📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 ইসলামী রাষ্ট্রে দীর্ঘ দিন বসবাস করা

📄 ইসলামী রাষ্ট্রে দীর্ঘ দিন বসবাস করা


সাধারণ চুক্তিবিহীন অবস্থায় কোনো অমুসলিম হারবী যদি ইসলামী রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ চেয়ে নেয়। তবে রাষ্ট্র প্রধান কিংবা কোনো মুসলিমের ব্যক্তিগত আশ্রয়ে সাময়িকভাবে কিছু দিনের জন্য অমুসলিমকে ইসলামী রাষ্ট্রে বসবাসের সুযোগ দেবার বিধান রয়েছে। এ ধরনের ব্যক্তিকে ইসলামী আইনের পরিভাষায় 'মুস্তামুন' (নিরাপত্তা আশ্রিত) বলা হয়। অধিকাংশ ইমামের মতে 'মুস্তামুন' এক বছরের কম সময়ের জন্য ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবে। 'মুস্তামুন' পুরো এক বছর কিংবা তারোঅধীক সময় ধরে ইসলামী রাষ্ট্রে বসবাস করলে তার ওপর জিজিয়া আরোপিত হবে এবং সে ইসলামী রাষ্ট্রের স্থায়ী নাগরিকের পরিণত হবে। কেননা দীর্ঘ সময় ধরে ইসলামী রাষ্ট্রে বসবাস করলে বুঝা যায় যে, সে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে এবং যিম্মীদের জন্য প্রযোজ্য শর্তাবলী মেনে নিতে সম্মত আছে। এ বিষয়ে হানাফীদের বক্তব্য হল- কোন অমুসলিম হারবী যথাযথ উপায়ে নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রে প্রবেশ করলে রাষ্ট্র প্রধান সুচিন্তনপূর্বাক তার বসবাসের জন্য একটি সময় নির্ধারণ করে দেবেন এবং বলবেন যে, যদি তুমি এ সময় অতিক্রম কর, তা হলে তুমি যিম্মীতে পরিণত হবে। যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে ইসলামী রাষ্ট্র ছেড়ে চলে না যায়, তা হলে সে যিম্মীরূপে পরিগণিত হবে এবং বছর শেষে তার ওপর জিজিয়া আরোপিত হবে। যদি রাষ্ট্রপ্রধান তার বসবাসের জন্য কোন সময় নির্ধারণ করে না দেন, তাহলে অধিকাংশ হানাফীর মতে এক বছরকাল বসবাসের কারণে সে যিম্মীতে পরিণত হবে। তবে কারো কারো মতে- মুস্তামুন দীর্ঘ সময় ধরে বসবাস করতে শুরু করলে রাষ্ট্র প্রধান তাকে বেরিয়ে যাবার নির্দেশ দেবেন। এর পর যদি সে বসবাস কাল বসবাস করে, তা হলেই তার ওপর জিজিয়া আরোপিত হবে। তাদের মতানুযায়ী বসবাসের গণনা শুরু হবে রাষ্ট্রপ্রধানের বের হবার নির্দেশ দানের পর থেকেই। যদি রাষ্ট্র প্রধান তাকে বেরিয়ে যাবার কোন নির্দেশ না দেন এবং সেও কয়েক বছর ধরে বসবাস করতে থাকে, তা হলে সে যিম্মীতে পরিণত হবে না এবং সে স্বদেশে ফিরে যেতে পারবে। ৭৯

টিকাঃ
৭৯. আবু ইউসুফ, কিতাবুল খারাজ, পৃ. ১৮৯; আল-কাসানী, বাদাইয়ি ৫,৭,৭, ১১০; আখ-যায়লাঈ, তাবঈন, ৩,৩,৭,২০৮-৯

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 মুসলিম কিংবা যিম্মীর সাথে হারবী মহিলার বিয়ে

📄 মুসলিম কিংবা যিম্মীর সাথে হারবী মহিলার বিয়ে


কোন হারবী মুস্তামানাহ (নিরাপত্তা আশ্রিতা) মহিলা ইসলামী রাষ্ট্রের কোন মুসলিম কিংবা স্থায়ী অমুসলিম নাগরিকের সাথে বিবাহসূত্রে আবদ্ধ হলে সে যিম্মী এবং ইসলামী রাষ্ট্রের স্থায়ী নাগরিকের পরিণত হবে। কেননা ইসলামী আইনে বসবাসের ক্ষেত্রে স্ত্রী স্বামীর অনুগামী হয়ে থাকে। এ কারণে সে স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হয়ে চলে যেতে পারে না। অতএব ইসলামী রাষ্ট্রের কোন নাগরিকের সাথে তার বিবাহসূত্রে আবদ্ধ হওয়া থেকে বুঝা যায় যে, সে ইসলামী রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে সম্মত রয়েছে। এ কারণে সে যিম্মীতে পরিণত হবে। ৮০ পক্ষান্তরে কোন মুস্তামান পুরুষ ইসলামী রাষ্ট্রের কোন অমুসলিম মেয়েকে বিয়ে করলে সে যিম্মীতে পরিণত হবে না। কারণ বসবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর অনুগামী হয় না। তাই ইসলামী রাষ্ট্রের কোন মহিলার সাথে তার বিবাহসূত্রে আবদ্ধ হওয়া থেকে বুঝা যাবে না যে, সে ইসলামী রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে সম্মত রয়েছে। এ কারণে ইসলামী রাষ্ট্রের কোন অমুসলিম মহিলাকে বিয়ে করা সত্ত্বেও সে যিম্মীতে পরিণত হবে না। ৮১

টিকাঃ
৮০. রাশীদপন্থার মতে- এ ধরনের মহিলার বিয়ে করার পরে স্বদেশে ফিরে যেতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না, যদি স্বামী সম্মত থাকে কিংবা বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু হানাফীপন্থার মতে- এ ধরনের মহিলাকে স্বদেশে ফিরে যেতে বাধা দেয়া হবে। (আল-বাজ্জী, কাশশাফ., ৬,৩,৭, ২১০; ইবনু কুদামাহ, আল-মুগনী, ৯,৩,৭,২৭০)
৮১. আস-সারখাসী, আল-মাবসুত, ৯,৩,৭,৬৮-৬৯; আল-কাসানী, বাদাইয়ি ৫,৭,৭, ১১০; আখ-যায়লাঈ, তাবঈন., ৩,৩,৭,২০৯

📘 ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা > 📄 খারাজী জমি ক্রয় করা

📄 খারাজী জমি ক্রয় করা


মুস্তামান যদি ইসলামী রাষ্ট্রে খারাজী জমি ক্রয় করে চাষাবাদ করে, তা হলে তার ওপর ভূমি কর আরোপিত হবে এবং সে যিম্মীতে পরিণত হবে। কেননা ভূমি কর ইসলামী রাষ্ট্রে বসবাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এমতাবস্থায় মুস্তামান ভূমিকর প্রদান করতে রাজি হলে বুঝা যাবে যে, সে ইসলামী রাষ্ট্রের স্থায়ী নিবাসী হতে সম্মত রয়েছে। এ কারণে সে যিম্মীতে পরিণত হবে। তবে ভূমির সত্ত্বারুর আগে যদি সে জমি বিক্রি করে দেয়, তা হলে সে যিম্মীতে পরিণত হবে না। কেননা যদি সে খারাজ আদায় করতে ইচ্ছুক হয়, তা হলেই বুঝা যাবে যে, সে ইসলামী রাষ্ট্রে নিবাসী হতে সম্মত রয়েছে; নিজের জমি ক্রয় থেকে এটা বুঝা যাবে না। তবে কারো কারো মতে তাকে পূর্বে এ মর্মে সতর্ক করতে হবে যে, সে যদি জায়গা বিক্রি করে স্বদেশ ফিরে না যায়, তা হলে সে যিম্মীতে পরিণত হবে। কেননা কাউকে তার সম্মতি জ্ঞাপন কিংবা সম্মতিসূচক কোন আচরণ ছাড়া যিম্মীতে পরিণত করা বিধেয় নয়। তবে কোন অমুসলিম মুসলিমদের থেকে খারাজী জমি বর্গা নিয়ে চাষ করলে সে যিম্মীতে পরিণত হবে না। কেননা খারাজ বর্গাদাতাদের ওপর বর্তাবে, চাষীর ওপর বর্তাবে না। কিন্তু উৎপন্ন ফসলের অর্ধাংশের প্রদানে চুক্তিভিত্তি জমি নিয়ে চাষ করলে সে যিম্মীতে পরিণত হবে। কারণ জমির উৎপন্ন থেকে খারাজ গ্রহণ করা হয় আর যার নিকট থেকে খারাজ গ্রহণ করা হবে তার ওপরও জিজিয়ার বিধান প্রযোজ্য হবে। ফলে সে যিম্মীতে পরিণত হবে। ৮২

টিকাঃ
৮২. আল-কাসানী, বাদাইয়ি ৫,৭,৭, ১১০; আখ-যায়লাঈ, তাবঈন., ৩,৩,৭,২০৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00