📄 সম্মানিত কাফেরকে সম্মান করা
প্রত্যেক মুসলমানকে তো সম্মান করার হুকুম দেওয়া হয়েছেই, হাদীস শরীফে এ পর্যন্ত বলা হয়েছে যে, আগমণকারী যদি কাফেরও হয়, কিন্তু তাকে তার সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি মনে করা হয়, তাকে সম্মান করা হয়, তাকে মানুষ মর্যাদার দৃষ্টিতে দেখে, তাকে বড়ো বলে গণ্য করে। যদি কাফের ও অমুসলিমও হয়, তাহলে তার আগমণে তুমিও তাকে সফ করো। তাকে সম্মান করা ইসলামী আখলাকের একটা দাবি। এই সম্মান কুফরকে নয়। তার কুফরের প্রতি ঘৃণার আচরণ করা হবে, কিন্তু যেনো তাকে তার কওমের মধ্যে সম্মানিত মনে করা হয়, তাই সে যখন তেন নিকট আসবে তার খাতিরে তাকে সম্মান করো। এমন যেন না হয় যে, তা ঘৃণা করার ফলে তুমি তার সঙ্গে এমন আচরণ করলে যে, সে তোমার হও এবং তোমার ধর্মের প্রতি বিতৃষ্ণ হলো। এজন্যে তাকে সম্মান করো。
📄 কাফেরদের সাথে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেও দেখিয়েছেন। কাছে বড়ো বড়ো কাফের সর্দার আসতো। তারা যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতো, তখন তাদের কখনো মনেই হতো না যে, আমার সঙ্গে অসম্মানের আচরণ করা হচ্ছে। তিনি তাদেরকে সম্মান করতেন। সসম্মানে বসাতেন। সসম্মানে তাদের সাথে কথা বলতেন। এটা হলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে, একজন কাফেরও যদি আমাদের কাছে আসে, সে যেন অসম্মান বোধ না করে。
📄 এক কাফের ব্যক্তির ঘটনা
হাদীস শরীফে এসেছে- একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে অবস্থান করছিলেন। সামনে থেকে এক ব্যক্তিকে আসতে দেখা গেলো। হযরত আয়েশা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই ছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা! যে ব্যক্তি সামনে থেকে আসছে, সে তার গোত্রের খারাপ মানুষ। যখন ঐ ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো, তখন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। অত্যন্ত সম্মানজনকভাবে তার সাথে কথা বললেন। যখন ঐ ব্যক্তি কথাবার্তা বলে চলে গেলো, তখন হযরত আয়েশা রাযি. বললেন, হে আল্লাহর রাসূল! আপনি নিজেই তো বললেন, এ ব্যক্তি তার কবিলার খারাপ লোক। কিন্তু যখন সে আসলো, তখন আপনি তার সম্মান করলেন এবং তার সাথে খুব নরম আচরণ করলেন, এর কারণ কি? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঐ মানুষ খুবই খারাপ, যার অনিষ্ট থেকে বাঁচার জন্যে সম্মান করা হয়。
টিকাঃ
৩. সহীহ বুখারী, হাদীস নং ৫৫৭২, সহীহ মুসলিম, হাদীস নং ৪৬৯৩, সুনানে তিরমিযী, হাদীস নং ১৯১৯, সুনানে আবু দাউদ, হাদীস নং ৪১৫৯
📄 এই গীবত জায়েয
এ হাদীসে দুটি প্রশ্ন জাগে। প্রথম প্রশ্ন এই জাগে যে, যখন ঐ ব্যক্তি দূর থেকে আসছিলো, তখন আসার পূর্বেই তার অবর্তমানে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.-এর নিকট তার নিন্দা করলেন যে, এ ব্যক্তি তার কবিলার মধ্যে খারাপ মানুষ। বাহ্যত এটাকে গীবত মনে হয়। কারণ, এক ব্যক্তির অবর্তমানে তার দোষ বর্ণনা করা হচ্ছে। এর উত্তর এই যে, মূলত এটা গীবত নয়। কারণ, কোনো ব্যক্তিকে অন্য কারো অনিষ্ট থেকে বাঁচানোর নিয়তে যদি তার দোষ বর্ণনা করা হয়, তাহলে তা গীবত নয়। যেমন কোনো ব্যক্তি অন্য কাউকে সতর্ক করার জন্যে বললো যে, তুমি অমুক ব্যক্তির ব্যাপারে সতর্ক থেকো, সে যেনো তোমাকে ধোঁকা দিতে না পারে, বা সে যেনো তোমাকে কষ্ট দিতে না পারে। তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। হারাম ও নাজায়েয নয়। বরং কতক অবস্থায় এটা বলা ওয়াজিব। উদাহরণস্বরূপ আপনার নিশ্চিতভাবে জানা আছে যে, অমুক ব্যক্তি অমুককে ধোঁকা দিবে, আর ধোঁকা দেওয়ার ফলে ঐ দ্বিতীয় ব্যক্তির জানের বা মালের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে, তখন আপনার উপর ঐ দ্বিতীয় ব্যক্তিকে বলে দেওয়া ওয়াজিব যে, দেখো! অমুক ব্যক্তি তোমাকে ধোঁকা দিতে চায়। যাতে সে এ থেকে নিরাপদে থাকে। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়।
এ কারণে যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে, এ ব্যক্তি তার কবিলার খারাপ মানুষ, তখন তাঁর উদ্দেশ্য এই ছিলো যে, এ ব্যক্তি যেন হযরত আশেয়া রাযি.-কে ধোঁকা দিতে না পারে, বা এ ব্যক্তির উপর ভরসা করে হযরত আয়েশা রাযি. বা অন্য কোনো মুসলমান এমন কোনো কাজ না করে, যার ফলে পরবর্তীতে তাকে আফসোস করতে হয়। এ কারণে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাযি.- কে তার ব্যাপারে আগে থেকে বলে দেন।