📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহ

📄 পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহ


বিংশ শতাব্দীর শুরুতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামি অর্থনীতির ওপর গবেষণাকে উৎসাহিত করেছে, তাদের মাঝে কায়রোর আল-আযহার বিশ্ববিদ্যালয় নিজগুণে ভাস্বর। এটি কেবল প্রাচীন ইসলামি বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটিও বটে। তার ওপর ইসলামি গবেষণা ও গবেষকদের প্রতি এই বিদ্যাপীঠ বিশেষ মনোযোগ দিয়ে থাকে। সম্মেলন আয়োজন ও গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করা হয়েছে অ্যাকাডেমি অব ইসলামিক রিসার্চ। অ্যাকাডেমির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। তবে এখানে গবেষণার বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির ইসলামি টপিক অন্তর্ভুক্ত। ইসলামি অর্থনীতি সেগুলোর মাঝে একটি মাত্র। ইসলামি অর্থনীতির ওপর গবেষণাকে আলাদাভাবে উৎসাহিত করা না হলেও, সাদরে বরণ করা হতো বটে। তা ছাড়া অ্যাকাডেমি তার সম্মেলনগুলোর বিবরণী ও স্বতন্ত্র গবেষণা-প্রকাশনা আকারেও বের করত। যাতে এসব কর্মকাণ্ডের উপকারিতা সুদূরপ্রসারী হতে পারে।
এরও এক দশক পরে ইসলামি অর্থনীতির আরও বিকাশ ও প্রসার ঘটে। তখন এই বিষয়ের ওপর একটি বিশেষায়িত সম্মেলনের আয়োজন অপরিহার্য হয়ে দেখা দেয়। এ সময়ই ১৯৭৬ সালে অনুষ্ঠিত হয় ইসলামি অর্থনীতির ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
বিকাশের ওই পর্যায়ে ইসলামি অর্থনৈতিক লেখালেখির ওপর আল-আযহার অ্যাকাডেমি কী পরিমাণ অবদান রেখেছে, তা নিম্নে উল্লেখিত তালিকা থেকে উপলব্ধি করা যাবে। এগুলো অ্যাকাডেমির প্রকাশিত রচনাসমূহ। এর সবগুলোই আরবিতে। সমসাময়িক ইসলামি অর্থনৈতিক লেখালেখি বিষয়ক সমীক্ষায় সিদ্দিকি এই উদাহরণগুলো তুলে ধরেছেন (সিদ্দিকি, ১৯৮০):
➡ আল-খাফিফ, শাইখ আলি, “ব্যক্তিগত সম্পদ এবং ইসলামে এর সীমারেখা”, পৃ. ১২৮, প্রথম সম্মেলন, ১৯৬৪;
➡ হাসান, আবদুর রহমান, "ইসলামে আর্থিক সম্পদসমূহ”, পৃ. ৬৪, প্রথম সম্মেলন, ১৯৬৪;
➡ হুসাইনি, ইসহাক মূসা, "ইসলামে হিসবাহ”, পৃ. ২৫৫-২৭৭, প্রথম সম্মেলন, ১৯৬৪;
➡ আল-আরাবি, মুহাম্মাদ আবদুল্লাহ, “সম্পদের উৎপাদনশীল ব্যবহারের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি”, পৃ. ১২৪–১৩৬, দ্বিতীয় সম্মেলন, ১৯৬৫;
➡ আল-আরাবি, মুহাম্মাদ আবদুল্লাহ, “সমসাময়িক ব্যাংকিং লেনদেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি”, পৃ. ৭৯-১২২, দ্বিতীয় সম্মেলন, ১৯৬৫;
➡ আবু যাহরা, শাইখ মুহাম্মাদ, “যাকাত”, পৃ. ১৩৭-২০১, দ্বিতীয় সম্মেলন, ১৯৬৫;
➡ সপ্তম সম্মেলনের বিবরণী, সেপ্টেম্বর ১৯৭২, “অর্থনৈতিক ও আইনি বিষয়াদি”, পৃ. ৪১০, সপ্তম সম্মেলন, ১৯৭৩;
➡ আশ-শাহাবি, ইবরাহীম দুসুকি, "হিসবাহ: একটি সামাজিক ভূমিকা", পৃ. ৬৪, সপ্তম সম্মেলন, ১৯৭৩;
➡ আত-তাহাবি, ইবরাহীম, “ইসলামি অর্থনীতি: একটি চিন্তার ঘরানা ও একটি ব্যবস্থা, একটি সমকালীন পাঠ”, দ্বিতীয় খণ্ড, ৬১৬ এবং পৃ. ৪০০, ১৯৭৪।
প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতার আরেকটি উদাহরণ মিশরেরই High Institute for Arabic Studies (একটি স্নাতোকত্তর প্রতিষ্ঠান)। আরবিতে এর প্রকাশিত একটি আগ্রহোদ্দীপক নিবন্ধ রয়েছে "ইসলামে উত্তরাধিকার: আরব ও রোমানদের মাঝে উত্তরাধিকারের ব্যাপারে ভূমিকা সহ"স, পৃ. ৪০০, ১৯৬০। এর লেখক মুহাম্মাদ ইউসুফ মূসা। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। তাই ইসলামি অধ্যয়ন ও ইসলামি অর্থনীতির ব্যাপারে গবেষণায় সরকার-প্রদত্ত প্রেরণাকেও অগ্রাহ্য করা যায় না। মিশরে সরকারের ভূমিকার আরেকটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত করা যায় High Council for Fostering Art and Literature-কে। যেমন, ইসলামি বীমার ওপর হাই কাউন্সিল একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। এর আরবিতে প্রকাশিত বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এর শিরোনাম "ইসলামি ফিক্‌হ সপ্তাহ উদযাপন”, ১৯৬৩, পৃ. ৯২৫ (প্রাগুক্ত)। ইসলামি অর্থনীতিচিন্তা বিকাশের প্রাথমিক পর্যায়ে সরকারের ইতিবাচক ভূমিকার আরও একটি উদাহরণ এটি।
পরিশেষে মুসলিম ওয়ার্ল্ড লীগকেও তালিকাভুক্ত করা চলে ইসলামি অর্থনীতির পৃষ্ঠপোষক carriers হিসেবে। উক্ত লীগের উপস্থাপিত ও সহযোগিতাপ্রাপ্ত কিছু গবেষণাকর্মের উদাহরণ "Economics of Social Structure of Islam", মুহাম্মাদ আবদুল্লাহ আল-আরাবি, সিঙ্গাপুর, ১৯৬৬; "Social Justice in Islam", আহমাদ যাকী ইয়ামানি, সিঙ্গাপুর, ১৯৬৬; এবং "Characteristics of Islamic Economics", মাহমুদ মুহাম্মাদ বাবুলি, মাক্কা, ১৯৬৯ (প্রাগুক্ত)।
ইসলামি অর্থনীতি বিষয়ক গবেষণার প্রধান প্রধান পথিকৃৎ এই প্রতিষ্ঠানগুলো। কিন্তু সত্তরের দশকের শেষাংশ থেকে শুরু করে আরও অনেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চলে আসে দৃশ্যপটে। এদের ছিল উল্লেখযোগ্য আর্থিক সম্পদ ও অভিজ্ঞতা-দক্ষতা। ইসলামি পুনর্জাগরণবাদের ওপর গত অধ্যায়ে এগুলোর উদাহরণ উল্লেখ করা হয়েছে। ইসলামি অর্থনীতির বিকাশে এসকল প্রতিষ্ঠানের প্রভাব ছিল ব্যাপক।।খ

টিকাঃ
১. Inheritance and Legacy in Islam with an Introduction to Inheritance amongst Arabs and the Romans
২. মুসলিম বিশ্বের সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন ও শারয়ি মাননিয়ন্ত্রণের লক্ষ্যে বাহরাইনে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস (AAOIFI)। ইসলামি বিশ্বের খ্যাতনামা ফুকাহা, অর্থনীতিবিদ, ব্যাংকিং এক্সপার্ট ও স্কলারদের সমন্বয়ে গঠিত বিভিন্ন বোর্ডের মাধ্যমে তারা শারিয়া, ইথিকস, গভর্নেন্স, অডিটিং, একাউন্টিং ইত্যাদি বিষয়ে স্ট্যান্ডার্ডস প্রণয়ন করেছেন এবং এই কার্যক্রম এখনো চলমান। তাদের স্ট্যান্ডার্ডগুলো বিশ্বব্যপী স্বীকৃত এবং অনেক মুসলিম দেশে ইসলামি ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নীতিমালা হিসেবে গৃহীত হয়েছে। বিস্তারিত দ্রষ্টব্য, AAOIFI ওয়েবসাইট। - সম্পাদক

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 ধর্মীয় সংস্থাসমূহ

📄 ধর্মীয় সংস্থাসমূহ


এসকল সংস্থার প্রভাব পড়েছে দুইভাবে:
➡ প্রথমত, ইসলামি অর্থনীতির লেখকদের ওপর ধর্মীয় শিক্ষার প্রভাবে তাদের উদ্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়া,
➡ দ্বিতীয়ত, ইসলামের মৌলিক আদর্শে ফিরে যাওয়ার মাধ্যমে মুসলিমদের জীবনে ইসলামি পুনর্জাগরণ সংঘটিত হওয়া।
উল্লেখিত ধর্মীয় সংস্থাগুলো বক্তৃতা, মসজিদভিত্তিক শিক্ষাকার্যক্রম ও জুমুআর খুতবার মাধ্যমে জনগণের মাঝে তাদের প্রভাব বিস্তৃত করে। ছয়দিনের যুদ্ধে সামরিক পর্যুদস্ততায় হতচকিত মুসলিম বিশ্বের কাছে স্পষ্টতর হয়ে ওঠে ইসলামে প্রত্যাবর্তনের আবশ্যকতা। অনেকেই উপলব্ধি করেন যে, এই পরাজয়ের ধর্মীয় কারণ হলো দ্বীনের প্রতি মুসলিমদের পুরোপুরি সংকল্পবদ্ধ না থাকা। ভবিষ্যতে যুদ্ধ বা অন্য কোনো ময়দানে বিজয় লাভ করতে হলে তাদের ধর্মের বিশুদ্ধ বিধানসমূহে ফিরে যেতেই হবে।

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 মুসলিম শিক্ষার্থীসংস্থা

📄 মুসলিম শিক্ষার্থীসংস্থা


মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-গুলোকে (MSA) মনে হতে পারে ছোটখাটো কিছু গোষ্ঠী, যাদের অ্যাকাডেমিক পর্যায়ে অবদান রাখার মতো শক্তি নেই। কিন্তু তারপরও তারা ইসলামি অর্থনীতির ওপর ইসলামি লেখালেখিতে কার্যকর প্রমাণিত হয়েছে। জাতীয় বা আন্তর্জাতিকভাবে কিছু কিছু অ্যাসোসিয়েশান অবদান রেখেছে উল্লেখযোগ্য পরিমাণে। যেমন কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ MSA'র কালচারাল অ্যান্ড রিলিজাস কমিটি একটি কৌতূহল উদ্রেককারী গবেষণা প্রকাশিত করেছে, যার শিরোনাম Property and Ownership in Islam (ইসলামে সম্পদ ও মালিকানা), ১৯৭২ (সিদ্দিকি, ১৯৮০)। প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের একটি সংস্থা ইসলামি অর্থনীতির ওপর গবেষণাপত্র প্রকাশ করছে, এটা খুবই উচ্চমার্গের ধর্মীয় অনুপ্রেরণার উদাহরণ। কারণ এটা তাদের পাঠ্যক্রমের বাইরের বিষয়। এরকম আরেকটি উদাহরণ একই বিশ্ববিদ্যালয়ের আরও একটি সংস্থা, যদিও পড়াশোনার ধারার দিক থেকে তারা অর্থনীতির নিকটবর্তী। সোসাইটি অব ইসলামিক স্টাডিজ, ব্যবসায় অনুষদ, প্রথম ফুয়াদ বিশ্ববিদ্যালয় (কায়রো বিশ্ববিদ্যালয়ের পূর্বতন নাম, যা ১৯৫২ সালের বিপ্লবের পর পরিবর্তিত হয়)। গবেষণাপত্রটির নাম Economics in the Light of Islam (ইসলামের আলোকে অর্থনীতি), পৃ. ১১৪, ১৯৫১ (প্রাগুক্ত)। কায়রো বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যে শুরু থেকেই ইসলামি অর্থনীতির প্রতি আগ্রহ ছিল, এটি তার প্রতিফলন।
যুক্তরাষ্ট্র ও ক্যানাডার মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MSA-যার নাম পরবর্তীকালে পালটে রাখা হয় অ্যাসোসিয়েশান অব মুসলিম সোশ্যাল সায়েন্টিস্টস) এই বিষয়ের ওপর গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে বেশ সরব থেকেছে। তাদের প্রকাশনার একটি তালিকা হলো: মুনজের কাহফ, "A Model of the Household Decision in Islamic Economy", পৃ. ১৯-২৮, ১৯৭৪; "Cotemporary Aspects of Economic and Social Thinking in Islam” (১৯৭৩) একটি বিবরণী, যাতে রয়েছে উচ্চমার্গের বিভিন্ন গবেষণা, যেমন আবদুল হামিদ আহমাদ আবু সুলাইমানের "the Theory of Economics of Islam: the Economics of Tawheed and Brotherhood; Philosophy, Concepts, and Suggestions", (প্রাগুক্ত)।

📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 নিবেদিত প্রকাশনা সংস্থাসমূহ

📄 নিবেদিত প্রকাশনা সংস্থাসমূহ


আধুনিক সময়ে প্রকাশনা সংস্থা ছাড়া অ্যাকাডেমিক কার্যক্রমের বিকাশ ও প্রসার বড়ই কঠিন। ধর্মীয় প্রচারকরা যেমন স্ব-উদ্যোগে নিজেদের কাজ ছড়িয়ে দিতে পারেন, লেখক ও অ্যাকাডেমিকগণ সেটা প্রকাশনা সংস্থার সাহায্য ছাড়া পারেন না। তারা চান তাদের ধ্যানধারণা দূরদূরান্তে ভ্রমণ করুক, তাদের মিশন অব্যাহত থাকুক। এই লক্ষ্যগুলো অর্জনে কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে প্রকাশনা। সাধারণভাবে ইসলাম এবং বিশেষভাবে ইসলামি অর্থনীতির জন্য ইসলামি বিশ্বে রয়েছেন নিবেদিত মুসলিম প্রকাশকবৃন্দ। মূলত ধর্মীয় প্রেরণাসম্বলিত নিবন্ধ ও গবেষণা প্রকাশের কাজটিই করেন তারা। এর ফলে লাভ-ক্ষতি যতটুকুই হোক, তাতে তারা পরোয়া করেন না। কায়রোর দারুল ফিকরি আল-আরাবি, আদ-দারুল আরাবিয়্যা, দারুন নাহদা আল-আরাবিয়্যা, বৈরুতের দারুল কিতাব আল-লুবনানি, এবং লাহোরের শাইখ মুহাম্মাদ আশরাফ এরকম কিছু উদাহরণ। এই প্রকাশনা সংস্থাগুলো ইসলামি অর্থনীতির ওপর লেখালেখির প্রসারে ব্যাপক অবদান রেখেছে।
ইসলামি কিছু জার্নালও বেশ ভূমিকা পালন করেছে, যদিও সেগুলো ইসলামি অর্থনীতির ওপর বিশেষায়িত নয়। এরকম ধর্মীয় জার্নালের কিছু উদাহরণ ইসলামিক রিভিউ (লন্ডন), আল-আযহার (কায়রো), আল-মানার (কায়রো), ক্রাইটেরিওন (করাচি), আন-নাদওয়া (মক্কা), ইসলামিক কালচার (হায়দারাবাদ), ইসলামিক স্টাডিজ (ইসলামাবাদ), ইসলাম অ্যান্ড দ্য মডার্ন এইজ (নয়াদিল্লি), এবং ভয়েজ অব ইসলাম (করাচি)। ইসলামি অধ্যয়নের অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলামি অর্থনীতির জন্য পৃষ্ঠা ও সংখ্যা নিবেদিত করার মাধ্যমে তারা এই বিষয়টির উন্নয়নে সাহায্য করেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00