📄 এই দু'আ করতে থাকো
প্রথমত সঠিক অর্থে ভালোবাসা কেবল আল্লাহ তা'আলার সঙ্গে হওয়া উচিত। এ কারণে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আ শিক্ষা দিয়েছেন, যা প্রত্যেক মুসলমানের সবসময় করা উচিত।
اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ الْأَشْيَاءِ إِلَى
'হে আল্লাহ! আপনার মহব্বতকে সকল মহব্বতের উপর প্রবল করে দিন।"
মানুষ যেহেতু দুর্বল, তার সঙ্গে মানবীয় চাহিদা লেগে আছে, এজন্যে অন্যদের সাথেও মানুষের ভালোবাসা হয়। যেমন স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, মা-বাবার প্রতি ভালোবাসা, আত্মীয়-স্বজনের প্রতি ভালোবাসা- এসব ভালোবাসা মানুষের সাথে লেগে আছে। এসব ভালোবাসা মানুষের সাথে থাকবে। কখনো শেষ হবে না। তবে আসল কথা এই যে, মানুষ দু'আ করবে, হে আল্লাহ! এ সমস্ত ভালোবাসা আপনার ভালোবাসার অনুগামী হোক এবং আপনার ভালোবাসা সমস্ত ভালোবাসার উপর প্রবল হোক।
টিকাঃ
১. কানযুল উম্মাল, খন্ডঃ ২, পৃঃ ১৮২ ইসলামী মুআশারাত-১৬
📄 মহব্বত সীমাতিরিক্ত হলে এই দু'আ করবে
কারো প্রতি যদি ভালোবাসা হয়, আর অনুভুত হয় যে, ভালোবাসার সীমা অতিক্রম করে যাচেছ, তাহলে অবিলম্বে আল্লাহর দিকে রুজু করবে যে, হে মাল্লাহ! এ ভালোবাসা আপনি আমার অন্তরে ঢেলে দিয়েছেন, কিন্তু তা সীমা অতিক্রম করে যাচেছ। হে আল্লাহ! এমন যেন না হয় যে, আমি কোনো ফেত্নার শিকার হয়ে যাই। হে আল্লাহ! নিজ দয়ায় আমাকে ফেত্নায় লিপ্ত হওয়া থেকে রক্ষা করুন। তারপর নিজের ঐচ্ছিক কর্মকান্ডের মধ্যেও সবসময় সতর্কতা অবলম্বন করবে। যে আজকের বন্ধু সে কালকের শত্রুও হতে পারে। কাল পর্যন্ত যার সাথে সবসময় উঠা-বসা ছিলো, পানাহার ছিলো, আজ এমন পরিণতি হলো যে, চেহারা দেখতেও রাজি না, এমন হওয়া উচিত নয়। যদি এমন ঘটনা হয়, তবে তার পক্ষ থেকে যেন হয়, তোমার পক্ষ থেকে যেন না হয়। যাই হোক, বন্ধুত্বের ব্যাপারে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো শিক্ষা। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি শিক্ষা এমন যে, তা যদি আমরা পালন করে চলি তাহলে আমাদের দুনিয়া ও আখেরাত গড়ে উঠবে।
📄 বন্ধুত্বের পরিণতিতে গোনাহ
অনেক সময় এ বন্ধুত্বের পরিণতিতে আমরা গোনাহে লিপ্ত হই। চিন্তা করি যে, সে আমার বন্ধু। তার কথা না মানলে তার মন ভেঙ্গে যাবে। কিন্তু তার মন রক্ষার পরিণতিতে শরীয়ত ভেঙ্গে গেলে তার পরোয়া করা হয় না। অথচ শরীয়তে যদি উভয়টার সুযোগ না থাকে, তাহলে শরীয়ত রক্ষা করা মন রক্ষা করার উপর অগ্রগণ্য। আর যদি শরীয়তের মধ্যে সুযোগ থাকে, তখন নিঃসন্দেহে এই হুকুম রয়েছে যে, যথাসাধ্য মুসলমানের মন রক্ষা করা উচিত। তার মন ভাঙ্গা উচিত নয়। কারণ এটাও ইবাদত।
📄 ভারসাম্যের পথ অবলম্বন করুন
হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এ হাদীস বর্ণনা করে বলেন যে, এ হাদীসের মধ্যে মুআমালার বিষয়ে 'গুলু' করতে নিষেধ করা হয়েছে। কোনো বিষয়ে যেন 'গুলু' না হয়। সম্পর্কের ক্ষেত্রেও না এবং লেনদেনের ক্ষেত্রেও না। 'গুলু' অর্থ সীমালঙ্ঘন করা। কোনো বিষয়েই মানুষ সীমালঙ্ঘন করবে না। বরং উপযুক্ত সীমার ভিতরে থাকবে। আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে এ' হাদীসের উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।