📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 কাফেরদের সাথে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ

📄 কাফেরদের সাথে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ


হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেও দেখিয়েছেন। কাছে বড়ো বড়ো কাফের সর্দার আসতো। তারা যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতো, তখন তাদের কখনো মনেই হতো না যে, আমার সঙ্গে অসম্মানের আচরণ করা হচ্ছে। তিনি তাদেরকে সম্মান করতেন। সসম্মানে বসাতেন। সসম্মানে তাদের সাথে কথা বলতেন। এটা হলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে, একজন কাফেরও যদি আমাদের কাছে আসে, সে যেন অসম্মান বোধ না করে。

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 এক কাফের ব্যক্তির ঘটনা

📄 এক কাফের ব্যক্তির ঘটনা


হাদীস শরীফে এসেছে- একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে অবস্থান করছিলেন। সামনে থেকে এক ব্যক্তিকে আসতে দেখা গেলো। হযরত আয়েশা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই ছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা! যে ব্যক্তি সামনে থেকে আসছে, সে তার গোত্রের খারাপ মানুষ। যখন ঐ ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো, তখন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। অত্যন্ত সম্মানজনকভাবে তার সাথে কথা বললেন। যখন ঐ ব্যক্তি কথাবার্তা বলে চলে গেলো, তখন হযরত আয়েশা রাযি. বললেন, হে আল্লাহর রাসূল! আপনি নিজেই তো বললেন, এ ব্যক্তি তার কবিলার খারাপ লোক। কিন্তু যখন সে আসলো, তখন আপনি তার সম্মান করলেন এবং তার সাথে খুব নরম আচরণ করলেন, এর কারণ কি? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঐ মানুষ খুবই খারাপ, যার অনিষ্ট থেকে বাঁচার জন্যে সম্মান করা হয়。

টিকাঃ
৩. সহীহ বুখারী, হাদীস নং ৫৫৭২, সহীহ মুসলিম, হাদীস নং ৪৬৯৩, সুনানে তিরমিযী, হাদীস নং ১৯১৯, সুনানে আবু দাউদ, হাদীস নং ৪১৫৯

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 এই গীবত জায়েয

📄 এই গীবত জায়েয


এ হাদীসে দুটি প্রশ্ন জাগে। প্রথম প্রশ্ন এই জাগে যে, যখন ঐ ব্যক্তি দূর থেকে আসছিলো, তখন আসার পূর্বেই তার অবর্তমানে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.-এর নিকট তার নিন্দা করলেন যে, এ ব্যক্তি তার কবিলার মধ্যে খারাপ মানুষ। বাহ্যত এটাকে গীবত মনে হয়। কারণ, এক ব্যক্তির অবর্তমানে তার দোষ বর্ণনা করা হচ্ছে। এর উত্তর এই যে, মূলত এটা গীবত নয়। কারণ, কোনো ব্যক্তিকে অন্য কারো অনিষ্ট থেকে বাঁচানোর নিয়তে যদি তার দোষ বর্ণনা করা হয়, তাহলে তা গীবত নয়। যেমন কোনো ব্যক্তি অন্য কাউকে সতর্ক করার জন্যে বললো যে, তুমি অমুক ব্যক্তির ব্যাপারে সতর্ক থেকো, সে যেনো তোমাকে ধোঁকা দিতে না পারে, বা সে যেনো তোমাকে কষ্ট দিতে না পারে। তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। হারাম ও নাজায়েয নয়। বরং কতক অবস্থায় এটা বলা ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার নিশ্চিতভাবে জানা আছে যে, অমুক ব্যক্তি অমুককে ধোঁকা দিবে, আর ধোঁকা দেওয়ার ফলে ঐ দ্বিতীয় ব্যক্তির জানের বা মালের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে, তখন আপনার উপর ঐ দ্বিতীয় ব্যক্তিকে বলে দেওয়া ওয়াজিব যে, দেখো! অমুক ব্যক্তি তোমাকে ধোঁকা দিতে চায়। যাতে সে এ থেকে নিরাপদে থাকে। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়।
এ কারণে যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে, এ ব্যক্তি তার কবিলার খারাপ মানুষ, তখন তাঁর উদ্দেশ্য এই ছিলো যে, এ ব্যক্তি যেন হযরত আশেয়া রাযি.-কে ধোঁকা দিতে না পারে, বা এ ব্যক্তির উপর ভরসা করে হযরত আয়েশা রাযি. বা অন্য কোনো মুসলমান এমন কোনো কাজ না করে, যার ফলে পরবর্তীতে তাকে আফসোস করতে হয়। এ কারণে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.- কে তার ব্যাপারে আগে থেকে বলে দেন।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 খারাপ মানুষকে তিনি সম্মান করলেন কেন

📄 খারাপ মানুষকে তিনি সম্মান করলেন কেন


দ্বিতীয় প্রশ্ন এই জাগে যে, একদিকে তো তিনি তার দোষ বর্ণনা করলেন, অপরদিকে যখন সে এলো তখন তার খুব সম্মান করলেন, খুব আদর-যত্ন করলেন। এখানে ভিতর-বাইরের মধ্যে পার্থক্য হলো। সম্মুখে একরকম আচরণ, আর পিছনে আরেক রকেম। আসল কথা হলো, তিনি হলেন আল্লাহর রাসূল। প্রত্যেকটি বিষয়ের তিনি সীমা বর্ণনা করেছেন। তাই সতর্ক করার জন্যে তিনি বলে দিয়েছেন যে, এ ব্যক্তি খারাপ মানুষ। কিন্তু যখন সে আমার কাছে মেহমান হয়ে এসেছে, তাই মেহমান হিসেবেও তার কিছু হক রয়েছে। তা এই যে, আমি তার সঙ্গে সম্মানের আচরণ করবো। তার সঙ্গে এমন আচরণ করবো, যা একজন মেহমানের সাথে করা উচিত। তাই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণই করেছেন。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00