📄 মিথ্যা কল্পনার ভিত্তিতে অপবাদ দেওয়া
লন্ডনের লোকেরা বলেছে- এখানে যে বোমা বিস্ফোরণ হয়েছে তাতে এমন এক ব্যক্তি জড়িত রয়েছে, যে সেখানের মাদরাসায় কিছুদিন অবস্থান করেছিলো। আরে ভাই! সে ব্যক্তি সেখানেই বড়ো হয়েছে, সেখানেই বৃটেনের কোনো মাদরাসাতে নয়, বরং মডার্ণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছে। একথা যদি মেনেও নেওয়া হয় যে, সে কয়েক দিনের জন্যে পাকিস্তান এসেছিলো। পাকিস্তান আসার দ্বারাই কি এটা আবশ্যক হয়ে যায় যে, সে ধর্মীয় প্রতিষ্ঠানে অবশ্যই শিক্ষা লাভ করেছে এবং সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণ লাভ করেছে। এর ভিত্তিতে কাল্পনিকভাবে অপরাধী সাব্যস্ত করে তার ভিত্তিতে রাজ-হুকুম জারী করা হয়েছে যে, যতো বিদেশী ছাত্র মাদরাসায় পড়ে তাদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়া হোক।
📄 প্রথমে সংবাদ যাচাই করুন
আমার ভাইগণ! এটা আমাদের সমাজের এমন একটা সমস্যা যে, জনসাধারণ হোক বা সরকার, রাজনৈতিক পার্টি হোক বা ধর্মীয় দল, সবাই এর মধ্যে আক্রান্ত যে, কানে কোনো উড়ো কথা পড়লেই তা কেবল বিশ্বাসই করে না, বরং তা প্রচার করে এবং তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে সীমাহীন জুলুম-অত্যাচার করা হয়েছে। অথচ কুরআনে কারীম এ আয়াতে এই পয়গাম দিয়েছে যে, হে ঈমানদারগণ! তোমাদের নিকট কোনো দায়িত্বহীন ব্যক্তি কোনো খবর নিয়ে এলে প্রথমে তা যাচাই করো। এমন যেন না হয় যে, অজ্ঞতাবশত তোমরা মানুষের ক্ষতি করলে। ফলে তোমাদেরকে লজ্জিত ও অনুতপ্ত হতে হলো। আমরা যদি কুরআনে কারীমের এই হুকুম মোতাবেক চলি এবং জীবনের প্রত্যেক শাখায় একে ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজের নব্বই শতাংশ বিবাদ মিটে যাবে।
আল্লাহ তা'আলা নিজ দয়ায় আমাদেরকে কুরআনে কারীমের এ হেদায়েতকে বোঝার এবং সে অনুপাতে আমল করার তাওফীক দান করুন। আমীন।