📄 সুন্নাহতে উল্লেখ
এখানেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আসল ধারকৃত পরিমাণের ওপর ঋণগ্রহীতার দেওয়া যে-কোনো পরিমাণ অতিরিক্ত সম্পদই রিবা। নবি বলেছেন, "জাহিলি যুগের সমস্ত সুদ বাতিল করা হলো। তোমরা তোমাদের মূলধন সংগ্রহ করবে। তোমরা অত্যাচার করবে না, অত্যাচারিতও হবে না।” (সুনানু আবি দাউদ: ৩৩০১)।
ওপরের আলোচনা থেকে উপসংহারে আসা যায়, রিবা বর্তমান যুগের প্রচলিত সুদেরই নাম। আশা করি এতে করে এই ব্যাপারটিকে ঘিরে থাকা ধোঁয়াশা কেটে যাবে।
এই বিতর্কের কারণ হিসেবে কয়েকটি বিষয়কে উল্লেখ করা যায়:
➡ ১. নিষিদ্ধকরণের তৃতীয় পর্যায়ে কুরআনের ব্যবহৃত "বহুগুণ বৃদ্ধি" কথাটি। কিন্তু চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের নিষেধাজ্ঞার মাধ্যমে সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া ঋণের কুরআনি সংজ্ঞা হলো 'মূলধন', যার অতিরিক্ত যে-কোনো পরিমাণ সম্পদই রিবায় পরিণত হয়। তা ছাড়া "বহুগুণ বৃদ্ধি" কথাটির আরেকটি ব্যাখ্যা আছে। রিবা তথা সুদের হার যা-ই হোক না কেন, বছরের পর বছর পরিক্রমায় এতে মূলধনের ওপর বৃদ্ধির পরিমাণ 'চড়া' আকারের-ই হয়ে ওঠে। দীর্ঘমেয়াদে এমনটাই হয় সুদের ফল।
➡ ২. খ্রিস্টান লেখকদের প্রভাব, বিশেষত ক্যালভিনের। তিনি চক্রবৃদ্ধি ও সরল সুদের মাঝে পার্থক্য করেছেন এবং সরল সুদকে হালাল বলতে চেয়েছেন। এভাবে যে, প্রথমটি বৈধ নয়, কারণ এতে সুদের হার "চড়া” হয়ে থাকে; কিন্তু দ্বিতীয়টির হার "যৌক্তিক" হওয়ার কারণে তা বৈধ (Tawney, 1980)। তার এই মতবাদের কারণে পরবর্তী লেখকদের চিন্তাপদ্ধতি প্রভাবিত হয়ে থাকতে পারে।
➡ ৩. মুসলিম লেখকদের পারিপার্শ্বিক রাজনৈতিক আবহাওয়ার প্রভাব। রাজনৈতিক কর্তৃপক্ষ হয়তো কিছু অনৈসলামিক আর্থিক নীতিমালা সমর্থন করে। প্রতিকূল পরিস্থিতির কারণে কিছু লেখকের মাঝে সেগুলোর পক্ষে সাফাই গাওয়ার প্রবণতা তৈরি হয়। মধ্যযুগ থেকে মুসলিম সরকারগুলো যখন থেকে অবক্ষয়ের শিকার হতে থাকে, সে সময়ে এটি দেখা দেয়। এরপর বর্তমান সময়ে এসে আধুনিকায়নের নামে অর্থনীতির পশ্চিমাকরণের সরকারি পদক্ষেপের ফলে ব্যাপারটি আরও প্রকট হয়ে ওঠে।
➡ ৪. ইহুদি ও খ্রিস্টান ধর্মে সুদের নিষিদ্ধতার ভিন্নতর ব্যাখ্যা। এই ব্যাপারে ইহুদিবাদ ও খ্রিষ্টবাদের শিক্ষা ইসলামি শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বটে। কিন্তু ইসলামি শরীয়তের কথা হচ্ছে, সুদ শুধু 'দুজন ইসরাঈলি'র মধ্যেই নিষিদ্ধ নয়। বরং ইসরাঈলি ও অ-ইসরাঈলির মাঝেও নিষিদ্ধ (সূরা বাকারা, ২: ২৭৫- ২৭৯)। নিউ টেস্টামেন্টে সরাসরি উল্লেখ না থাকলেও খ্রিষ্টানধর্মে সুদ নিষিদ্ধ ছিল। প্রাথমিক যুগের খ্রিষ্টান আইনবিদগণ এর বিরুদ্ধে ছিলেন। তাদের মত ছিল, যে ব্যক্তি গোঁয়ার্তুমি করে সুদকে পাপ নয় বলে দাবি করবে, তাকে ধর্মদ্রোহী হিসেবে শাস্তি দিতে হবে (উদাহরণস্বরূপ দ্রষ্টব্য: Tawney, 1980)। মার্টিন লুথারও অনবরত সুদের নিন্দা করে গেছেন। ক্যালভিন হলেন প্রথম খ্রিষ্টান লেখক, যিনি সুদকে বৈধ হিসেবে গ্রহণ করেন। ক্যালভিনের মতে, নির্ধারিত একটি পরিমাণ ছাড়িয়ে না গেলে, সুদ আইনসিদ্ধ। আর দরিদ্রদের ক্ষেত্রে কোনো সুদই নেওয়া যাবে না। মুসলিমদের মতে, ক্যালভিনের এই শিক্ষাকে নাকচ করে দিয়েছে প্রাথমিক যুগের খ্রিষ্টান আইনবিদদের শিক্ষা। উল্লেখ্য যে, মুসলিমরা (অবিকৃত) ইহুদিবাদ ও খ্রিষ্টবাদকে আল্লাহর নাযিলকৃত ধর্ম হিসেবে বিশ্বাস করে, যা ইসলাম আগমনের সাথে সাথে রহিত হয়ে গেছে।