📄 গ্রন্থকার
আবদুর রহমান আবু যাইদ ইবনু মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ ইবনু খালদুনের জন্ম তিউনিসে। ১৩৩২ খ্রিষ্টাব্দে। ইবনু খালদুনের জীবন ছিল একেবারে বর্ণাঢ্য ও ঘটনাবহুল। এক অভিজাত পরিবারের সন্তান, কাযী, রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সভাসদ, বন্দি, নির্বাসিত এবং আলিম। এই অভিজ্ঞতাগুলো তার চিন্তার মানকে সমৃদ্ধ করে। তৈরি করে আমাদের কাছে সুপরিচিত ইবনু খালদুনকে। এ ব্যাপারে রোজেন্টাল বলেন, "শিক্ষার প্রতি ভালোবাসা এবং বুদ্ধিবৃত্তিক যে পিপাসার জন্য তার বাবা ও দাদা প্রসিদ্ধ ছিলেন, তার সাথে যুক্ত হয় মুর জাতির রক্তে আগুন জ্বালিয়ে রাখা রাজনৈতিক উচ্চাভিলাস। এরই ফলে উৎপন্ন হয় দার্শনিক ও রাষ্ট্রনায়কের এক বিরল সমন্বয়, যা আমরা খুঁজে পাই ইবনু খালদুনের মাঝে" (Rozenthal, 1967)। সমসাময়িক আলিমগণের মতো ইবনু খালদুনের শিক্ষাজীবন শুরু হয় কুরআন, সুন্নাহ, ফিক্হ অধ্যয়ন এবং পরবর্তীকালে আরব তাসাউফ ও অ্যারিস্টটলপন্থি মুর দর্শন অধ্যয়নের মাধ্যমে। তিনি একটি সরকারি পদে নিয়োজিত হন, সুলতানের প্রতি আনুগত্যের প্রশ্নে সন্দেহের শিকার হয়ে কারাগারে নিক্ষিপ্ত হন। ছাড়া পান প্রায় এক বছর পর। তারপর আবারও পরবর্তী সুলতানের অধীনে চাকরিতে নিযুক্ত হন। জীবদ্দশায় তিনি চষে বেড়িয়েছেন তিউনিস, ফেষ, কর্ডোবা, কায়রো (তখন তিনি কায়রোর মালিকি মাযহাব অনুসারী প্রধান বিচারপতি নিযুক্ত হন), দামিশক এবং হজের জন্য মক্কা। শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতায় সমৃদ্ধ জীবনের সাথে আরও যুক্ত হয় একটি ব্যক্তিগত শোক। তার পুরো পরিবার উত্তর আফ্রিকা থেকে মিশরে তার কাছে আসার সময় জাহাজ-ডুবিতে নিহত হয়। ইবনু খালদুনের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে ১৪০৬ সালে। কায়রোর বাইরে সুফি কবরস্থানে সমাহিত করা হয় তাকে।