📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 আরব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন

📄 আরব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন


আব্বাসি সাম্রাজ্যের উত্তর ও উত্তর-পূর্বদিকে রয়েছে আরও একটি স্বাধীন রাষ্ট্র। এটি ধর্মীয়-রাজনৈতিক চেতনাতাড়িত এবং অন্য একটি রাজবংশের শাসনাধীন রাষ্ট্র, যা অর্ধশতাব্দীকাল টিকে ছিল। এই শিয়া হামদানি' রাষ্ট্র প্রথম প্রতিষ্ঠিত হয় উত্তর মেসোপটেমিয়াতে। এর রাজধানী ছিল মসুল বা আল-মাওসিল (৯২৯-৯৯১)। হামদানিরা ৯৪৪ সালে তাদের সীমানা বিস্তৃত করে উত্তর সিরিয়া পর্যন্ত। মিশরে প্রভাবশালী ইখশিদিদের' থেকে এই অঞ্চলটি নিয়ে নেওয়ার পর তারা তাদের সাথে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় চলে আসে। অন্যান্য রাষ্ট্রের বিপরীতে হামদানিরা ছিল আরব জনগোষ্ঠী। জাতির দিক থেকে তাগলিব গোত্রের বংশধর এবং ধর্মীয় দিক থেকে শিয়া। এ অর্থে হামদানিগণ দ্বিতীয় স্বাধীন শিয়া রাষ্ট্র, যা ফাতিমিদের আগে কিন্তু উত্তর আফ্রিকার ইদ্রিসিদের' পরে আবির্ভূত হয়। তারা ১০০৩ সাল পর্যন্ত টিকে থাকার পর ফাতিমি খিলাফতের কাছে আত্মসমর্পণ করে। ফাতিমিরা ততদিনে ৯৬৯ সালেই ইখশিদিদের একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি সম্ভবত উত্তরের ছোট হামদানি রাজবংশ এবং দক্ষিণের উদীয়মান খিলাফতের মধ্যে একটি শিয়া রাজনৈতিক একীভূতকরণ।
হামদানি রাজদরবারের বুদ্ধিবৃত্তিক জীবন ছিল খুবই সমৃদ্ধ। অনারব রাষ্ট্রগুলোর বিপরীতে তারা শিক্ষা কার্যক্রমকে দারুণভাবে উৎসাহিত করেন। নামকরা এক প্রাজ্ঞমহলের মনোযোগ আকর্ষণ করতে পারা নিয়ে গর্ব করতেন তারা। সাইফুদ্দৌলা (রাষ্ট্রের তরবারি, ৯৪৪-৯৬৭) নিজেই একজন কবি হওয়ার পাশাপাশি শিক্ষার প্রতি পৃষ্ঠপোষকতার কারণে ইতিহাসে প্রসিদ্ধ। প্রাজ্ঞমহলে ছিলেন সুবিখ্যাত দার্শনিক ও সঙ্গীতজ্ঞ আল-ফারাবি। ছিলেন সাহিত্য ও সঙ্গীতের প্রথিতযশা ইতিহাসবিদ আল-আসফাহানি, যার বিখ্যাততম পাণ্ডুলিপি আল-আগানি আজও এই বিষয়ের সবচেয়ে খ্যাতনামা বই। বাগ্মী রাজপ্রচারক ইবনু নাবাতার ছন্দবদ্ধ গদ্যের খুতবায় শ্রোতারা উদ্দীপ্ত হয়ে উঠত বাইজেন্টাইনদের বিরুদ্ধে জিহাদের জন্য। আর কবিগুরু আল-মুতানাব্বি ছিলেন শব্দঝংকার, সুচারু অলংকার, সুললিত রচনাশৈলী ও বুদ্ধিদীপ্ত রূপকের মিশেলে গঠিত আরবি ভাষার বিখ্যাত কবি (Hitti, 1963)। তালিকায় আরও আছেন কবি-দার্শনিক আবুল আলা আল-মাআররি (৯৭৩-১০৫৭), যিনি ইসলামে সামাজিক অবক্ষয় এবং রাজনৈতিক নৈরাজ্যের এক যুগে সন্দেহবাদী নৈরাশ্যপ্রবণ অনুভূতি মাথাচাড়া দিয়ে ওঠার ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছেন (প্রাগুক্ত)।

টিকাঃ
[১] বনু হামদান ছিল জাফরি শিয়া গোষ্ঠী। তাদের নেতা নাসিরুদ্দৌলা মসুলে এই রাজ্য প্রতিষ্ঠা করেন। সিরিয়া ও তুরস্কের কিছু অংশ জুড়ে তাদের সাম্রাজ্য ছিল। - সম্পাদক
[২] ইখশিদিরা মিশর ও লেভান্টে আব্বাসি খলিফার গভর্নর হিসেবে শাসন করতেন। তারা তুর্কি মামলুক গোত্রের অন্তর্ভুক্ত। তাদের শাসনকাল ছিল ৯৩৫ থেকে ৯৬৯। তারা ফাতিমিদের হাতে পরাজিত হয়ে শাসনক্ষমতা হারান। - সম্পাদক
[৩] তারা ছিলেন যাইদি শিয়া সম্প্রদায়। প্রতিষ্ঠাতা ইদরিস বিন আবদুল্লাহর দিকে সম্বন্ধ করে আদারিসাহ বা ইদ্রিসি নামে তারা প্রসিদ্ধ। তারা বর্তমান মরক্কো ও আলজেরিয়ার একাংশ শাসন করেন। -সম্পাদক

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00