📄 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর ঘটনা
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। একবার তিনি মসজিদে বসা ছিলেন। আযানের সময় হলো। সাথে সাথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। মুয়াযযিন আযান দিলো। তারপর তিনি মুয়াযযিনকে বললেন, ঘোষণা করে দাও,
الصَّلُوةُ فِي الرِّحَالِ অর্থাৎ, সকলে নিজ নিজ ঘরে নামায পড়ুন।
হযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এ কথাই প্রমাণিত আছে যে, এমন ক্ষেত্রে এ ঘোষণা দেওয়া উচিত। এখন মানুষের জন্যে এটা ছিলো খুবই অপরিচিত ব্যাপার। সারাজীবন তো দেখে এসেছে যে, মসজিদ থেকে ঘোষণা হয়-
حَيَّ عَلَى الصَّلُوةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ 'নামাযের জন্যে এসো, কামিয়াবির জন্যে এসো।'
কিন্তু এখানে উল্টা ঘোষণা দেওয়া হচ্ছে যে, নিজেদের ঘরে নামায পড়ো। সুতরাং লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর নিকট আপত্তি করলো যে, হযরত আপনি এ কি করছেন! আপনি মানুষদেরকে মসজিদে আসতে নিষেধ করছেন। উত্তরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি, বললেন,
نَعَمْ أَفْعَلُ ذَلِكَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي وَمِنْكَ
‘হ্যাঁ, আমি এমন ঘোষণাই করাবো। কারণ, এ ঘোষণাও সেই সত্তাই করিয়েছেন, যিনি আমার থেকে উত্তম এবং তোমাদের থেকেও উত্তম।’
তাই কোনো ব্যক্তি যদি বলে এমন ঘোষণা করা আমার কাছে খারাপ লাগে, এমন ঘোষণা করতে আমার লজ্জা বোধ হয়, তার অর্থ হবে এই যে, তুমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মুখে অগ্রসর হওয়ার চেষ্টা করছো। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘোষণা দিয়েছেন, এ ছাড় দিয়েছেন, আর তুমি বলছো যে, এ ছাড় দেবো না। এরূপ ঘোষণা করা আমার কাছে খারাপ লাগে。
মোটকথা, দ্বীনের যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও তাঁর তা'লীম থেকে সম্মুখে অগ্রসর হওয়ার নিষেধাজ্ঞাও এ আয়াতের অর্থের অন্তর্ভুক্ত。
টিকাঃ
৮. সহীহ বুখারী, হাদীস নং ৬২৮
📄 আল্লাহকে ভয় করো
এরপর বলেন,
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
‘আল্লাহকে ভয় করো। আল্লাহ তা'আলা সব শোনেন, সব জানেন।’ যাই হোক, আল্লাহ ও তাঁর রাসূল থেকে সম্মুখে অগ্রসর হওয়ার তিনটি দৃষ্টান্ত তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরো কিছু দৃষ্টান্ত বর্ণনা করা এখনো রয়ে গেছে। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমআ-তে আলোচনা করবো。
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ