📄 উৎপাদনের ব্যয় ও মূল্য
ব্যবসায়িক সচেতনতার কারণে আদ-দিমাশকি দেখান যে, পণ্যের মূল্য তিনটি প্রধান নিয়ামকের ওপর নির্ভর করে: উৎপাদনের ব্যয়, সংশ্লিষ্ট শ্রমের পরিমাণ, এবং পণ্যের চাহিদা। সংশ্লিষ্ট শ্রমের পরিমাণের উদাহরণ হিসেবে তিনি পান্নার কথা তুলে আনেন। এর সাথে যুক্ত কর্মের পরিমাণ এবং প্রয়োজনীয় দক্ষতার মাত্রার ভিত্তিতে এর মূল্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়। “সংশ্লিষ্ট কারিগরি দক্ষতার ভিত্তিতে পান্নার দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে”, বলেন তিনি (পৃ ৩৬)। আদ-দিমাশকি ব্যয় ও উৎকর্ষের মাত্রার ব্যাপারে সচেতন তো বটেই, পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য ব্যয়ের সাথে সাথে পরিবহন খরচ ও শুল্ক মাশুলকেও বিবেচনায় নিয়েছেন তিনি। এ যেন এক হিসাববিদের পাক্কা হিসেব (পৃ ৭৪)। পণ্যের দামের ওপর চাহিদার অবস্থার প্রভাব সম্পর্কেও জানা আছে তার। ব্যবসায়ীদের দেওয়া তার একটি উপদেশ থেকে এই ব্যাপারটি আঁচ করা যায়। যে পণ্যের চাহিদা নেমে গেছে, সেটি কিনতে তাদের তিনি মানা করেছেন (পৃ ৮১)। আরও নির্দিষ্ট করে বললে, “পণ্যের প্রাচুর্যের কারণে এর দাম বাড়ে না। চাহিদার তুলনায় জোগানের ঘাটতির কারণে দাম বাড়ে” (পৃ ৭০)।
📄 চাহিদা, জোগান ও দাম
চাহিদা, জোগান ও দামের মধ্যকার সম্পর্ক আদ-দিমাশকি বেশ ভালোভাবে বোঝেন বলে প্রতীয়মান হয়। এই সম্পর্কটি বোঝাতে গিয়ে তিনি দেখিয়েছেন “প্রাকৃতিক, আসমানি বা জাগতিক কারণে পরিবহণে বাধা, সরবরাহে বিলম্ব, চাহিদা বৃদ্ধি, বা পরিমাণে ঘাটতির ফলাফল হিসেবে কোনো পণ্যের দাম বাড়তে পারে” (পৃ ২৮-২৯)।
তা ছাড়া লক্ষণীয় হলো, আদ-দিমাশকি মূল্যবৃদ্ধিকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন এবং সেগুলোকে বর্ণনা করেছেন ভিন্ন ভিন্ন পরিভাষা দিয়ে। তার দৃষ্টিতে সূচনাবিন্দু যেটা, সেটাকে বিশেষজ্ঞদের ভাষায় বলা যায় গড় মূল্য। এটি নির্ধারিত হবে পণ্যের প্রকার, বাজারের অবস্থা, অঞ্চল এবং সে অঞ্চলের ব্যবসার সংস্কৃতির ভিত্তিতে। তিনি বলেন, “এই গড় মূল্যের চেয়ে দাম বাড়লে সেটাকে বৃদ্ধির পরিমাণের ভিত্তিতে বিভিন্ন পরিভাষায় নামকরণ করা যায়।” এই বৃদ্ধিকে তিনি পাঁচটি ক্রমবর্ধমান পর্যায়ে বিভক্ত করেন: সরণ, বিক্রি, উন্নতি, ব্যয়বহুল বৃদ্ধি, এবং মাত্রাতিরিক্ত বৃদ্ধি। বিপরীত দিকের পরিবর্তনকেও একইভাবে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়েছে, “শান্ত” থেকে শুরু করে “পতন” পর্যন্ত যার সংখ্যা ছয়টি। মূল্যের হ্রাসবৃদ্ধিকে এভাবে শ্রেণিভুক্ত করা থেকে আদ-দিমাশকির চিন্তার অগ্রগামিতা আঁচ করা যায়। অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে তার উদ্যোক্তাসুলভ সচেতনতাও লক্ষণীয়।
📄 মূল্যায়ন
অঞ্চল ও দেশভেদে একই পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য উল্লেখের মাধ্যমে আদ-দিমাশকি মূল্যবৈষম্যের বিষয়টি তুলে ধরেন। তার মতে, “পণ্যের মূল্য নির্ধারণ এবং বিশেষজ্ঞরা কোনটিকে গড়মূল্য ধরবেন, তা এলাকাভেদে বিভিন্ন রকম হতে পারে। ভারতে একটি জিনিসের যে দাম, মরক্কোয় তার চেয়ে ভিন্ন হতে পারে। আবার তা ইয়েমেনে হতে পারে আরেক রকম। এর কারণ হলো উপকরণের উৎসের সাথে নৈকট্য এবং পণ্যটি উৎপাদনে প্রয়োজনীয় কারিগরি দক্ষতার পরিমাণ”। “একদর সূত্র” সত্ত্বেও পশ্চিমা লেখালেখিতে মূল্যবৈষম্যের ব্যাপারটিকে মূল্যসাম্যকে বাধাগ্রস্তকারী একটি নিয়ামক হিসেবে স্বীকার করা হয়। আদ-দিমাশকি কি তাহলে আধুনিক চিন্তার আগام আভাস দিয়ে গেছেন? হতে পারে।
লেখক বাজারে পণ্যের চাহিদা নিরীক্ষণ করে দেখেন। এই মর্মে মূল্যবৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদা বৃদ্ধির অবস্থাকে স্বীকৃতি দেন তিনি। বিলাসবহুল বা মর্যাদাবর্ধক পণ্যগুলো নির্দিষ্ট এক শ্রেণির ভোক্তারা ব্যবহার করেন, যেগুলোর উপযোগ শারীরবৃত্তিক বা বুদ্ধিবৃত্তিক নয়। অধিক মাত্রায় সচ্ছল ক্রেতাগণের কাছে এগুলোর চাহিদা ব্যাপক। সেগুলোর দাম যত বাড়ে, চাহিদাও তত বাড়ে। সাধারণত এসব পণ্য কেনার প্রধান তাড়না হলো সামাজিক গর্ব বা লোক-দেখানো। তাই এই পণ্যগুলোর চাহিদা-মূল্য সম্পর্ক সাধারণ নীতির ব্যতিক্রম। এর বিপরীতটিও সত্য। দাম কমার সাথে সাথে চাহিদাসম্পন্ন পরিমাণ কমেও আসতে পারে। এ ব্যাপারে আদ-দিমাশকি বলেন, "রাজা ও সুলতানদের কাছে দামি রত্নপাথরের চাহিদা থাকতে পারে সেগুলোর অতিরিক্ত দামের কারণে। লোক-দেখানোর উদ্দেশ্যে অন্যদের কাছেও থাকতে পারে এগুলোর চাহিদা".
📄 মুনাফা সস্তিকরণ ও ব্যবসায়িক লক্ষ্য
ব্যবসার লক্ষ্য হিসেবে আদ-দিমাশকি যা উল্লেখ করেছেন, তা মুনাফা সর্বাধিককরণের বদলে বরং মুনাফা সন্তুষ্টিকরণ (Profit satisfaction)। ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হবে সহনশীলতা ও দয়াশীলতার ভিত্তিতে। এ দুটি গুণ জীবিকা উপার্জনের এবং ব্যবসায়িক উন্নতির প্রধান প্রধান নিয়ামক। আদ-দিমাশকির মতে, "এমনটা ভাববেন না— ‘ইশ! ওই ক্রেতা এত সহজে দাম মেনে নিয়েছে, আরেকটু বেশি হাঁকানো যেত!’ কারণ এতে ক্রেতারা অন্যত্র চলে যাবে।”
ব্যবসার ওপর সহনশীলতার প্রভাবকে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করে আদ-দিমাশকি বলেন, “এক দিনার মুনাফা করলে তার অর্ধেকটাই উৎপাদিত হয় সহনশীলতা ও দয়াশীলতা থেকে"। তা ছাড়া ক্রেতা ও ব্যবসার প্রতি সততা ও নিরপেক্ষতা হলো ব্যবসা পরিচালনার মৌলিক নীতি। সারমর্ম হলো, “আর্থিক সুবিধা লাভ করতে গিয়ে চরমপন্থা অবলম্বন করার ফলে পণ্যের সংকট দেখা দিতে পারে। মুনাফা সর্বাধিকীকরণের অতিরিক্ত প্রচেষ্টার ফলাফল হলো মুনাফা হারানো” (পৃ ৬৬)।
তার মানে গাযালির বিপরীতে আদ-দিমাশকি সম্পদশালীতার পক্ষে। আদ-দিমাশকি সুফি-চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বলেন, দরিদ্র হওয়ার চেয়ে ধনী হওয়া উত্তম। দুটি যুক্তি দেওয়া হয় এর পক্ষে:
➡ প্রথমত, ধনী যদি উত্তরাধিকার সম্পদের কারণে ধনী হয়, তাহলে এর দ্বারা তার পরিবারের আর্থিক সচ্ছলতার প্রমাণ পাওয়া যায়। ফলে তার বংশীয় ধারার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হয়।
➡ দ্বিতীয়ত, যদি নিজের পরিশ্রম করার কারণে ধনী হয়ে থাকে, তাহলে পরিশ্রম করাটা তার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সে দারুণ উদ্যমী এবং নিজের ও পরিবারের অবস্থা উন্নয়নে প্রচণ্ড তাড়নার অধিকারী। তা ছাড়া, নিজের কঠোর পরিশ্রম এবং ভালোভাবে ব্যবসা সামলানোর কারণে যারা বড়লোক হয়েছে, এগুলো তাদের উঁচু মানের মননশীলতারও প্রমাণ।
সুফিগণ এই ধারণার সাথে প্রবলভাবে দ্বিমত করেন। তাদের মতে, একজন মানুষ নিজের এবং তার প্রতি নির্ভরশীলদের চাহিদা মেটানোর মতো উপার্জন করলেই সেটা যথেষ্ট। এর বাইরের পুরোটা সময় ইবাদতে কাটাতে হবে।