📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 লেখক

📄 লেখক


আবু হামিদ মুহাম্মাদ গাযালি সাধারণত ইমাম গাযালি নামে প্রসিদ্ধ। তিনি ৪৫০ হিজরি তথা ১০৫৮ খ্রিষ্টাব্দে পারস্যের খুরাসানের তাউস জেলার তাবেরান গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই ৫০৫ হিজরি/১১১১ খ্রিষ্টাব্দে মারা যান। বলা হয়ে থাকে, নিজের মৃত্যুর দিনে তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন। এরপর নিজের কাফনের কাপড় আনিয়ে নেন এবং তা নিজের চোখ পর্যন্ত তুলে বলেন, 'অনুগত অবস্থায় মহান রাজার দরবারে প্রবেশ করছি'। কথাটি বলে তিনি পা লম্বা করে শুয়ে পড়েন এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খুবই তরুণ বয়সে তিনি তুর্কি শাসক কর্তৃক বাগদাদের নিযামিয়্যা বিদ্যাপীঠে প্রভাষক হিসেবে নিয়োগ পান। সেখানে ইহুদি খ্রিষ্টান-সহ নানা ধর্মের ও গোষ্ঠীর মানুষদের সাথে তিনি মেশেন। নিয়োগের পর তিনি শাফিয়ি মাযহাব চর্চার চেয়ে সুফিবাদের দিকে বেশি ঝোঁকেন। বাগদাদের লোভনীয় পদ ছেড়ে দেন, সুফি পোশাক পরিধান করেন এবং দামেশক, জেরুসালেম, মক্কা ও মদীনার মাঝে স্থানান্তরিত হতে থাকেন। অন্যান্য ধর্মের মানুষের সাথে মেলামেশা তার লেখালেখিকে প্রভাবিত করেছে বলে প্রতীয়মান হয়। ইহইয়া গ্রন্থে তিনি নবি-এর বাণী এবং কুরআনের উদ্ধৃতির পাশাপাশি অন্যদের, যেমন ঈসা-এর উক্তিও উল্লেখ করেছেন। আবার "বর্ণিত আছে, জনৈক জ্ঞানী ব্যক্তি বলেছেন” কথাটিও এসেছে তার লেখায়।
তার রেখে যাওয়া বইয়ের সংখ্যা বিশাল। এগুলোর বিষয়বস্তু প্রধানত ধর্মতত্ত্ব, ফিক্‌হ, যুক্তিবিদ্যা, দর্শন, আকিদা এবং তাফসির। আমাদের আলোচ্য ইহইয়া উলুমুদ্দীন গাযালির প্রসিদ্ধ কর্ম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00