📄 অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা
এসব বিষয়কে আমরা আমাদের দ্বীন থেকে বের করে দিয়েছি। আজকাল শুধু ইবাদত ও নামায-রোযার নাম দ্বীন মনে করেছি। এর বাইরে যেসব মুআমালা আছে সেগুলোকে আমরা দ্বীন থেকে বের করে দিয়েছি। যেমন অন্য কারো বাড়িতে পূর্ব অবগতি ছাড়া খানা খাওয়ার সময় যাওয়া দ্বীনের খেলাফ। যেমন বর্তমানে হয়ে থাকে যে, পীর ছাহেব তার মুরীদান বাহিনী নিয়ে কোনো মুরীদের উপর ঝাঁপিয়ে পড়লো। পীর ছাহেব মনে করছেন যে, এতো আমার মুরীদ। তাই সর্বাবস্থায় আমার আদর-যত্ন তাকে করতেই হবে। এটা আমি স্বচক্ষে দেখা ঘটনা বলছি। এখন মুরীদ বেচারা পেরেশান যে, উপস্থিত মুহূর্তে আমি কি ব্যবস্থা করবো? এতো বড়ো বাহিনী এসেছে, এর জন্যে কোথেকে আদর-আপ্যায়নের ব্যবস্থা করবো? আপনারা লক্ষ করুন! নামাযও হচ্ছে, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, যিকির-আযকার সব ইবাদত হচ্ছে, পীর ছাহেব হয়ে বসে আছে। কিন্তু পূর্ব অবগতি ছাড়া মুরীদের বাড়িতে চলে গেলো। মনে রাখবেন! এটা এ হাদীসের অন্তর্ভুক্ত, যার মধ্যে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
لَا يَحِلُّ مَالُ امْرِي إِلَّا بِطِيبٍ نَفْسٍ مِنْهُ
কিন্তু পীর ছাহেবের এ বিষয়ে কোনো পরোয়া নেই যে, এর ফলে মুরীদের কষ্ট হচ্ছে বা পেরেশানী হচ্ছে বা তার সম্পদ তার স্বতঃস্ফূর্ত অনুমতি ছাড়া ভোগ করা হচ্ছে। আজ আমাদের সমাজে এসব বিষয় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। একে দ্বীনের অংশই মনে করা হয় না। আল্লাহ তা'আলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং প্রত্যেক জিনিসকে যথাস্থানে রাখার রুচি দান করুন, আমীন। যে জিনিসের যে অবস্থান, সে অনুপাতেই যেন তার উপর আমল হয়।
টিকাঃ
১. সুনানে তিরমিযী, হাদীস নং ৩০১২, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৭৭৪
📄 স্বতঃস্ফূর্ততা ছাড়া চাঁদা গ্রহণ করা
একইভাবে যে ভালো উদ্দেশ্যেই চাঁদা নেওয়া হোক না কেন, মাদরাসার জন্যে হোক, মসজিদের জন্যে হোক, জিহাদের জন্যে হোক বা তাবলীগের জন্যে- চাঁদা গ্রহণের সময় যদি কোনো ক্ষেত্রে সামান্য চাপও হয় তাহলে ঐ চাঁদা হারাম। এ বিষয়ে হযরত মাওলানা আশরাফ আলী ছাহেব রহ.-এর স্বতন্ত্র পুস্তক রয়েছে। তাতে তিনি বলেন যে, আজকাল চাঁদার যে পদ্ধতি রয়েছে- বড়ো বড়ো ব্যক্তিরা নিজেদের ব্যক্তিত্বের চাপ সৃষ্টি করে চাঁদা উসূল করে থাকে। কারণ, মাদরাসার সাধারণ কোনো দূতকে চাঁদার জন্যে পাঠানো হলে চাঁদা কম উসূল হবে। এজন্যে কোনো বড়ো ও প্রভাবশালী ব্যক্তিকে চাঁদার জন্যে পাঠানো হয়। যার ফল এই হয় যে, ঐ প্রভাবশালী ব্যক্তি কারো কাছে চাঁদার জন্যে গেলে সে চিন্তা করে যে, এতো বড়ো মানুষ আমার কাছে এসেছে এখন অল্প পয়সা কীভাবে দেই? সুতরাং সে বেশি পয়সা দেয়। হযরত থানভী রহ. বলেন, এটা মূলত ব্যক্তিত্বের মাধ্যমে চাপ সৃষ্টি করা। আর ব্যক্তির মাধ্যমে চাপ সৃষ্টি করে যে চাঁদা উসূল করা হয়, তা স্বত্বঃস্ফূর্ত মনে দেওয়া হয় না। আর যা স্বত্বঃস্ফূর্ত মনে দেওয়া হয় না, তা হারাম এবং তা নিম্নোক্ত হাদীসের অন্তর্ভুক্ত।
لَا يَحِلُّ مَالُ امْرِي إِلَّا بِطِيبٍ نَفْسٍ مِنْهُ
📄 সাধারণ সমাবেশে চাঁদা উসূল করা
একইভাবে সাধারণ সমাবেশে চাঁদার ঘোষণা দিয়ে সেখানেই চাঁদা সংগ্রহ করা হচ্ছে। এবার যে সামর্থ্যবান ব্যক্তি ঐ সমাবেশে বসা আছে, সে চিন্তা করে যে, সবাই তো চাঁদা দিচ্ছে, আমি যদি না দেই তাহলে আমার নাক কাটা যাবে। আর যদি অল্প চাঁদা দেই তাহলেও অসম্মান হবে। এজন্যে আমার বেশি চাঁদা দেওয়া উচিত। এখন এই চাপে পড়ে সে বেশি চাঁদা দিলো।
মনে রাখবেন! এই চাপে পড়ে স্বতঃস্ফূর্ত ইচ্ছা ছাড়া যেই চাঁদা সে দিলো, তা لَا يَحِلُّ مَالُ امْرِي إِلَّا بِطِيبٍ نَفْسٍ مِنْهُ হাদীসের অন্তর্ভুক্ত হবে।
এ কারণেই হযরত থানভী রহ.-এর মুরীদদের ব্যাপারে তাঁর সাধারণ নিয়ম এই ছিলো যে, তাদের জন্যে সাধারণ সমাবেশে চাঁদা সংগ্রহের অনুমতি ছিলো না। কারণ, এতে মানুষ লজ্জায় বা ভদ্রতার কারণে চাঁদা দিয়ে থাকে, যা জায়েয ও হালাল নয়।
টিকাঃ
১০. সুনানে তিরমিযী, হাদীস নং ৩০১২, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৭৭৪
১১. সুনানে তিরমিযী, হাদীস নং ৩০১২, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৭৭৪
📄 তাবুক যুদ্ধের ঘটনা দ্বারা প্রশ্ন ও তার উত্তর
হযরত থানভী রহ.-এর এ কথাটি আমি একবার বয়ানের মধ্যে বলি। যেন এক ব্যক্তি বলে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাবুক যুদ্ধের সময় সমাবেশের মধ্যে চাঁদা সংগ্রহ করেছিলেন। তাবুক যুদ্ধের প্রয়োজন যখন দেখা দেয়, তখন তিনি দাঁড়িয়ে ঘোষণা করেন যে, এ সময় জিহাদের জন্যে রসদপত্রের তীব্র প্রয়োজন, যে ব্যক্তি এতে ব্যয় করবে সে এই সওয়াব পাবে। সুতরাং হযরত আবু বকর সিদ্দীক রাযি. এ ঘোষণা শুনে বাড়ির সব সম্পদ নিয়ে আসেন। এর দ্বারা জানা যায় যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মজমার মধ্যে চাঁদার ঘোষণা দিয়েছিলেন।
এর উত্তর এই যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি যে, এখনই এবং এ জায়গাতেই চাঁদা দাও। বরং তিনি ঘোষণা দিয়েছিলেন যে, এই পরিমাণ প্রয়োজন। প্রত্যেকে যার যার সুবিধা মতো যখন যে পরিমাণ ইচ্ছা চাঁদা দিবে। সুতরাং সাহাবায়ে কেরام পরবর্তীতে বিভিন্ন জিনিস এনে জমা দেন। এ ঘোষণা ছিলো না যে, এখন এবং এখানেই জমা করো।
দ্বিতীয় উত্তর এই যে, সাহাবায়ে কেরামের অবস্থাকে আমাদের অবস্থার সঙ্গে কি করে তুলনা করতে পারি? আল্লাহ তা'আলা সাহাবায়ে কেরামের মাখলাককে এমন পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করে দিয়েছিলেন যে, তাদের মধ্যে কেউই এমন ছিলেন না যে, শুধু মানুষকে দেখানোর জন্যে চাঁদা দিবে। আল্লাহর জন্যে চাঁদা দেওয়ার থাকলে দিতেন, না দেওয়ার থাকলে না দিতেন। আমাদের সমাজের মানুষ চাপের মুখে পড়ে চক্ষুলজ্জার কারণে দিতে বাধ্য হয়। এজন্যে বর্তমানের অবস্থাকে সাহাবায়ে কেরামের অবস্থার সাথে তুলনা করা যায় না। এজন্যে হযরত থানভী রহ. বলেন যে, সাধারণ মজমায় প্রচলিত নিয়মে চাঁদা সংগ্রহ করা জায়েয নয়। কারণ, এমন চাঁদার মধ্যে স্বতঃস্ফূর্ত মনে দেওয়া পাওয়া যায় না।