📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 গ্রন্থ পর্যালোচনা

📄 গ্রন্থ পর্যালোচনা


আবু ইউসুফের কিতাবুল খারাজের তিনগুণ কলেবরের গ্রন্থ ইমাম আবু উবাইদের কিতাবুল আমওয়াল। বইটির এমন তিনটি অনন্য গুণ রয়েছে, যা খারাজ সংক্রান্ত আগের বইগুলোতে ছিল না।
➡ প্রথমত, এটি নির্দিষ্ট এক ধরনের সম্পদের ওপরই মনোনিবেশ করে ক্ষান্ত হয় না। বরং এতে সব ধরনের সম্পদই অন্তর্ভুক্ত, যা উৎপাদিত হতে পারে কৃষি, বাণিজ্য, বা অন্য কোনো উৎস থেকে। যেমন, এটি বাণিজ্য ও কৃষি থেকে উৎপাদিত সম্পদ এবং এর ওপর আরোপিত করের নিয়মকানুন নিয়ে বিশদ আলোচনা করেছে। এ অর্থে এটি আগের কাজগুলোর তুলনায় বিশদ আকারে ম্যাক্রো ও মাইক্রো অর্থনীতির সংমিশ্রণ ঘটিয়েছে।
➡ দ্বিতীয়ত, অন্যগুলোর তুলনায় এর নথিভুক্তি বেশ ভালো মানের। নবি -এর কথা ও কাজের স্পষ্ট বর্ণনাসূত্র বা ইসনাদ উল্লেখ করেই ক্ষান্ত হননি লেখক। সেইসাথে প্রতিনিধি ও শত্রু-নেতাদের উদ্দেশ্যে নবি ও খলিফাগণের লেখা চিঠিও রয়েছে। আরও আছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তির বিশ্লেষণ—আর এ সবগুলোই খুব ভালোরকম প্রামাণ্য। এ অর্থে আবু উবাইদ অতীতের চর্চিত কাজকর্মের দলিলভিত্তিক প্রমাণ উল্লেখের পেছনে অনেক সময় ব্যয় করেছেন। এর মাধ্যমে হয়তো উদ্দেশ্য ছিল বর্তমানের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান। এমন না যে, আগেকার লেখকগণ এসব দলিলের ব্যাপারে অবহিত ছিলেন না। কিন্তু আবু উবাইদের কৃতিত্ব হলো একই বইয়ের মধ্যে সেসব দলিলের সুবিন্যস্ত উল্লেখ অন্তর্ভুক্তকরণ। তবে প্রত্যেক লেখকের উদ্দেশ্যই উত্তম।
➡ তৃতীয়ত, আলোচিত বিষয়ের ওপর আরও অধিকসংখ্যক মতামতের সন্নিবেশ ঘটেছে এই বইতে। এটি হয়তো সম্ভব হয়েছে আবু উবাইদের কাজটি অন্যান্য কাজের পরে আবির্ভূত হওয়ার কারণে। ইমাম আবু ইউসুফের সময়ের সাথে তার ফারাক প্রায় ত্রিশ বা চল্লিশ বছরের। ততদিনে নিশ্চয় মতামতের বৈচিত্র্য আরও প্রশস্ত ও বিকশিত হয়েছে এবং ফিক্‌হি মাযহাবগুলোর ভিন্নতাও আরও বৃদ্ধি পেয়েছে।
ওপরের তিনটি বিষয়ের সাথে মনে হয় আরও একটি বিষয় সংযুক্ত করা চলে। বইটি যদিও রাষ্ট্রের অর্থায়নের ব্যাপারে দিকনির্দেশনা দিতে সক্ষম, তবে এর মূল আবেদন সাধারণ পাঠকদের জন্যও আছে। এখানে মুসলিম ও অমুসলিমদের দেখিয়ে দেওয়া হয়েছে যে, তাদের দায়িত্ব, অধিকার ও অঙ্গীকার কী কী হওয়া উচিত। এটি কিতাবুল খারাজে উদ্দেশ্য ছিল না। এটি যেমন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের আর্থিক অধিকার আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ধার্মিক হিসেবে বিবেচিত হওয়ার জন্য আসমানি বিধান অনুসরণের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। তা ছাড়া আইনজীবী, উকিল, বা মামলার বিভিন্ন পক্ষের জন্য এ বইটি একটি মূল্যবান আইনি পাঠ্য। এতে উভয় পক্ষের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন ও আইন উপযুক্ত পদ্ধতিতে উল্লেখিত।
আবু উবাইদের কিতাবুল আমওয়াল জন-অর্থায়নের একটি নির্দেশিকা। প্রচলিত চর্চার খুঁটিনাটি এখানে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেইসাথে দলিলও উল্লেখিত হয়েছে। কীসের ওপর কর আরোপ হবে বা হবে না, কার ওপর কর প্রযোজ্য বা প্রযোজ্য নয়, কর আরোপিত হওয়ার জন্য বিবেচ্য নিয়ামকসমূহ, এবং প্রাপ্ত আয়কে বিভিন্ন খাতে কিভাবে ব্যয় করতে হবে—এসব ব্যাপারে বইটি রাষ্ট্রীয় কর্মচারীদের অনেক সময় বাঁচিয়ে দেবে। সার্বিকভাবে বইটি থেকে বোঝা যায়, অর্থায়নের ব্যাপারে আবু উবাইদের চিন্তাপদ্ধতি দারুণ উপকারী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00