্দ, অভিজাত শ্রেণির যারা যারা সাক্ষ্য দেওয়ার যোগ্য এবং সহজে উপস্থিত হতে পারবে, তাদের দ্বারাই নেতৃত্ব কায়েম হবে, এমনকি যদি একজনও থাকে তবুও যথেষ্ট।
ইমাম কলকাশান্দি বলেন-আমাদের শাফিয়ি মাজহাবের উলামায়ে কিরামের নিকট এটাই বিশুদ্ধ মত।
ইমাম দামিজি রহ. বলেন—ইমাম আবুল হাসান আশআরি রহ.-এর মত এবং শাফিয়ি উলামায়ে কিরামের মাঝে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। পার্থক্যটি হলো, শাফিয়ি উলামায়ে কিরামের নিকট আহলুল হিল্লি ওয়াল আকদের একজন সদস্য দ্বারাই ইমামত সহিহ হবে এই শর্তে যে—সেখানে সদস্য হিসেবে গণ্য করা যায়, এমন কেউ উপস্থিত না থাকা। আর ইমাম আশআরি রহ.-এর মতে, একজন সদস্য দ্বারাই ইমামত সহিহ হয়ে যাবে, অন্য কেউ থাকুক বা না থাকুক।২৮৪
তিন. আরেকদল বলেন—আহলুল হিল্লি ওয়াল আকদের অধিকাংশ সদস্য দ্বারাই ইমামত সহিহ হবে।
তারা সবার ঐকমত্যও শর্ত করেন না, নির্দিষ্ট কোনো সংখ্যাও বলেন না। আবু ইয়ালা রহ. বলেন—আহলুল হিল্লি ওয়াল আকদের অধিকাংশ সদস্য দ্বারাই ইমামত সহিহ হবে।
অনেক উলামায়ে কিরাম এই মতকেই প্রাধান্য দিয়েছেন। কারণ, কুরআন-হাদিস থেকেও এ ব্যাপারে কোনো দলিল নেই। আবার উলামায়ে কিরামের ইজমাও নেই যে, ঐকমত্য শর্ত না-কি নির্দিষ্ট সংখ্যা শর্ত। অগ্রাধিকার পাওয়ার কারণ হলো, উম্মতে মুসলিমা আহলুল হিল্লি ওয়াল আকদের সদস্যদের ওপর নির্ভর করে। তারাই জাতির চাওয়া-পাওয়ার ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন। তাদের মাঝে নেতৃত্বের গুণাবলিও পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়। এটা আহলুল হিল্লি ওয়াল আকদের সকল সদস্যদের (প্রত্যেকের মধ্যে সমষ্টিগতভাবে) মাঝে যেমন পাওয়া যায়, আবার তাদের 'অধিকাংশের' মাঝেও পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, বাইআতের সময় সবার (প্রত্যেকের) উপস্থিতি অসম্ভব না হলেও কিছুটা কঠিন। তাই, অধিকাংশ উপস্থিত থাকলেই যথেষ্ট। মোটকথা, বাইআতের ক্ষেত্রে নির্বাচিত খলিফার পক্ষে এই পরিমাণ অনুসারী, সাহায্যকারী ও সমর্থনকারী থাকা প্রয়োজন যাদের দ্বারা খলিফার আসন পাকাপোক্ত হতে পারে, তার পাশে শক্তিশালী দল থাকতে পারে, যারা তাকে রক্ষা করবে; যাতে পরবর্তী সময়ে খলিফার বিরুদ্ধে ঝড় বয়ে গেলেও খলিফার অনুসারীদের মূলৎপাটন করা সম্ভব হবে না। অতএব, যখন তার বাইআত শক্তি দ্বারা সুদৃঢ় হবে, সদলবলে প্রতিষ্ঠিত হবে, মজবুত হবে, সাহায্য দ্বারা সমর্থিত হবে, শত্রুদের ওপর বিজয়ী হওয়ার শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হবে; তখনই ইমামত সুসাব্যস্ত ও স্থির হবে, নেতৃত্ব দৃঢ় হবে এবং অবিচল থাকবে। ইমামত সহিহ হওয়ার জন্য ইজমা মূলত শর্ত নয়।
বিষয়টি স্পষ্ট করার জন্য আবু বকর রা. এর বাইআতের ঘটনা লক্ষ্য করা যেতে পারে। বাইআতের পর তিনি হুকুম করেছেন, বিচার করেছেন, ফায়সালা করেছেন, সুসংহত করেছেন, মুজাহিদ বাহিনী প্রস্তুত করেছেন, ইসলামের ঝান্ডা উঁচু করেছেন, জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ট্যাক্স নিয়েছেন এবং সেগুলো বণ্টন করেছেন। কিন্তু এগুলো করার আগে, মদিনাবাসীর বাইআতের পর তিনি এই অপেক্ষা করেন নি যে, তার বাইআতের খবর ইসলামের দূরদূরান্ত জনপদেও পৌঁছে যাক। যারা মদিনায় ছিল তারা ছাড়া অন্য কারও থেকেও স্বীকারোক্তির অপেক্ষা তিনি করেন নি। একইভাবে অপর তিন খলিফার বাইআতের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। এতে কোনো জ্ঞানী ব্যক্তি সন্দেহ পোষণ করতে পারে না। তারপর আমাদের এই ক্ষুদ্র জ্ঞানকে যে বিষয়টি আরও শক্তিশালী করে, তা হলো-খলিফা নির্বাচনের মূল উদ্দেশ্য। অর্থাৎ, রাষ্ট্রের হিফাজত, ইসলামের মৌলিক বিষয়-সহ অন্যান্য যাবতীয় নাজুক বিষয়ে গুরুত্ব প্রদান। এখানে লক্ষ্য করলে বোঝা যায় যে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সামান্য অবকাশেরও সুযোগ থাকে না। কারণ, বিলম্ব করা হলে এমন জটিল সমস্যা হতে পারে, যার সমাধান হবে না। এমন মারাত্মক ভুল হতে পারে, যার ক্ষতিপূরণ হবে না! এখান থেকেই বোঝা যায় যে, ইমামতের জন্য ইজমা শর্ত নয়। ২৮৫
টিকাঃ
১৮২ আল ফারকু বাইনাল ফারকি, ১৫০
১৮৩ আল জামি লিউলুমুল ইমাম আহমাদ,
** ইমামতে উযমা, ১৭৮