📄 প্রতিবেশীর সঙ্গে সদাচরণ
তৃতীয় বাক্য এই ইরশাদ করেন,
وَأَحْسِنُ إِلَى جَارِكَ تَكُنْ مُسْلِمًا
'নিজের প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, তাহলে তুমি মুসলমান হতে পারবে।'
এই বাক্যের মাধ্যমে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে, মুসলমান হওয়ার আলামত যেন এই যে, সে তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবে। কোনো ব্যক্তি যদি মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ না করে তাহলে বাস্তবে সে মুসলমান নয়। এজন্যে তিনি বলেছেন, নিজের প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ করো তাহলে মুসলমান হতে পারবে। এ বাক্যে এতো ওজনী শব্দে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণের তাকিদ করেছেন! কুরআন ও হাদীস প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর সঙ্গে সদাচরণের তাকিদ দ্বারা পরিপূর্ণ।
📄 জিবরাঈল আলাইহিস সালামের অব্যাহত তাকীদ করা
অপর এক হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাঈল আলাইহিস সালাম এসে প্রতিবেশীর হকের ব্যাপারে অব্যাহতভাবে আমাকে তাকিদ করতে থাকেন, এমনকি আমার ধারণা হয় যে, হয়তো এমন কোনো বিধান আসবে যে, প্রতিবেশীও ওয়ারিসদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।'
অর্থাৎ, কেউ মরে গেলে তার পরিত্যক্ত সম্পদ আত্মীয়-স্বজনের মধ্যে যেমন বণ্টন হয়, হয়তো এমন কোনো হুকুম আসবে যে, এখন প্রতিবেশীকেও পরিত্যক্ত সম্পদে অংশ দিতে হবে।
টিকাঃ
২. সহীহ বুখারী, হাদীস নং ৫৫৫৫, সহীহ মুসলিম, হাদীস নং ৪৭৫৬, সুনানে তিরমিযী, হাদীস নং ১৮৬৫, সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৪৮৪, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৬৬৩, মুসনাদে আহমাদ, হাদীস নং ৫৩২০
📄 প্রতিবেশী তিন প্রকার
কুরআনে কারীম প্রতিবেশী তিন প্রকার বলেছে। الْجَارِ ذِي الْقُرْبي . الْجَارِ الْجُنُبِ . الصَّاحِبُ بِالْجَنْبِ .
এই তিন প্রকারের প্রতিবেশীরই হক আদায় করা এবং তাদের সঙ্গে সদাচরণ করার তাকিদ এসেছে। প্রথম প্রকার হলো, الْجَارِ ذِي الْقُرْنِي অর্থাৎ ঐ প্রতিবেশী, যার ঘরের দেয়াল আপনার ঘরের দেয়ালের সঙ্গে মিলিত। দ্বিতীয় প্রকার الْجَارِ الْجُنْبِ। অর্থাৎ, ঐ প্রতিবেশী, যার দেয়াল সংযুক্ত তো নয় কিছুটা দূরত্ব রয়েছে তারপরেও সে একেবারে নিকটবর্তী। উভয় শব্দ পৃথকভাবে এনে কুরআনে কারীম বলে দিয়েছে যে, এরূপ মনে করবে না যে, তোমার প্রতিবেশী শুধু সেই, যার দেয়ালের সঙ্গে তোমার দেয়াল মিলিত আছে। বরং কিছুটা দূরে তবে প্রায় একই জায়গায় বসবাসকারী, শুধু পথ আর দেয়াল পৃথক, সেও তোমার প্রতিবেশী। তার প্রতিও লক্ষ রাখো।
টিকাঃ
৩. নিসাঃ ৩৬
📄 অল্প সময়ের সঙ্গী
প্রতিবেশীর তৃতীয় প্রকার এই বর্ণনা করেছে যে, الصَّاحِبُ بِالْجُنْبِ। আমি এর অর্থ করে থাকি- ক্ষণিকের সঙ্গী। এর উদ্দেশ্য এই যে, আপনি কোনো বাহনে- যেমন বাসে- সফর করছেন। আপনার পাশের সীটে একজন এসে বসলো। তাকে اَلصَّاحِبُ بِالْجَنْبِ বলা হবে। আপনি রেল গাড়িতে বা বিমানে সফর করছেন। পাশ্ববর্তী সীটে অপর একজন বসেছে, সে ا الصَّاحِبُ بِالْجَنْبِ অথচ ঐ ব্যক্তি অপরিচিত, ইতিপূর্বে কখনো তাকে দেখেননি, তার সাথে সাক্ষাত হয়নি এবং ভবিষ্যতেও তার সঙ্গে দেখা হওয়ার আশা নেই, কিন্তু যেহেতু সে অল্প সময়ের জন্যে আপনার সঙ্গী হয়েছে, কুরআনে কারীম বলে যে, তারও হক রয়েছে। তার সঙ্গে সদাচরণ করো। অথবা আপনি কোথাও লাইন ধরেছেন। ঐ লাইনে আপনার সামনে আরেকজন লোক দাঁড়ানো। আপনার পিছনে অন্য একজন দাঁড়ানো। এই দুই ব্যক্তি আপনার صَّاحِبُ। انان। এদেরও হক রয়েছে। এদের সঙ্গেও সদাচরণের নির্দেশ রয়েছে।