📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 হযরত ডাক্তার আব্দুল হাই ছাহেব রহ.-এর একটি ঘটনা

📄 হযরত ডাক্তার আব্দুল হাই ছাহেব রহ.-এর একটি ঘটনা


আমাদের হযরত ডাক্তার আব্দুল হাই রহ.-এর সামনে যখন কেউ এসে বলতো যে, 'আমি কি আর নামায পড়ি, কয়েকটা ঠোকর মারি।' তিনি এসব কথায় খুব ভয় পেতেন। সুতরাং এক ব্যক্তি এসে হযরতের কাছে বললো যে হযরত আমার নামায আর কি! সেজদা আর কি! সেজদার মধ্যে প্রবৃত্তির অনেক পঁচা পঁচা কামনা-বাসনা জাগ্রত হয়। আমার এ নামায তো আল্লাহ্র সামনে পেশ করার উপযুক্ত নয়।
হযরত বললেন, আচ্ছা তোমার প্রবৃত্তির কামনা-বাসনা দিয়ে ভরা এ সেজদা তো অত্যন্ত নাপাক। সে বললো, হ্যাঁ, অত্যন্ত নাপাক সেজদা। হযরত বললেন, আচ্ছা এমন নাপাক সেজদা তুমি আমাকে করো। কারণ, খায়েশাতপূর্ণ এ সেজদা আল্লাহর সামনে পেশ করার উপযুক্ত নয়, এ জন্য এ সেজদা আল্লাহকে না করে আমাকে করো।
সে বললো, হযরত এ আপনি কেমন কথা বলছেন! আমি আপনাকে সেজদা করবো!
হযরত বললেন, এটা যেহেতু নাপাক সেজদা এবং আল্লাহকে করার উপযুক্ত নয়, তাই আমাকে করে দেখাও!
লোকটি বললো, হযরত এটা হতে পারে না। আমি অন্য কাউকে সেজদা করতে পারি না।
হযরত বললেন, এ সেজদা যখন অন্য কোথাও হতে পারে না, তাই বুঝা গেলো, এ সেজদা তাঁর জন্যেই। এ কপাল অন্য কোথাও ঠেকতে পারে না। এ সেজদা অন্য কোথাও হতে পারে না। এ মাথা অন্য কোনো চৌকাঠে নত হতে পারে না। এ সেজদা তো তাঁর জন্যেই এবং তাঁরই তাওফীকে লাভ হয়েছে। হ্যাঁ, আমাদের ভুল-ত্রুটির কারণে এ সেজদা খারাপ হয়ে গিয়েছে। এ জন্যে ইস্তিগফার করো। কিন্তু এ কপাল তো সেখানেই ঠেকবে। কবি কতো চমৎকার বলেছেন,
قبول ہو کہ نہ ہو پھر بھی ایک نعمت ہے وہ سجدہ جس کو تیرے آستاں سے نسبت ہے
'কবুল হোক বা না হোক, তারপরেও তা নেয়ামত, এ সেজদা, তোমার চৌকাঠের সঙ্গে যার সম্পর্ক রয়েছে।' এ সেজদা কোনো মামুলী জিনিস নয়। সেজদা সম্পর্কে উল্টা-সিধা মন্তব্য করো না। আল্লাহর দেওয়া তাওফীকের শোকর আদায় করো।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 ইবাদত ছাড়ানোর পদ্ধতি

📄 ইবাদত ছাড়ানোর পদ্ধতি


শয়তান অতিরঞ্জিত এই বিনয় সৃষ্টি করে বিপথগামী করে থাকে। অন্তরে এই চিন্তা জাগ্রত করে যে, আমি তো অহংকারের রোগে আক্রান্ত নই। কারণ, আমি তো আমার নামাযকে কিছুই মনে করি না এবং সাথে সাথে বিনয়ও অবলম্বন করছি। কিন্তু এ চিন্তা যখন বৃদ্ধি পায়, তখন ক্রমান্বয়ে অন্তরে নৈরাশ্য সৃষ্টি করে যে, ইবাদত করা তোমার সাধ্যভুক্ত নয়। তোমার নামায কখনোই কবুল হতে পারে না। যখন কবুলই হবে না, তখন পড়ে লাভ কি? তাই নামায ছেড়ে দাও। ঘরে বসে থাকো। এভাবে শয়তান নামায ছাড়িয়ে থাকে।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 ইবাদতের জন্য শোকর আদায় করুন

📄 ইবাদতের জন্য শোকর আদায় করুন


ভালোভাবে মনে রাখুন! যখনই আল্লাহ তা'আলা কোনো আমল করার তাওফীক দিবেন, তার জন্যে শোকর আদায় করুন। সাথে এ কথাও বলুন যে, হে আল্লাহ! আপনার দেওয়া তাওফীকেই আমি এ ইবাদত সম্পাদন করেছি। তবে আমার পক্ষ থেকে অনেক ভুল-ত্রুটি হয়েছে, আপনি দয়া করে সেগুলো মাফ করে দিন। সাহাবায়ে কেরام বলতেন,
لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا
'হে আল্লাহ! যদি আপনার দেওয়া তাওফীক না হতো, তাহলে আমরা হেদায়েত পেতাম না। আপনার দেওয়া তাওফীক না হলে আমরা দান করতে পারতাম না এবং নামায পড়তে পারতাম না।'
যাকিছু হয়েছে, তা আপনার দেওয়া তাওফীকেই হয়েছে। এ জন্যে এই তাওফীকের আমরা শোকর আদায় করছি। নিজের ভুল-ত্রুটির কারণে ইস্তিগফার করছি। এ দুটা বিষয় যদি আয়ত্ত করতে পারেন, তাহলে অহংকারও সৃষ্টি হবে না, অতিরঞ্জিত বিনয়ও সৃষ্টি হবে না। যা শয়তানের দুটি অস্ত্র।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 শয়তানের মেরুদণ্ড ভঙ্গকারী শব্দ

📄 শয়তানের মেরুদণ্ড ভঙ্গকারী শব্দ


আমি আমার শাইখের নিকট হযরত আবু বকর সিদ্দীক রাযি.-এর এ উক্তি শুনেছি যে, কোনো ব্যক্তি যদি নেক আমল করে 'আলহামদুলিল্লাহ' ও 'আসতাগফিরুল্লাহ' বলে, তখন শয়তান বলে যে, সে আমার কোমর ভেঙ্গে দিয়েছে। কারণ 'আলহামদুলিল্লাহ' বলার দ্বারা তাওফীক লাভের শোকর আদায় হয়। এর দ্বারা অহংকারের মূল কেটে যায়। এবং 'আসতাগফিরুল্লাহ' বলার দ্বারা অতিরঞ্জিত বিনয়ের ফলে যেসব ত্রুটির উপর নযর পড়ছিলো, সেগুলোর শিকড় কেটে যায়। এভাবে উভয়ের চিকিৎসা হয়ে যায়। এজন্যে প্রত্যেক নামাযের এবং প্রত্যেক নেক আমলের পর 'আলহামদুলিল্লাহ' ও 'আসতাগফিরুল্লাহ' বলুন। সাথে আরো বলুন যে, হে আল্লাহ! আপনি আমাকে নেক আমলের তাওফীক দান করেছেন, এ কারণে আমি 'আলহামদুলিল্লাহ' বলছি। আর এ আমলের মধ্যে আমার পক্ষ থেকে যেসব ভুল-ত্রুটি হয়েছে, তার জন্যে আমি 'আসতাগফিরুল্লাহ' বলছি। হে আল্লাহ! আমাকে মাফ করে দিন। আমাদের হযরত বলতেন যে, হা-হুতাশ করার প্রয়োজন নেই। যে কোনো ইবাদত করার পর এই দু'আ পড়বে।
ইনশাআল্লাহ, শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে। আল্লাহ তা'আলা নিজ দয়ায় আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

টিকাঃ
৬. সহীহ বুখারী, হাদীস নং ২৬২৫, সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৬৫, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৭৭৫৫
৭. সুনানে তিরমিযী, হাদীস নং ৩৭১, সুনানে আবু দাউদ, হাদীস নং ১৩০০, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৩৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00