📄 রাষ্ট্রীয় প্রশাসনের আরবিকরণ
রাষ্ট্রীয় প্রশাসনের আরবিকরণের কৃতিত্ব দেওয়া হয় উমাইয়্যা খলিফা আবদুল মালিক (৬৮৫-৭০৫) এবং তার ছেলে আল-ওয়ালিদকে (৭০৫-৭১৫) (আত-তাবারি)। প্রক্রিয়াটি ছিল দুটি জিনিসের সমন্বয়: বিভিন্ন নথির ভাষা গ্রিক ও পারসিক থেকে আরবিতে পরিবর্তন, এবং আরব রাষ্ট্রীয় কর্মকর্তাদের একটি কাঠামো সৃষ্টি করা। রাষ্ট্রীয় নথির ভাষা পরিবর্তনের ফলে:
(ক) রাষ্ট্র প্রশাসনের আরবীয় চরিত্র জোরদার হয়,
(খ) রাষ্ট্রীয় নথি ব্যবস্থাপনায় অমুসলিম বা অনারব মুসলিমদের ওপর নির্ভরশীলতা কমে আসে বা নির্মূল হয়,
(গ) অনারব মুসলিমদের মাঝে আরবি ভাষার প্রসার ঘটে,
(ঘ) আরবি লেখনী ও চারুলিপির বিকাশ ঘটে, এবং
(ঙ) প্রশাসনিক পদসমূহ আরব ও আরবিভাষী মুসলিমদের কাছে হস্তান্তরিত হয়।
খলিফা আবদুল মালিক এবং তার পরে আল-ওয়ালিদ বইপুস্তক গ্রিক ও পারস্য থেকে আরবি ভাষায় রূপান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। এই পরিবর্তন ইরাকে ৬৯৭ সালে, সিরিয়া ও মিশরে ৭০০ সালে এবং তার কিছুকাল পরেই খুরাসানে বাস্তবায়িত হয় (Lapidus, 2002)। রাষ্ট্রীয় কর্মকর্তারাও ছিলেন এই আরবিকরণ উদ্যোগের উদ্দেশ্য। আরব রাষ্ট্রের প্রথমদিকে প্রশাসনিক দায়িত্বগুলো পালন করতেন গ্রিক ও পারস্য-ভাষী কর্মকর্তাগণ। বিগত সাম্রাজ্যের সময়কাল থেকে এই দায়িত্বে থাকায় নতুন সরকারের সময়েও তারাই বহাল ছিলেন। কিন্তু ৭০০ সালের মধ্যে আরবিভাষী কর্মকর্তাদের এক নতুন প্রজন্ম ক্ষমতায় আসে। তাদের ওয়ারিশরাই দশম শতাব্দী পর্যন্ত আরব-মুসলিম সাম্রাজ্যের সাংগঠনিক মেরুদণ্ড হিসেবে কাজ করেন (প্রাগুক্ত)।
📄 মুদ্রাব্যবস্থা সংস্কার
মুদ্রাব্যবস্থা পরিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নিজেদের রাজনৈতিক স্বনির্ভরতার ব্যাপারে রাষ্ট্রীয় প্রধানদের ক্রমাগত উপলব্ধি এবং নিজ রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা প্রদর্শনের একটি মাধ্যমের প্রয়োজনীয়তা বোধ করার ফলেই সবসময় এই পরিবর্তনগুলো আসে। অবশ্য এরকম উপলব্ধি অর্জনের পেছনে অনেকগুলো নিয়ামক কাজ করে থাকে। নবি ﷺ-এর জীবদ্দশায় তাঁর মনোযোগ ছিল একটি ধর্মীয়-রাজনৈতিক পতাকার অধীনে সমগ্র আরবের একত্রীকরণ এবং পার্শ্ববর্তী বাইজেন্টাইন ও রোমান সীমানায় এই রাষ্ট্রের সম্প্রসারণ। প্রাথমিক ইসলামি রাষ্ট্র তখনো নিজস্ব মুদ্রা প্রয়োজন হওয়ার মতো আকার বা জটিলতা লাভ করেনি। তা ছাড়া তখন তাদের মুদ্রা পারস্য ও বাইজেন্টাইন ভূমিতে কার্যকর হওয়ার মতো পরিস্থিতিও হয়নি। খলিফা উমরের সময়ে রাষ্ট্রের সম্প্রসারণের পর তিনি মুদ্রা পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন প্রচলিত মুদ্রার ওপর আরবি ও কুরআনীয় লিপি অঙ্কনের মাধ্যমে। আরব মুদ্রা আবির্ভূত হতে শুরু করে উমাইয়্যা শাসনামলে (আত-তাবারি)। উমাইয়্যা খলিফা আবদুল মালিক হলেন সেই প্রথম ব্যক্তি, যিনি ৬৯৫ সালে আরবি স্বর্ণ দিনার ও রৌপ্য দিরহামের সূচনা করেন (প্রাগুক্ত)। এটি রাষ্ট্র প্রশাসনের বৃহত্তর আরবিকরণ প্রক্রিয়ারই একটি অংশ।
আবদুল মালিকের সময়কালীন মুদ্রাগত পরিবর্তন বা সংস্কারটি ছিল উমাইয়্যা খলিফার হাতে একটি সুদৃঢ় রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার একটি প্রতিফলন। এর রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ধরনের ফলাফলই ছিল। এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হলো (Hitti, 1963):
➡ ক) নিজস্ব স্বাধীন মুদ্রার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতিফলন ঘটানো।
➡ খ) পারস্যে পারসিক মুদ্রা এবং সিরিয়া ও মিশরে রোমান মুদ্রার মাধ্যমে কর সংগ্রহ না করে একটি একক মুদ্রার মাধ্যমে সব কর আদায় করা।
➡ গ) অর্থ-বিনিময়কারীদের প্রয়োজনীয়তার ওপর আরও জোর দেওয়া। কারণ চলমান মুদ্রাব্যবস্থার সাথে নতুন মুদ্রার তুলনামূলক মূল্য তারাই সবচেয়ে ভালো বুঝবেন। এবং
➡ ঘ) বিভিন্ন আর্থিক সরঞ্জামের প্রসার। যেমন "রুকআ”, অর্থ পরিশোধের একধরনের আদেশপত্র; "সাক্”, ব্যাংকারের কাছ থেকে গৃহীত মুদ্রার স্মারক, যার সাথে গ্রহীতার হিসাব রয়েছে, এবং এখান থেকেই ইউরোপীয় ভাষায় “চেক” শব্দটি আসে; এবং “হাওয়ালাহ”, এক ধরনের বিনিময়-বিল, যার মাধ্যমে ঋণী তার ঋণকে মূল ঋণকারীর কাছে অথবা মূল ঋণদাতাকে অর্থ পরিশোধ করতে পারে, এমন কারও কাছে হস্তান্তরিত করে, (Goitein, 1967)। নিয়ে তা আলোচিত হবে।
📄 ইসলামি নগরায়ন
নবি -এর হিজরতের পর মদীনায় মসজিদে নববির স্থাপনাকে ইসলামি নগরায়ণের প্রথম চিহ্ন বলা চলে। মসজিদটি শুধু ইবাদতের স্থানই ছিল না, সেইসাথে ছিল একটি শিক্ষাকেন্দ্র এবং যুদ্ধ ও শান্তি সর্বাবস্থায় আলোচনার উদ্দেশ্যে মুসলিমদের সমাবেশস্থল। তা ছাড়া ইসলামে মসজিদ আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র হয়ে ওঠে, তা হলো বণ্টনের আগ পর্যন্ত যুদ্ধলব্ধ সম্পদের সংগ্রহশালা হিসেবে। ইসলাম এবং ইহুদি-খ্রিষ্টান ধর্মদ্বয়ের মধ্যে পার্থক্য যেরকম, মসজিদের সাথে মন্দির-চার্চের পার্থক্যটাও ঠিক সেরকমই-ইসলাম যেখানে একটি ধর্মীয়-রাজনৈতিক ব্যবস্থাও, ইহুদি ও খ্রিষ্টান ধর্ম সেখানে শুধুই ধর্মীয়। মসজিদ তাই মুসলিম নগরীর প্রাণকেন্দ্র, যাকে একটি ভিত্তি হিসেবে ধরে নগরটি প্রতিষ্ঠিত হয়। অন্য ভিত্তিগুলো হলো বাজার এবং পরবর্তী যুগে সরকারি দপ্তর তথা 'দারুল খিলাফাত'। ইসলামি বিজয়াভিযানের ফলে নতুন নগর স্থাপনের প্রাথমিক প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রথমটি স্থাপিত হয় খলিফা উমর -এর শাসনামলে।
উমর ভাবলেন, সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা নগর নির্মাণ করলে তা সেনাবাহিনী ও সাধারণ জনগণ উভয়ের মাঝে শৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে। তাই সেনাদল ও তাদের পরিবারবর্গের আবাসনের জন্য খলিফা উমর বিশেষ নগর নির্মাণের আদেশ দেন (আত-তাবারি)। এসব শহরের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুফা, যা নির্মিত হয় ফুরাত নদীর ধারে আল-হিরার কাছে। আরেকটি নগর বসরা, যা কৌশলগতভাবে পারস্য উপসাগরের একদম মাথায় নির্মাণ করা হয়েছে মদীনার কেন্দ্রীয় সরকারের সাথে সহজ যোগাযোগের জন্য। তৃতীয় আরেকটি নগর ফুস্তাত, এটি মিশরে নীল বদ্বীপের নিচে প্রতিষ্ঠিত। উমরের এই উদ্যোগকে তার পরবর্তী খলিফাগণও অনুসরণ করেন। উমাইয়্যা শাসনামলে ইরাকে প্রতিষ্ঠিত হল মাউসিল ও ওয়াসিত। উত্তর আফ্রিকায় কাইরাওয়ান (তিউনিসিয়া) স্থাপিত হয়, যাতে উত্তর আফ্রিকান উপকূলে ইসলামি সম্প্রসারণের জন্য সামরিক কেন্দ্র হিসেবে কাজ করতে পারে এটি। তবে ইরানের মতো অন্যান্য এলাকায় মুসলিমরা শহর ও নগরগুলোর প্রান্তেই বসতি স্থাপন করে (প্রাগুক্ত)।
আব্বাসি শাসনামলে ৭৬২ সালে এমন এক শহর প্রতিষ্ঠার জন্য ভিত্তি স্থাপন করা হয়, যা পরবর্তী শতাব্দীগুলোতে ইতিহাসের এক অনন্য স্থান দখল করে রাখবে, তা হলো বাগদাদ। আব্বাসিদের রাজধানী হিসেবে বাছাইকৃত এই শহরটি তিনটি নদীপথ ও দুটি স্থলপথের সংযোগস্থলে অবস্থিত। তাই আব্বাসি খলিফা আল-মানসুরের ভাষ্যমতে এই শহরটি ছিল "এক অসাধারণ সামরিক ঘাঁটি।” তা ছাড়া "এখানে আছে দজলা নদী, যা আমাদের চীন পর্যন্ত ভূমির সাথে সংযুক্ত করে। সাগর যা কিছুর জন্ম দেয়, সেই সবকিছুকে আমাদের কাছে নিয়ে আসে। সাথে আসে মেসোপটেমিয়া, আরমেনিয়া ও তার আশপাশের খাদ্যসামগ্রী। সিরিয়া, আর-রাক্কা এবং এর সংলগ্ন ভূমিগুলোর যা কিছু দেবার আছে, সেগুলো নিয়ে আসার জন্য আরও রয়েছে ফুরাত নদী” (আত-তাবারি, Hitti, 1963)। নবম শতাব্দীর মাঝামাঝি সময়ে "শান্তির নগর” বাগদাদের আকৃতি হয়ে যায় তৎকালীন রোম ও কন্সটান্টিনোপলের মিলিত আকারের সমান। আর উনবিংশ শতাব্দীর শেষদিকের প্যারিসের সমান (Hitti, 1963)।
নতুন নতুন শহরের প্রতিষ্ঠার ফলে সেগুলোর ভেতরে ও আশপাশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সৈনিকদের খাওয়া-পরা আছে, আরও আছে অস্ত্র উৎপাদনের প্রয়োজনীয়তা। কৃষি, বাণিজ্য ও শিল্পকে উৎসাহিত করার চেষ্টা করা হয়। কুফার চারপাশের কুয়া থেকে পানি নিয়ে চাষাবাদের ব্যবস্থা করা হয়। পুনরুদ্ধার করা হয় বসরার পূর্বদিকের লোনাপানি-প্লাবিত উপকূলীয় তৃণভূমি। ইরানে সেচব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়। এর ফলে কৃষিব্যবস্থা উন্নত হয়, বাণিজ্য বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আসে (Lapidus, 1988)। তা ছাড়া, এই প্রবৃদ্ধির ফলে নানারকম শিল্পদক্ষতা ও গুণসম্পন্ন অনারবরা আকৃষ্ট হয় এখানে এসে বসতি স্থাপনের জন্য। এর ফলে আরব ও অনারব অধিবাসীদের সমন্বয় ঘটে এবং নগরের জনসমাজ আরও বহুজাতিক ধাঁচের একটি কাঠামো লাভ করে। তা ছাড়া বসতি স্থাপনের ফলে বেদুইন হয়ে ওঠে তুলনামূলক থিতু একজন মানুষ। যেমন, বসরা হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রাজধানী, পোশাক উৎপাদনের কেন্দ্র এবং ইরান, ভারত, চীন ও আরবের সাথে সংযুক্ত একটি বাণিজ্যিক নগরী। আরব অভিবাসীরা হয়ে যায় বণিক, ব্যবসায়ী ও কারিগর (Lapidus, 1988)।