📘 ইসলামি অর্থব্যবস্থার ইতিহাস > 📄 খারাজ সংক্রান্ত গ্রন্থাদি

📄 খারাজ সংক্রান্ত গ্রন্থাদি


ইসলামি করব্যবস্থা নিয়ে নিজের গবেষণাকর্মে বেন শেমেশ (Ben Shemesh) খারাজ সংক্রান্ত বেশ কয়েকটি বইয়ের সূত্র দিয়েছেন, যেগুলো মোটামুটি অষ্টম শতাব্দীতে রচিত। তবে এর মাঝে টিকে আছে শুধু নিচে উল্লেখিত বই তিনটি।
➡ এক. ইমাম আবু ইউসুফের “কিতাবুল খারাজ”। আব্বাসিদের শক্তিশালী খলিফা হারুনুর রশীদের (৭৮৬-৮০৯) জামানায় এবং সাংস্কৃতিক রেনেসাঁসের সময়ে ফকিহ আবু ইউসুফকে (৭৩১-৭৯৮) কর সংগ্রহ বিষয়ে একটি বিস্তারিত গ্রন্থ রচনার অনুরোধ করেন খলিফা। হানাফি ইমাম আবু ইউসুফ সেই অনুরোধের জবাবে “আল-খারাজ” গ্রন্থটি রচনা করেন, যা এই বিষয়ের ওপর প্রথম বিস্তারিত কর্ম।
➡ দুই, ইয়াহইয়া ইবনু আদামের “কিতাবুল খারাজ”। ইয়াহইয়া ইবনু আদম আল-কুরাশি (৭৫৭-৮১৮) খারাজের ওপর নবি -এর বাণী ও কর্ম তুলে ধরার উদ্দেশ্যে একটি গ্রন্থ সংকলন করেন। বইটিতে বিভিন্ন আলিমের উদ্ধৃতিও রয়েছে। ইয়াহইয়া নিজের মতামতও উল্লেখ করেছেন অল্প পরিমাণে। কিন্তু আবু ইউসুফের তুলনায় তা খুবই সীমিত। কলেবরের দিক থেকে এটি আবু ইউসুফের কিতাবের অর্ধেক বা তারও কম। অতটা বিস্তারিত বা বৈচিত্র্যময়ও নয়। কিন্তু স্থাবর সম্পত্তি সম্পর্কিত কিছু মৌলিক আইন এই গ্রন্থে রয়েছে, যা আধুনিক যুগেও অনেক মুসলিম দেশে কার্যকর (Ben Shemesh, 1967)।
লক্ষণীয় হলো, কর-সংক্রান্ত সংকলনের মাঝেও তিনি পুরো একটি সেকশন রেখেছেন ব্যবসা, কৃষি ও খেজুর চাষের ফযিলতের ব্যাপারে। এইসব অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়াকে উৎসাহ দিতে গিয়ে তিনি কুরআন ও সুন্নাহর উদ্ধৃতি টেনেছেন। অবশ্য এই তিনটির মাঝে কোনোটিকেই বিশেষ প্রাধান্য দেননি। এই ব্যাপারটির একটি প্রাসঙ্গিকতা আছে। কিছু হাদীসের ভিত্তিতে কতিপয় মুসলিম ধারণা করে যে, অন্যান্য সকল পেশার চেয়ে ব্যবসার মর্যাদা অনেক বেশি, আর কৃষিকাজ সবচেয়ে নিন্দনীয়। কিন্তু ইয়াহইয়ার উদ্ধৃত করা আয়াত ও হাদীস থেকে এই সকল কর্মের পছন্দনীয়তা সম্পর্কে জানা যায়। আলোচ্য বিষয়ে এই গ্রন্থটি দ্বিতীয় বৃহত্তম।
➡ তিন. কুদামা ইবনু জাফর-এর "কিতাবুল খারাজ"। আবুল ফারাজ কুদামা ইবনু জাফর আল-কাতিব (৮৬৪-৯৩২) প্রণীত গ্রন্থটি আলোচ্য যুগের বইগুলোর মধ্যে টিকে থাকা তৃতীয়টি। যদিও তিনি পূর্বসূরিদের আলোচিত বিষয়গুলোর বাইরে নতুন কিছু আলোচনা করেননি, কিন্তু কয়েকটি বিষয় মাথায় রেখে কুদামার গ্রন্থকে বিবেচনা করা চাই: (ক) বইটি লিখার সময় সকল ফিকহি মাযহাব ভালোমতো প্রতিষ্ঠিত ও পরিপক্ক হয়ে ওঠে, যেটা তার আগে কখনো ঘটেনি, (খ) ততদিনে হাদীস সংকলনের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে, (গ) ইমাম আবু ইউসুফ -এর সুপরিচিত রচনাটি প্রকাশিত হওয়ার পর প্রায় দেড়শ বছর পেরিয়ে গেছে। তাই নতুন এই গ্রন্থ নিশ্চয়ই নতুন কোনো সংযোজন হিসেবে কাজ করে থাকবে, এবং (ঘ) কুদামা -এর জীবদ্দশায় ইসলামি রাষ্ট্রের উত্থানের গতি বিপরীতমুখী হতে শুরু করেছে। আল-মুকতাফির (৯০২-৯০৮) খিলাফতের অবনতির মাধ্যমে এর সূচনাটা হয়। নতুন একটি গ্রন্থ রচিত হওয়াটা ছিল সময়ের দাবি।
কলেবর, গভীরতা, বৈচিত্র্য, ও বিস্তার বিবেচনায় শুধু ইমাম আবু ইউসুফ -এর রচনাকর্মটি নিয়ে আলাদা পর্যবেক্ষণ করা চলে। অনুরূপ ও তুলনামূলক বিশেষায়িত বাকি দুটি কর্ম এখানে আলোচিত হচ্ছে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00