📄 নিজেকে পরিচালনা
খলিফার সর্বপ্রথম কাজ হলো নিজেকে পরিচালনা করা। নিজের মাঝে উত্তম আখলাক ধারণ করা, যাতে তিনি ভালো ভালো কাজ আঞ্জাম দিতে পারেন। তিনি নিজেকে পরিচালনা করার পর জনগণকে পরিচালনা করবেন, নিজেকে ঠিক করার পর তাদেরকে ঠিক করবেন, না হয় তিনি ওই ব্যক্তির মতো হয়ে যাবেন-যে কাঠ সোজা না করে কাঠের ছায়াকে সোজা করতে চায়। তিনি যদি নিজেকে পরিচালনা শুরু করেন, তাহলে অন্যকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। আর যদি নিজেকে এড়িয়ে যান, তাহলে তিনি জনগণদেরও এড়িয়ে যাবেন। কারণ, যে নিজেই ভালো না সে আবার অন্যকে কীভাবে ভালো করে?
অতএব, নিজের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ, নিজেকে ঠিক করার দায়িত্ব নিজেরই (অন্য কেউ করে দেবে না)। এখন, কেউ যদি নিজের কাছেই কাবু হয়ে যায়, তাহলে তো অন্যের কাছে পর্যদুস্ত হয়েই যাবে। নিজেকে পরিচালনা করাই যদি কষ্টকর হয়, তাহলে তো অন্যকে পরিচালনা করা অসাধ্যকর হয়ে পড়বে।