📄 দুই রকমের মাপ বানিয়ে রেখেছি
যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর সামনে জবাব দেওয়ার চিন্তা থাকে, যারা একথা জানে যে, অধিকার আদায়ের পূর্বে দায়িত্ব পরিশোধের চিন্তা করা উচিত, তাদের চিন্তা-চেতনা এমনই হয়ে থাকে। আজ সারা দুনিয়ায় এজন্যে স্বামী-স্ত্রীর বিবাদ হচ্ছে যে, আমি দুই ধরনের মাপ বানিয়ে রেখেছি। আমি যদি অন্যকে কর্মচারী বানিয়ে রাখি, তখন যে কোনোভাবে তার চামড়া তুলে নিতে চাই। তার পারিশ্রমিক কম দিতে চাই। আর যদি নিজে কর্মচারী হই, তখন অধিক থেকে অধিক পারিশ্রমিক পেতে চাই, অথচ কাজ করতে চাই সবচেয়ে কম। একারণে এসব ঝগড়া-বিবাদ হচ্ছে। যদি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর উপর আমল করা হয় যে, তুমি যদি কর্মচারী হও তাহলে একথা চিন্তা করো যে, অন্যে যদি আমার কর্মচারী হতো তাহলে আমি তার থেকে কি চাইতাম? আর যদি তুমি অন্য কাউকে কর্মচারী বানিয়ে থাকো তাহলে চিন্তা করো যে, আমি কর্মচারী হলে মালিকের কাছে কী চাইতাম, তা পরিশোধ করো।
📄 স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক
এমনিভাবে স্বামী-স্ত্রীর ঝগড়া। সেখানেও দুই ধরনের মাপেরই অধিক দখল রয়েছে। সেখানও এই হাদীসের উপর আমল করা জরুরী যে, তাদের জন্যেও তাই পছন্দ করো, যা নিজের জন্যে পছন্দ করো। তুমি যদি স্বামী হয়ে থাকো তাহলে লক্ষ করো যে, আমি স্ত্রীর নিকট থেকে কী ধরনের আচরণের আশা রাখি, তার কোন্ কাজ দ্বারা আমার কষ্ট হয় এবং তার কোন কাজ দ্বারা আমার আরাম হয়। তারপর তুমিও নিজের স্ত্রীর সঙ্গে এমন আচরণ করো, যা তাকে আরাম দিবে, কষ্ট দিবে না। আর যদি তুমি স্ত্রী হয়ে থাকো, তাহলে দেখো যে, আমার স্বামীর কোন্ কাজ ও কোন্ আচরণ দ্বারা আমি কষ্ট পাই এবং কোন্ কাজ ও কোন্ আচরণ দ্বারা আরাম পাই। তারপর স্ত্রী তার স্বামীর সঙ্গে এমন আচরণ করবে, যা তাকে আরাম পৌঁছাবে।
📄 বৌ-শাশুড়ির ঝগড়ার কারণ
বৌ-শাশুড়ির ঝগড়া-বিবাদে আমাদের পুরো সমাজ ভরা। অসংখ্য পরিবার এই অশান্তির শিকার। এসব কেন হচ্ছে? কারণ, এই হাদীসের উপর আমল হচ্ছে না। যতোদিন পর্যন্ত শাশুড়ি সাহেবা বৌ ছিলেন, ততোদিন পর্যন্ত তিনি তার শাশুড়ির নিকট কেমন আচরণের প্রত্যাশা রাখতেন, আর এখন যখন নিজে শাশুড়ি হয়েছেন, তার বৌয়ের সঙ্গে কেমন আচরণ করছেন? এরা দুই ধরনের মাপ বানিয়ে রেখেছেন। নিজের জন্যে এক মাপ, আর অন্যের জন্যে আরেক মাপ। যদি এক মাপ হতো তাহলে সব ঝগড়া শেষ হয়ে যেতো।
📄 এ পদ্ধতিকে বিলুপ্ত করো
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা বলেন, وَيْلٌ لِلْمُطَفِّفِينَ * الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ . وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ
আক্ষেপ সে সব লোকের জন্যে, যারা নিজেদের অধিকার গ্রহণের সময় পুরোপুরি গ্রহণ করে, কোনো কমতি রাখে না, আর যখন অন্যকে দেওয়ার সময় হয় তখন কম দেয়।
যাই হোক, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীস দ্বারা এমন মাপকাঠি বলে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের সামাজিক কর্মকান্ডের জরিপ চালিয়ে দেখতে পারি যে, আমাদের দ্বারা কোথায় কোথায় ভুল হচ্ছে। যেখানে যেখানে ভুল হচ্ছে তা ঠিক করে নাও। তাহলে আল্লাহ তা'আলা এর এমন বরকত দান করবেন যে, আমাদের দ্বীন-দুনিয়া ঠিক হয়ে যাবে।
টিকাঃ
২. মুতাফফিফীন: ১-৩