📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 দেয়ালের উপর শাহতীর রাখার অনুমতি

📄 দেয়ালের উপর শাহতীর রাখার অনুমতি


মোটকথা, তোমার দেয়ালের সঙ্গে যাদের দেয়াল মিলিত আছে, তারা হলো প্রথম প্রকারের প্রতিবেশী। দ্বিতীয় প্রকারের প্রতিবেশী তারা, যারা একটু দূরে আছে, তারপরেও নিকটে। এই উভয় প্রকারের প্রতিবেশীর হক রয়েছে।
এক হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার প্রতিবেশী যদি তোমার দেয়ালের উপর তার শাহতীর রাখতে চায় তাহলে তাকে নিষেধ করবে না। হযরত আবু হুরায়রা রাযি. এই হাদীস মানুষদেরকে শুনাচ্ছিলেন। হাদীস শুনে মানুষ খুব বিস্মিত হলো যে, দেয়াল আমার, আমার মালিকানাধীন, এমতাবস্থায় এটা কি আমার উপর ফরয যে, তার উপর প্রতিবেশীর শাহতীর রাখতে আমি নিষেধ করবো না? তাদের বিস্ময় দেখে হযরত আবু হুরায়রা রাযি. বললেন, আল্লাহর কসম! এটা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তোমাদের যতোই খারাপ লাগুক না কেন আমি তো এ বাণীকে তোমাদের কাঁধের মাঝে নিক্ষেপ করে ছাড়বো।
উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে এ বাণী শোনাবোই। অথচ নিজের দেয়ালের উপর প্রতিবেশীর শাহতীর রাখার অনুমতি দেওয়া ফরয ও ওয়াজিব নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমাকে এ কাজ করতে হবে।

টিকাঃ
৪ সহীহ বুখারী, হাদীস নং ২২৮৩, সহীহ মুসলিম, হাদীস নং ৩০১৯, সুনানে তিরমিযী, হাদীস নং ১২৭৩, সুনানে আবু দাউদ, হাদীস নং ৩১৫০

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 প্রতিবেশীর হকের মধ্যে অমুসলিমও অন্তর্ভুক্ত

📄 প্রতিবেশীর হকের মধ্যে অমুসলিমও অন্তর্ভুক্ত


আরেকটি বিষয় বুঝুন যে, প্রতিবেশীর হকের ক্ষেত্রে মুসলিম ও অমুসলিম সকলে সমান। অর্থাৎ, প্রতিবেশী হওয়ার দিক থেকে সকলে সমান। আপনার যদি কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, তাহলে তার সঙ্গে সদাচরণ করা আপনার দায়িত্বে। কতক সময় এই ভুল বুঝাবুঝি হয় যে, সে তো কাফের। তার সঙ্গে কেন সদাচরণ করবো? এ কথা ঠিক নয়। কারণ, প্রতিবেশী হওয়ার সুবাদে তার সঙ্গে সদাচরণ করা আপনার জন্যে সওয়াব ও পুরস্কারের কারণ। প্রতিবেশী হওয়ার ভিত্তিতে আপনি যদি তার সঙ্গে সদাচরণ করেন, তাকে হাদিয়া-তোহফা দেন, তাকে সাহায্য-সহযোগিতা করেন, তাহলে এসব কিছু আল্লাহ তা'আলার সন্তুষ্টির কারণ হবে। আর হতে পারে আপনার সদাচরণের ফলে আল্লাহ তা'আলা তার অন্তরে ঈমান ঢেলে দিবেন। কতো অমুসলিমকে মুসলমানদের প্রতিবেশী হওয়ার ফলে আল্লাহ তা'আলা ঈমানের তাওফীক দান করেছেন। তাই প্রতিবেশী মুসলমান হোক বা অমুসলিম, গরিব হোক বা ধনী, নেককার হোক বা বদকার, তারা বদকারীর কারণে প্রতিবেশী হওয়ার হক থেকে বঞ্চিত হবে না। হ্যাঁ, সুযোগ মতো উপযুক্ত সময়ে তাকে নেক কাজের শিক্ষা দিন।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 অল্প সময়ে সঙ্গী

📄 অল্প সময়ে সঙ্গী


প্রতিবেশীর তৃতীয় প্রকার হলো- الصَّاحِبُ بِالْجَنْبِ। অর্থাৎ, অল্প সময়ের সঙ্গী। যেমন বাসে, জাহাজে, রেলগাড়িতে আপনার পার্শ্ববর্তী সীটে উপবিষ্ট ব্যক্তি الصَّاحِبُ بِالْجَنْبِ । কোনো মজলিসে, মসজিদে, শ্রেণিকক্ষে, সভা-সমাবেশে আপনার পাশে উপবেসনকারী ব্যক্তি الصَّاحِبُ بِالْجُنُب । আমরা নিজেদের উপরে জরিপ চালিয়ে দেখি যে, ইসলামী শিক্ষা থেকে আমরা কতো দূরে চলে গিয়েছি। রেলগাড়ি এবং জাহাজে সফর করার সময় সর্বত্র আপনি স্বার্থপরতার ঝোঁক দেখতে পাবেন। আমি ভালো জায়গা পাই, অন্যে পাক চাই না পাক। আমার আরাম মিলুক, অন্যের মিলুক বা না মিলুক। এই মেজাজ ব্যাপক আকার ধারণ করেছে। কুরআনে কারীম বলে যে, যে ব্যক্তি الصَّاحِبُ بِالْجَنْبِ, সে তোমার সঙ্গী। যদিও অল্প সময়ের সঙ্গী। ঐ সাথীরও তোমার উপর হক রয়েছে।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 পশ্চিমাদের একটি ভালো গুণ

📄 পশ্চিমাদের একটি ভালো গুণ


আমরা পশ্চিমাদেরকে খুব গাল-মন্দ করে থাকি এবং তারা এর উপযুক্তও। কিন্তু তাদের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা তারা মুসলমানদের মতো বাস্তবায়ন করেছে। এ দুনিয়া আমলের জায়গা। উপকরণের ভিত্তিতে চলে। যে ব্যক্তি কোনো উপকরণ অবলম্বন করবে, আল্লাহ তা'আলা তাকে দুনিয়াতে তার ভালো ফল দান করবেন। পশ্চিমাদের একটি মেজাজ হলো, কোনো এক কাজের জন্যে তিন ব্যক্তি কোথাও একত্রিত হলে সাথে সাথে তারা সারিবদ্ধ হয়ে যাবে। যেমন টিকিট ক্রয় করতে হলে, বাস, রেল বা জাহাজে আরোহণ করতে হলে লাইন ধরে আরোহণ করবে। তিন ব্যক্তি একত্রিত হলে নিজেরাই লাইন বানিয়ে নিবে। একে অপরের আগে যাওয়ার চেষ্টা করবে না। এটা সেখানকার সাধারণ নিয়ম। এরই ফল যে, এ বিষয়ে তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। ধাক্কা-ধাক্কি হয় না। ঠেলা-গুতা হয় না। সব কাজ আরামে হয়ে যায়। পুরো জাতির এই মেজাজ হয়ে গিয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00