📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ভাষাপ্রীতি

📄 ভাষাপ্রীতি


ভাষাপ্রীতিকে ইসলাম প্রত্যাখ্যান করে না। যেমনটি আমরা পূর্বে আলোচনা করেছি যে, প্রত্যেক মানুষেরই জন্মভূমির প্রতি স্বভাবজাত ভালোবাসা থাকে, দেশের প্রতি থাকে আলাদা এক ধরনের টান। তেমনই ভাষা হলো বিভিন্ন সমাজের মাঝে জন্মগত সূত্রে প্রাপ্ত একটি বিষয়। এটি মানুষের অভ্যাসের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সমাজে যার রূপ বিভিন্ন রকমের হয়ে থাকে। এ ভাষা তাদের মনের অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। তাই নিজ মাতৃভাষার প্রতি টান থাকাটা কিছুতেই দোষণীয় কিছু নয়।

এ ক্ষেত্রে আরবি ভাষা কিছুটা ভিন্ন। কারণ, আরবি ভাষা সম্মানিত ও মর্যাদাপূর্ণ একটি ভাষা। ইসলাম আরবি ভাষা শিখতে, এ ভাষার শব্দাবলি আয়ত্তে আনতে ও এর মিষ্টতা অনুভব করতে উৎসাহিত করে। কেননা, আরবি ভাষা কুরআন ও সুন্নাহ বুঝার মাধ্যম। সম্মানিত এ কিতাবের মর্যাদা, গুরুত্ব ও অলৌকিকত্ব বোঝার সরাসরি পথ। তা ছাড়া আরবি ভাষা মুসলমানদের ভালোবাসার ভাষা ও ধর্মীয় একটি প্রতীক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন:
فإنَّ اللسان العربي شعار الإسلام ও أههলে
'নিশ্চয়ই আরবি ভাষা হলো ইসলাম ও মুসলমানদের ঐতিহ্য।' ৯১৩

তবে কোনো ভাষার প্রেম যদি মুসলমানদের ঐক্যে ফাটল ধরায়, ইসলামের স্বার্থকে অগ্রাহ্য করে—সর্বোপরি ভাষার জন্য রক্তপাত হয়, তাহলে তা ইসলাম কখনোই সমর্থন করে না। নিজ ভাষায় কথা বলার স্বাধীনতা সবারই আছে, কিন্তু কারও ওপর নিজের ভাষাকে চাপিয়ে দেওয়া বা ভাষার জন্য সশস্ত্র যুদ্ধে নেমে পড়া সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি। ইসলামি শরিয়ত এমন ভাষাপ্রেমকে কখনো সমর্থন করে না।

টিকাঃ
৯১৩. ইকতিজাউস সিরাতিল মুসতাকিম: ১/৫১৯ (দারু আলামিল কুতুব, বৈরুত)।

ফন্ট সাইজ
15px
17px