📘 ইসলামী খিলাফত ও নেতৃত্ব নির্বাচন 📄 খেলাফত হ'তে মুলুকিয়াত (?)

📄 খেলাফত হ'তে মুলুকিয়াত (?)


হযরত মু'আবিয়া (নবুঅতপূর্ব ৫ম-৬০হিঃ/৬০৫-৬৮১ খৃঃ)-এর হাতে খেলাফত সমর্পণের অর্থ ইসলামী 'খেলাফতে'র সুউচ্চ মিনার থেকে 'মুলুকিয়াত' তথা রাজতন্ত্রের অন্ধকার গলিতে পতন নয়, যেমন অনেকে ধারণা করেন। বরং এটি ছিল খেলাফতের আসনে কেবল ব্যক্তির পরিবর্তন। নইলে রাষ্ট্রীয় সংবিধান ও আইন-কানুন তাই-ই বহাল ছিল, যা পূর্ববর্তী খলীফাগণের সময়ে ছিল। বরং তাঁর খেলাফতকালে রাষ্ট্রীয় উন্নতি আরও বেশী হয়েছিল।
জানা আবশ্যক যে, হযরত মু'আবিয়া (রাঃ) রাসূলের প্রিয়তম ছাহাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন। বিশ্বস্ত ছয়জন 'অহি' লেখকের অন্যতম ছিলেন। হযরত ওমরের যুগ থেকে একাদিক্রমে ২০ বছর সিরিয়ার গভর্ণর ছিলেন। পরে খলীফা হিসাবে আরও ২০ বছর শাসনকার্য পরিচালনা করেছেন। তাঁর তাক্বওয়া, সততা, আমানতদারী, শাসনদক্ষতা, দূরদর্শিতা নিঃসন্দেহে অনেকের চেয়ে বেশী ছিল। তিনি কখনোই আল্লাহ্ আইনের বাইরে নিজের আইন চালু করেননি। আল্লাহ্র সার্বভৌমত্বকে বাতিল করে রাজার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেননি।
অতএব 'আমীরুল মুমেনীন' হিসাবে তিনি পূর্বসুরীদের ন্যায় নিঃসন্দেহে 'খলীফা' ছিলেন। প্রচলিত অর্থে কখনোই 'রাজা' বা 'সম্রাট' ছিলেন না। তবে তাঁর সময়কার খেলাফতের আয়তন পূর্ববর্তী খলীফাগণের তুলনায় বড় ছিল বিধায় সামাজিক ও রাজনৈতিক সমস্যাও বেশী ছিল। নবুঅতের বরকত থেকে এ যুগ অনেক দূরে ছিল। যা আবুবকর ও ওমরের যুগ থেকে নিঃসন্দেহে নিম্নতর ছিল। যেমন এক সময় জনৈক ব্যক্তি হযরত আলী (রাঃ)-কে জিজ্ঞেস করল,
مَا بَالُ الْمُسْلِمِينَ اخْتَلَفُوا عَلَيْكَ وَلَمْ يَخْتَلِفُوا عَلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ ؟
'আপনার সময়ে মুসলমানদের কি হ'ল যে, তারা আপনার বিরুদ্ধে বিরোধ করছে। অথচ আবুবকর ও ওমরের সময় এরূপ করেনি। জবাবে আলী (রাঃ) لِأَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ كَانَا وَالبَيْنِ عَلَى مِثْلِى وَأَنَا الْيَوْمَ وَال عَلَى مثلك، يُشْشِيْرُ إِلَى وَازِعِ الدِّيْنِ 'এটা এজন্য যে, আবুবকর ও ওমর আমার মত লোকদের উপরে খলীফা ছিলেন। পক্ষান্তরে আমি খলীফা হয়েছি তোমার মত লোকদের উপরে'। ইবনু খালদুন বলেন, এর দ্বারা তিনি তাঁর সময়কার মানুষের মধ্যে দ্বীনী দুর্বলতার দিকে ইঙ্গিত করেন।
অনেক ইসলামী চিন্তাবিদ হযরত মু'আবিয়া (রাঃ) কর্তৃক স্বীয় পুত্র ইয়াযীদ (২৭-৬৪হিঃ)-কে পরবর্তী খলীফা মনোনয়ন দেওয়াকে গুরুতর অন্যায় বলে গণ্য করেন এবং এখান থেকেই ইসলামে রাজতন্ত্রের সূচনা হয়েছে বলে মনে করেন। তাঁদের ধারণায় পিতার পরে পুত্রের স্থলাভিষিক্ত হওয়াটাই রাজতন্ত্রের বড় আলামত। অথচ হযরত আলী (রাঃ)-এর পরে তাঁর জ্যেষ্ঠ পুত্র হাসান (রাঃ) যখন খলীফা হলেন, তখন কিন্তু এটাকে কেউ রাজতন্ত্র বলেনি। হাসান (রাঃ) স্বেচ্ছায় খেলাফত ত্যাগ করলে পরে মু'আবিয়া (রাঃ) খলীফা নিযুক্ত হন।
অনুরূপভাবে ইয়াযীদের স্বল্পকালীন (৬০-৬৪হিঃ) খেলাফতের পরে তার পুত্র মু'আবিয়া খলীফা হ'লেও তিনি স্বেচ্ছায় খেলাফত ত্যাগ করলে এবং অন্যকে তার স্থলাভিষিক্ত না করলে মারওয়ান খলীফা হন। যিনি তার রক্ত সম্পর্কীয় ছিলেন না। অথচ আধুনিক বিশ্বে গণতন্ত্রের দেশগুলিতে আমরা দেখছি জাপান ও বৃটেন যুগ যুগ ধরে বংশপরম্পরায় তাদের সম্রাট ও রাণীকে মহা সম্মান ও মর্যাদায় রাষ্ট্রীয় খরচে লালন করে যাচ্ছে। গণতন্ত্রী দেশ ভারতে ও বাংলাদেশে পারিবারিক শাসন চলছে বিগত কয়েক যুগ ধরে।
পাকিস্তানে ১৯৬৪-এর নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে অনভিজ্ঞ ও অশীতিপর বৃদ্ধা মহিলা মিস ফাতিমা জিন্নাহকে প্রেসিডেন্ট পদে দাঁড় করিয়ে ধর্মনিরপেক্ষ ও বামপন্থী দলগুলির সাথে একই কাতারে থেকে তাঁকে ইসলামপন্থী অনেক দলের সমর্থন দানের পিছনে সম্ভবতঃ একটাই যুক্তি ছিল যে, মিস ফাতিমা হ'লেন পাকিস্তানের জনক মুহাম্মাদ আলী জিন্নাহর বোন। অতএব জিন্নাহর বোন হওয়ার সুবাদে মিস ফাতিমাকে সবাই সমর্থন করবে। যদি এটাই যুক্তি হয়, তাহ'লে এটা রাজতন্ত্রী চিন্তাধারা নয় কি?

টিকাঃ
১০. বিস্তারিত দ্রষ্টব্যঃ ইবনুল আরাবী, আল-আওয়াছেম মিনাল ক্বাওয়াছেম (রিয়াযঃ ১৪০৪/১৯৮৪) পৃঃ ২০০, ২০৭-২১০।
১১. দ্রঃ মুকাদ্দামা ইবনু খালদুন (বৈরুতঃ মুওয়াসসাসাতুল আ'লমী, তাবি) ৩০শ অধ্যায়, পৃঃ ২১১।

📘 ইসলামী খিলাফত ও নেতৃত্ব নির্বাচন 📄 আলী (রাঃ)-মু'আবিয়া (রাঃ) দ্বন্দ্বের প্রকৃতি

📄 আলী (রাঃ)-মু'আবিয়া (রাঃ) দ্বন্দ্বের প্রকৃতি


ইতিহাস সাক্ষ্য দেয় যে, হযরত আলী (রাঃ) ও হযরত মু'আবিয়া (রাঃ)-এর মধ্যকার দ্বন্দ্ব কখনোই খেলাফত দখলের দ্বন্দ্ব ছিল না। বরং তা ছিল হযরত ওছমান (রাঃ)-এর হত্যাকারীদের বিচারের দাবীতে সৃষ্ট দু'টি দলের ইজতিহাদী দ্বন্দ্ব। একদল চেয়েছিলেন সর্বাগ্রে ওছমানের রক্তের বদলা নেওয়া হৌক এবং দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী ছাহাবীগণ ইত্যবসরে রাজধানীতে সমবেত হয়ে খলীফা নির্বাচন করুন। হযরত জ্বালহা, যোবায়ের, সা'দ, সাঈদ প্রমুখ আশারায়ে মুবাশারাত্র চারজন সহ মু'আবিয়া, আয়েশা, আমর ইবনুল আছ, আব্দুল্লাহ ইবনু যুবায়ের প্রমুখ ছাহাবীগণ এই দলে ছিলেন। অন্যদলের দাবী ছিল সর্বাগ্রে খলীফা নির্বাচন হৌক। আপোষে বিরোধের এই সুযোগটি কাজে লাগিয়েছিল বাহ্যিকভাবে নও মুসলিম ইহুদী-খৃষ্টান কুচক্রীরা। ফলে সংঘটিত হয় উটের যুদ্ধ, ছিফফীনের যুদ্ধ প্রভৃতি। জানমালের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক।
শী'আ ও খারেজীদের বিপরীতমুখী দুই চরমপন্থী আক্বীদার বাইরে আহলেসুন্নাত ওয়াল জামা'আতের মধ্যপন্থী আক্বীদা হ'ল এই যে, ছাহাবায়ে কেরামের প্রত্যেকের বিষয়ে আমাদের এই সুধারণা পোষণ করতে হবে যে, তাঁরা কখনোই দুনিয়া লোভী ছিলেন না। তারা কখনোই ক্ষমতার মোহে পারষ্পরিক সংঘাতে লিপ্ত হননি। তাঁরা স্ব স্ব ইজতিহাদ বা রায় মোতাবেক কাজ করেছেন। যাতে ভুল ও শুদ্ধ দু'টিই হবার অবকাশ ছিল।

টিকাঃ
১২. ইবনু খালদুন, মুক্বাদ্দামা ২৮শ অধ্যায়, পৃঃ ২০৫।

📘 ইসলামী খিলাফত ও নেতৃত্ব নির্বাচন 📄 ইয়াযীদকে স্থলাভিষিক্ত করার কারণ

📄 ইয়াযীদকে স্থলাভিষিক্ত করার কারণ


অতঃপর মু'আবিয়া (রাঃ) কেন স্বীয় পুত্র ইয়াযীদকে তাঁর স্থলাভিষিক্ত করলেন, তার প্রধানতম কারণ ছিল ইসলামী খেলাফতকে টুকরা টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচানো। দ্বিতীয়তঃ ইয়াযীদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ) ব্যতীত সকল ছাহাবীর একমত হওয়া। তৃতীয়তঃ ঐ সময় সমাজে প্রভাব বিস্তারকারী বনু উমাইয়াগণ ইয়াযীদ ব্যতীত অন্য কারু ব্যাপারে রাযী না হওয়া।
অধিকন্তু ইয়াযীদকে স্থলভিষিক্ত করার ব্যাপারে হযরত মু'আবিয়া (রাঃ)-এর নিজের পক্ষ থেকে কোন প্রস্তাব ছিল না। বরং তৎকালীন সময়কার টাল-মাটাল রাজনৈতিক অবস্থার বিবেচনায় ছাহাবীগণের পক্ষ থেকেই প্রস্তাব এসেছিল। যাদের মুখপাত্র হিসাবে এটি পেশ করেছিলেন, খ্যাতনামা ছাহাবী হযরত মুগীরাহ বিন শো'বা (রাঃ)। নইলে হযরত মু'আবিয়া (রাঃ) ওমর ফারুকের অনুকরণে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দিয়ে একটি প্যানেল করে দিতে চেয়েছিলেন। যাদের মধ্য থেকে একজনকে লোকেরা খলীফা হিসাবে বেছে নিবে। তারা হলেনঃ (১) সাঈদ ইবনুল 'আছ (২) আবদুল্লাহ বিন 'আমের (৩) হযরত হুসায়েন (৪) মারওয়ান (৫) আবদুল্লাহ বিন ওমর (৬) আবদুল্লাহ বিন যুবায়ের। কিন্তু নাযুক রাজনৈতিক অবস্থার বিবেচনায় প্রবীণ ছাহাবী হযরত মুগীরাহ বিন শো'বা (রাঃ) তাঁকে ইয়াযীদের ব্যাপারে পরামর্শ দেন। প্রথমে ইতস্ততঃ করলেও পরে তিনি এতে একমত হন। ইয়াযীদের নিঃসন্দেহে যোগ্যতা ছিল। নইলে উম্মতের সেরা ব্যক্তিবর্গ তাঁকে খলীফা হিসাবে প্রস্তাবও করতেন না বা মেনেও নিতেন না। আর বাপের স্থলে যোগ্য ছেলে নেতা হওয়ায় শরী'আতে কোন বাধাও ছিল না। যাহাবী বলেন, আমরা ইয়াযীদকে গালিও দেব না, ভালো, বাসবো না। খলীফাদের মধ্যে তাঁর চাইতে নিম্নস্তরের অনেকে ছিলেন'। মূলতঃ শী'আদের একদেশদর্শী লেখনী দ্বারা প্রভাবিত হয়েই বহু ঐতিহাসিক ইয়াযীদকে কদর্যভাবে চিত্রিত করেছেন, যা প্রকৃত অবস্থা হ'তে অনেক দূরে। ইয়াযীদকে স্থলাভিষিক্ত করার ব্যাপারে মু'আবিয়া (রাঃ)-এর কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না। তাঁর এ পদক্ষেপ ছিল স্রেফ উম্মতে মুহাম্মাদীর সার্বিক কল্যাণ বিবেচনায় ও তার ব্যক্তিগত যোগ্যতার বিবেচনায়। ইয়ায়ীদের নাম ঘোষণার পরে মু'আবিয়া (রাঃ) জনসমক্ষে যে ভাষণ দেন, সেখানে তিনি বলেছিলেন, 'হে আল্লাহ! তুমি সবকিছু জানো। হে আল্লাহ! যদি আমি তাকে এজন্য স্থলাভিষিক্ত করে থাকি যে, সে যথার্থভাবেই এর যোগ্য, তাহ'লে তুমি তাকে পূর্ণ সফলতা দান কর। আর যদি এর মধ্যে আমার পুত্র স্নেহের আতিশয্য কার্যকর থাকে, তাহ'লে তুমি তোমার সাহায্যের হাত গুটিয়ে নাও। তুমি তাকে সফল হতে দিয়ো না'। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছিলেন যে, 'হে আল্লাহ! যদি ইয়াযীদকে তার যোগ্যতা ও গুণাবলীর কারণে আমি স্থলাভিষিক্ত করে থাকি, তাহ'লে তুমি তাকে সেই স্থানে পৌঁছে দাও, যার আমি আশা করি এবং তাকে সাহায্য কর। আর যদি এর পিছনে আমার পুত্রস্নেহ একান্ত কারণ হয়ে থাকে, তাহ'লে খলীফা হওয়ার পূর্বেই তাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও'।
অতএব উম্মতের বুযর্গ ছাহাবীগণের প্রতি সুধারণা রেখেই আমাদের সিদ্ধান্তে পৌঁছনো উচিত। বিশেষ করে মু'আবিয়া (রাঃ) সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ)-এর খাছ দো'আ রয়েছে, اَللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًا وَاهْدِ به 'হে আল্লাহ! তুমি তাকে সঠিক পথ প্রদর্শনকারী ও সঠিক পথের অনুসারী কর এবং তার মাধ্যমে লোকদের সঠিক পথ প্রদর্শন কর'। অতএব তখনকার পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় তিনি যে ইয়াযীদকে তাঁর স্থলাভিষিক্ত করেছিলেন, তা সঠিক কাজই করেছিলেন বলে আমাদের ধারণা রাখতে হবে。

টিকাঃ
১৩. ইবনু খালদুন, মুক্বাদ্দামা ৩০শ অধ্যায়, পৃঃ ২১০-২১১।
১৪. আল-বিদায়াহ-এর বরাতে 'খেলাফত ও মুলুকিয়াতঃ একটি ঐতিহাসিক ও ধর্মীয় পর্যালোচনা' পৃঃ ৪০৩।
১৫. সিয়ার, (বৈরুতঃ মুওয়াসসাসাতুর রিসালাহ ৩য় সংস্করণ ১৪০৫/১৯৮৫) ৪/৩৬ পৃঃ।
১৬. আল-বিদায়াহ-এর বরাতে 'খেলাফত ও মুলুকিয়াতঃ একটি ঐতিহাসিক ও ধর্মীয় পর্যালোচনা' পৃঃ ۴১৫।
১৭. যাহাবী, তারীখুল ইসলাম ২/২৬৭-এর বরাতে পূর্বোক্ত পৃঃ ৪১৫
১৮. তিরমিযী, সনদ ছহীহ; মিশকাত হা/৬২৩৫; ঐ, বঙ্গানুবাদ হা/৫৯৮৪ 'সমষ্টিগত ভাবে ফযীলতের বর্ণনা' অনুচ্ছেদ।

📘 ইসলামী খিলাফত ও নেতৃত্ব নির্বাচন 📄 রাজতন্ত্র, গণতন্ত্র ও খেলাফতের মধ্যকার পার্থক্য

📄 রাজতন্ত্র, গণতন্ত্র ও খেলাফতের মধ্যকার পার্থক্য


(১) রাজতন্ত্র ও গণতন্ত্র দু'টিই মানবরচিত মতবাদ। পক্ষান্তরে 'খেলাফত' আল্লাহ্র অনুমোদিত শাসন ব্যবস্থার নাম。
(২) রাজতন্ত্রে ও গণতন্ত্রে এক বা একাধিক মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতার মালিকানা। পক্ষান্তরে খেলাফতে আল্লাহই সার্বভৌম ক্ষমতার মালিক এবং বান্দা মালিকের প্রতিনিধি মাত্র。
(৩) রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানব রচিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। পক্ষান্তরে খেলাফতে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়。
(৪) রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষ মানুষের গোলামী করে। পক্ষান্তরে খেলাফতে মানুষ কেবল আল্লাহ্র গোলামী করে。
(৫) রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল। পক্ষান্তরে খেলাফতে অনুসৃত আল্লাহ্র আইন অপরিবর্তনীয়。
(৬) রাজতন্ত্রে ও গণতন্ত্রে হালাল-হারামের মালিক জনগণ। পক্ষান্তরে খেলাফতে উক্ত মালিকানা স্রেফ আল্লাহর হাতে。
(৭) রাজতন্ত্রে 'রাজা' এবং গণতন্ত্রে 'দলনেতা' সীমাহীন ক্ষমতার অধিকারী। পক্ষান্তরে খলীফা বা আমীরের ক্ষমতা আল্লাহ্র আইনের অধীনে নিয়ন্ত্রিত。
(৮) রাজতন্ত্রে রাজার নাবালক এমনকি অযোগ্য পুত্র-কন্যাগণ রাজা হ'তে পারে। অনুরূপভাবে গণতন্ত্রে দলীয় প্রভাবে অযোগ্য, অসৎ ও অদক্ষ লোক নেতা নির্বাচিত হ'তে পারে। কিন্তু ইসলামী খেলাফতে সৎ ও যোগ্য নির্বাচক মণ্ডলীর মাধ্যমে শরী'আত নির্ধারিত শর্তাদি পূরণ সাপেক্ষে সৎ ও আল্লাহভীরু যোগ্য ব্যক্তিই কেবল খলীফা বা আমীর নির্বাচিত হ'তে পারেন এবং শূরা সদস্য মনোনীত হ'তে পারেন。
(৯) রাজা কারুর নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নন। অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রী জাতীয় সংসদে জওয়াবদিহীতার নামে নিজ দলের এম,পি-দের হাততালি কুড়ান এবং বিরোধী দলের বাক্যবাণে আরও স্বেচ্ছাচারী ও প্রতিশোধকামী হয়ে ওঠেন। পক্ষান্তরে খলীফা বা আমীর আল্লাহভীরু শূরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তাঁরাও ইসলামী আদব রক্ষা করে আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁকে 'হক' পরামর্শ দিয়ে থাকেন。
(১০) রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তি ইচ্ছা বা দলীয় ইচ্ছাই প্রধান বিবেচ্য বিষয়। পক্ষান্তরে খেলাফতে আল্লাহর ইচ্ছাই প্রধান বিষয়। এমনকি কুরআন বা ছহীহ হাদীছের দলীল থাকলে 'আমীর' শূরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন। যেমন আবুবকর ছিদ্দীকু (রাঃ) উসামা বিন যায়েদকে জিহাদে প্রেরণের সময় এবং যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন。
(১১) রাজতন্ত্রে রাজাগণ আমৃত্যু এবং গণতন্ত্রে দলনেতা বা এম,পি-গণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারেন। কিন্তু খেলাফত ব্যবস্থায় খলীফা ও কর্মকর্তাগণের কার্যকালের মেয়াদ তাদের স্ব স্ব তাক্বওয়া ও যোগ্যতা থাকা পর্যন্ত সীমায়িত。
(১২) রাজতন্ত্রে রাজাদেশই চূড়ান্ত। পক্ষান্তরে গণতন্ত্রে 'অধিকাংশের রায়ই চূড়ান্ত'। ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হ'লেও তা অনেক সময় বিবেচনায় আনা হয় না। পক্ষান্তরে ইসলামে অহি-র বিধানই চূড়ান্ত। সেকারণ এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু সবারই ন্যায্য স্বার্থ সংরক্ষিত হয়。
(১৩) রাজতন্ত্রে রাজা হওয়ার চেষ্টা চলে এবং গণতন্ত্রে ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দল গঠন করা হয়। পক্ষান্তরে 'খেলাফত' ব্যবস্থায় পদ ও ক্ষমতা দখলের আকাংখা ও প্রচেষ্টা দু'টিই নিষিদ্ধ।

ফন্ট সাইজ
15px
17px