📄 প্রথম বুযুর্গের পদ্ধতি সুন্নাত
কিন্তু আসল সুন্নাত পদ্ধতি ঐটা, যা প্রথম বুযুর্গ অবলম্বন করেছেন। কেউ যদি তোমার ক্ষতি করে তাহলে তার প্রতিশোধ গ্রহণের চিন্তা তুমি কেন করবে? কারণ, তুমি যদি প্রতিশোধ গ্রহণ করো তাহলে তোমার কি লাভ হবে? এতোটুকুই তো হবে যে, তোমার মনের আগুন ঠান্ডা হবে। কিন্তু তুমি যদি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে মনের আগুন তো বটেই জাহান্নামের আগুনও ঠান্ডা হয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা'আলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন।
📄 মাফ করা সওয়াব ও পুরস্কারের কারণ
আজকাল আমাদের ঘরে, পরিবারে এবং সাথী-সঙ্গীদের মধ্যে দিন-রাত এসব সমস্যা দেখা দেয় যে, অমুক আমার সঙ্গে এই করেছে, অমুক এই করেছে। এখন তার থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তায় বিভোর। অন্যদের কাছে অভিযোগ করে ফিরছে। তাকে তিরস্কার করছে। অন্যদের নিকট তার গীবত করছে। অথচ এগুলো গোনাহের কাজ। কিন্তু তুমি যদি মাফ করে দাও এবং ছাড় দাও তাহলে তুমি অনেক বড়ো ফযীলত ও সওয়াবের অধিকারী হবে। কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন,
وَلَمَنْ صَبَرَ وَ غَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ 'যে ধৈর্য ধারণ করলো এবং ক্ষমা করে দিলো নিঃসন্দেহে এটা উচ্চ সাহসীকতার কাজ।
অন্যত্র ইরশাদ করেন,
ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ 'অন্যের মন্দ আচারণের বদলা ভালো আচরণ দ্বারা দাও। এর ফল এই হবে যে, যার সঙ্গে শত্রুতা রয়েছে সে তোমার অনুরক্ত হয়ে যাবে।' তবে সাথে একথাও বলেছেন যে,
وَمَا يُلَقَّهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ 'এ আমল তাদেরই ভাগ্যে জুটে যাদেরকে আল্লাহ তা'আলা ধৈর্যের তাওফীক দান করেন এবং এ দৌলত বড়ো ভাগ্যবানরাই লাভ করে থাকে।
📄 নবী আলাইহিমুস সালামগণের উত্তর দেওয়ার ধরন
হযরাতে আম্বিয়ায়ে কেরামের পদ্ধতি এই যে, তাঁরা তিরস্কার করেন না। এমনকি সম্মুখস্থ কোনো ব্যক্তিও যদি তিরস্কার করে তাহলেও উত্তরে তাঁরা তিরস্কার করেন না।
সম্ভবত হযরত হূদ আলাইহিস সালামের ঘটনা যে, তাকে তাঁর জাতি বললো,
إِنَّا لَنَرْبِكَ فِي سَفَاهَةٍ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكَذِبِينَ
নবীকে বলা হচ্ছে যে, আমাদের ধারণায় তুমি নিতান্ত পর্যায়ের বেউকুফ, নির্বোধ। আমরা তোমাকে অন্যতম মিথুক মনে করি। যে সকল নবীর উপর প্রজ্ঞা ও নিষ্ঠা নিবেদিত, তাঁদের সম্পর্কে এ কথা বলা হচ্ছে। কিন্তু প্রতি উত্তরে নবী বলছেন,
يَقَوْمِ لَيْسَ بِي سَفَاهَةٌ وَلَكِنِّي رَسُوْلٌ مِنْ رَّبِّ الْعَلَمِينَ 'হে আমার জাতি! আমি বেউকুফ নই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে একটি পয়গাম নিয়ে এসেছি।'৭ অন্য এক নবীকে বলা হচ্ছে,
إِنَّا لَنَرْبِكَ فِي ضَلَلٍ مُّبِينٍ 'আমরা তোমাকে সুস্পষ্ট গোমরাহীতে নিপতিত দেখছি।'৮ উত্তরে নবী বলছেন,
يَقَوْمِ لَيْسَ بِي ضَلَلَةٌ وَلَكِنِّي رَسُوْلٌ مِنْ رَّبِّ الْعَلَمِينَ 'হে আমার জাতি! আমি পথভ্রষ্ট নই। আমি তো আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে নবী হয়ে এসেছি।'৯ আপনারা লক্ষ করলেন, নবীগণ তিরস্কারের উত্তর তিরস্কার দ্বারা দেননি।
টিকাঃ
৩. আশ শুরাঃ ৪৩
৪. হা মীম সিজদা : ৩৪
৫. হা মীম সিজদা : ৩৫
৬. আ'রাফ: ৬৬
৭. আ'রাফ: ৬৭
৮. আ'রাফ: ৬০
৯. আ'রাফ: ৬১
📄 রহমাতুলিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরন
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- যাঁকে রহমাতুল্লিল আলামীন বানিয়ে পাঠানো হয়েছে, তাঁর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে, হাঁটু রক্তে রঞ্জিত হচ্ছে, কিন্তু মুখে এই দু'আ জারী রয়েছে যে,
اللَّهُمَّ اهْدِ قَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ
'হে আল্লাহ! আমার এ জাতিকে হেদায়েত দান করুন। কারণ, এরা জাহেল। এরা বাস্তব অবস্থা জানে না। এ কারণে তারা আমার সঙ্গে এ আচরণ করছে। ১১০
নবীগণ কখনোই মন্দ আচরণের প্রতিশোধ মন্দ আচরণ দ্বারা নেননি। গালির বিনিময়ে গালি দেননি। সেই মক্কাবাসী, যারা মক্কায় বসবাসকারী সাহাবায়ে কেরামের জীবনকে আযাবে পরিণত করেছিলো। সাহাবায়ে কেরামকে উত্তপ্ত বালুর উপর শোয়ানো হয়েছে। বড়ো বড়ো পাথর তাদের বুকের উপর রাখা হয়েছে। তাদেরকে বয়কট করা হয়েছে। তাদের পানাহার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তেরো বছর পর্যন্ত হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে জুলুম অত্যাচারের জাঁতায় নিস্পেষিত করা হয়েছে। কিন্তু সেই মক্কা শহরেই মক্কা বিজয়ের সময় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ীরূপে প্রবেশ করছিলেন, তখনকার চিত্র অঙ্কন করে হযরত আনাস রাযি. বলেন, আমি দেখছিলাম যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনীর উপর আরোহণ করে বিজয়ীরূপে মক্কা মুকাররমায় এ অবস্থায় প্রবেশ করছেন যে, তাঁর মস্তক অবনত ছিলো। অন্য কোনো বিজয়ী হলে তার মস্তক সটান থাকতো। কিন্তু হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক ছিলো অবনত। চোখ দিয়ে অশ্রু ঝরছিলো। পবিত্র জবানে উচ্চারিত হচ্ছিলো এই আয়াত,
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।'১১
টিকাঃ
১০. সহীহ বুখারী, হাদীস নং ৬৪১৭, সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৪৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪০১৫, মুসনাদে আহমাদ, হাদীস নং ৩৪২৯
১১. ফাতহ : ১ (সীরাতে মুস্তফা খন্ডঃ ৩, পৃঃ ২৪, ইবনে ইসহাক ও মুস্তাদরাকে হাকেমের উদ্ধৃতিতে)