📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 বংশধর হওয়া নাজাতের জন্য যথেষ্ট নয়

📄 বংশধর হওয়া নাজাতের জন্য যথেষ্ট নয়


আলোচ্য হাদীসের শেষ বাক্য হলো,
وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
এ বাক্যটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থবোধক বাণীসমূহের অন্তর্ভুক্ত। অর্থ হলো, যার আমল তাকে পিছিয়ে দিলো বা আমলের কারণে যে পিছিয়ে পড়লো, তার বংশ কখনো তাকে অগ্রসর করে দিতে পারবে না। অর্থাৎ, যখন অন্যান্য লোকেরা তাদের নেক আমলের উসিলায় আগে আগে জান্নাতে চলে যাবে, তখন কেউ যদি তার আমল খারাপ হওয়ার কারণে জান্নাত পর্যন্ত পৌছতে না পারে, পিছনে থেকে যায়, তাহলে সে শুধু অমুক বংশের লোক হওয়ার কারণে, অমুক বুযুর্গ বা আলেমের সন্তান হওয়ার কারণে জান্নাতে পৌছতে পারবে না। বলতে চান যে, শুধু এ ভরসা করে বসে থেকো না যে, আমি তো অমুক বংশের ছেলে বা অমুক আল্লাহওয়ালার ছেলে। বরং নিজের আমল ঠিক করার ফিকির করো। যদি বংশীয় মর্যাদা কাজে আসতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যেতো না। যেখানে নূহ আলাইহিস সালামের মতো বড়ো নবী ছেলের মুক্তির জন্যে দু'আ করছেন, আর তার উত্তরে আল্লাহ বলছেন,
إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ
সে তো নেক আমল করেনি।” সুতরাং তার ব্যাপারে আপনার দু'আ কবুল করা হবে না। তো আসল বিষয় হলো নিজের আমল। তবে আমল ঠিক হওয়ার পাশাপাশি কোনো বুযুর্গের সঙ্গে সম্পর্ক থাকলে তখন সেটাকেও আল্লাহ তা'আলা উপকারী করেন। কিন্তু নিজের আমল, চেষ্টা এবং নিজের সংশোধনের চিন্তা অবশ্যই থাকতে হবে। কারো যদি নিজের সংশোধন, আমল, ও চিন্তা-চেষ্টা না থাকে, বরং গাফলতের মধ্যে ডুবে থাকে, তাহলে শুধু বড়ো বংশ বা বুযুর্গের সঙ্গে সম্পর্কের কারণে সে কখনো জান্নাতের দিকে অগ্রগামী হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে আমল ঠিক করার তাওফীক দান করুন। আমীন।

টিকাঃ
২১. হুদঃ ৪৬

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 সারকথা

📄 সারকথা


আজকের আলোচনার সারকথা হলো, আল্লাহ তা'আলার সঙ্গে মহব্বতের দাবির অত্যাবশ্যকীয় শর্ত তাঁর মাখলুকের সঙ্গে মহব্বত ও দয়া-মায়ার সম্পর্ক থাকা। যতোক্ষণ পর্যন্ত এটা অর্জন না হবে, ততোক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে মহব্বতের দাবি মিথ্যা বলে বিবেচিত হবে। আল্লাহ তা'আলা আমাদের সকলের অন্তরে তাঁর এবং তাঁর মাখলুকের মহব্বত দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

ফন্ট সাইজ
15px
17px