📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 গোনাহে কবীরার জন্য তওবা জরুরী

📄 গোনাহে কবীরার জন্য তওবা জরুরী


কবীরা গোনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে আল্লাহ পাক স্বীয় করুণা বলে তওবা ব্যতিরেকে যদি কাউকে মাফ করে দেন, সেটা রুখবে কে? কিন্তু নিয়ম ও পদ্ধতি এই যে, গোনাহে কবীরা তওবা ছাড়া মাফ হয় না। উক্ত বাণীতে হযরত থানভী রহ. যে বলেছেন, 'আ'মালে সালেহা' বা 'তওবা' দ্বারা গোনাহ মাফ হয়ে যায়- এর মর্ম এই যে, আ'মালে সালেহা দ্বারা সগীরা গোনাহ, আর তওবা দ্বারা কবীরা গোনাহ মাফ হয়ে যায়।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 'বান্দার হক' এবং 'আল্লাহর কিছু হক' শুধু তওবা দ্বারা মাফ হয় না

📄 'বান্দার হক' এবং 'আল্লাহর কিছু হক' শুধু তওবা দ্বারা মাফ হয় না


তিনি আরো বলেন, কিন্তু 'আ'মালে সালেহা' বা 'তওবা' দ্বারা 'অন্যের হক' মাফ হয় না। 'অন্যের হক' দ্বারা উদ্দেশ্য 'বান্দার হক' আর 'আল্লাহর এমন কিছু হক' যা পুরা করা সম্ভব। যেমন কোনো সুস্থ ব্যক্তির নামায ছুটে গেলো। এ নামায কাযা করা সম্ভব। সুতরাং নামায মাফ হবে না। কিংবা যাকাত ওয়াজিব হয়েছে অথচ যাকাত আদায় করা হয়নি, তাহলে যাকাত মাফ হবে না। হজ্ব ওয়াজিব হয়েছিলো, আদায় করা হয়নি, তা মাফ হবে না। রোযা ওয়াজিব হয়েছিলো, আদায় করা হয়নি- তাও মাফ হবে না। মোটকথা, আল্লাহ তা'আলার যে সব হক পুরা করা সম্ভব তা তওবা দ্বারা মাফ হবে না। আর বান্দার হক বান্দা ক্ষমা করা ছাড়া কিংবা হক পুরা করা ছাড়া মাফ হবে না।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 অতীতের আদায়যোগ্য সব হক আদায় শুরু করে দাও

📄 অতীতের আদায়যোগ্য সব হক আদায় শুরু করে দাও


হযরত থানভী রহ. বলেন, মানুষ তওবা করার পর যদি মনে করে যে, ব্যস, আমার উদ্দেশ্য লাভ হয়েছে, আমাকে আর কিছু করতে হবে না- এটা হবে নিছক ভুল ধারণা ও আত্মপ্রবঞ্চনা। তওবা করার পর বরং দেখতে হবে আমার জিম্মায় আল্লাহর কিংবা বান্দার কী কী হক রয়েছে। তওবা করার পর সে সমস্ত হক পরিশোধ করতে আরম্ভ করো। যার পদ্ধতি তওবার বয়ান শুরু করতে গিয়ে আরয করেছিলাম যে, একটা খাতা বানাবে, ওই খাতায় লেখবে- আমার জিম্মায় অমুকের অমুকের পাওনা আছে। এ পরিমাণ নামায অনাদায়ী আছে। এ পরিমাণ রোযা ও যাকাত অনাদায়ী আছে। অমুকে এতো ঋণ পাবে। আজ থেকে আমি সে সব পরিশোধ করতে আরম্ভ করেছি। সমপূর্ণ পরিশোধ করার পূর্বেই যদি আমি মারা যাই তাহলে আমার পরিত্যক্ত সম্পত্তি থেকে ওই ইবাদতের ফিদ্‌ইয়া ও ঋণ আদায় করে দিতে হবে।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 সব হক মেটানোর পূর্বেই মৃত্যু এসে গেলে

📄 সব হক মেটানোর পূর্বেই মৃত্যু এসে গেলে


যদি এ লোক নামায আদায় শুরু করে দেয়, রোযা-যাকাত আদায় শুরু করে দেয়, মানুষের প্রাপ্য অধিকারসমূহ শোধ করতে থাকে, তার সম্পর্কে থানভী রহ. বলেন, এই প্রচেষ্টাকালীন লোকটা যদি মারা যায়, অর্থাৎ, সব ইবাদতের কাযা আদায় করা এবং সব হক পরিশোধ করার পূর্বেই যদি লোকটা মারা যায়, তাহলে আল্লাহর রহমতের উপর আশা রেখে বলা যায়- তিনি একে মাফ করে দেবেন। মাফ করার পদ্ধতি এই হবে যে, যে সব লোকের অধিকার তার জিম্মায় ছিলো ওই সব বান্দাকে বলে দেবেন যে, ও আমার বান্দা। ওর দায়িত্বে থাকা হকসমূহ আদায় করা শুরু করেছিলো। চেষ্টার কোনো কমতি করেনি, কিন্তু ওর হায়াত ফুরিয়ে গিয়েছিলো, যদ্দরুন সব হক আদায় করতে পারেনি। তবে যেহেতু নিষ্ঠার সাথে আদায় শুরু করেছিলো এজন্যে আরো বড়ো অনুদান দিয়ে তোমাদের রাজী-খুশি করে দিচ্ছি। সুতরাং তাকে তোমরা মাফ করে দাও।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00