📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 উটের নিসাব

📄 উটের নিসাব


উটের জন্য সর্বনিম্ন নিসাব হলো পাঁচটি সায়িমা উট। এর কমে কারও উট থাকলে তার ওপর জাকাত আবশ্যক হবে না। সুতরাং যদি উট পাঁচটি থেকে নয়টি পর্যন্ত হয়, তাহলে তাতে একটি ছাগল জাকাত হিসাবে দিতে হবে। যদি দশটি থেকে চৌদ্দটি পর্যন্ত হয়, তাহলে তাতে দুটি ছাগল দিতে হবে। যদি পনেরোটি থেকে উনিশটি পর্যন্ত হয়, তাহলে তাতে তিনটি ছাগল দিতে হবে। আর যদি বিশটি থেকে চব্বিশটি পর্যন্ত হয়, তাহলে তাতে চারটি ছাগল দিতে হবে। আর যদি উট পঁচিশটি হয়ে যায়, তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত তাতে একটি বিনতে মাখাজ (এক বছর শেষ করে দ্বিতীয় বছরে পদার্পণকারী উটের মাদি বাচ্চা) দিতে হবে। এরপর ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত একটি বিনতে লাবুন (দুবছর শেষ করে তৃতীয় বছরে পদার্পণকারী উটের মাদি বাচ্চা) দিতে হবে। এরপর ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত একটি হিক্কা (তিন বছর শেষ করে চতুর্থ বছরে পদার্পণকারী উটের বাচ্চা) দিতে হবে। এরপর একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত একটি জাজাআ (চার বছর শেষ করে পঞ্চম বছরে পদার্পণকারী উটের বাচ্চা) দিতে হবে। এরপর ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত দুটি বিনতে লাবুন দিতে হবে। এরপর একানব্বই থেকে একশ বিশ পর্যন্ত দুটি হিক্কা দিতে হবে।

এ ব্যাপারে আবু বকর থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। এখানে তার কিয়দাংশ উল্লেখ করা হলো। তিনি পত্রে লিখেছেন :
'হাজিহি ফারীদাতুস সাদাকাতিল লাতি ফারাদ্বাহা রাসুলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলাল মুসলিমিনা... ফিমা দুনা খামসিন ওয়া ইশরিনা মিনাল ইবিলি আল-গানামু ফী কুল্লি খামসি যাওদিন শাতুন...'
(এটি রাসুলুল্লাহ ﷺ কর্তৃক মুসলিমদের ওপর ধার্যকৃত জাকাতের নিসাব, যা আল্লাহ তাআলা তাঁর ওপর ফরজ করেছেন। অতএব, যে মুসলমানের কাছ থেকে জাকাতের জন্য তা চাওয়া হবে, সে যেন তা দান করে। যদি কারও কাছে অতিরিক্ত চাওয়া হয়, তাহলে সে যেন নিসাবের অতিরিক্ত দান না করে। যদি কারও চব্বিশটি পর্যন্ত উট থাকে তাহলে সে প্রতি পাঁচটিতে একটি করে ছাগল দেবে। আর যদি পঁচিশটি উট হয়, তাহলে পঁয়ত্রিশটি পর্যন্ত উটের জন্য একটি বিনতে মাখাজ দেবে। ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত উটের জন্য একটি বিনতে লাবুন দেবে। উটের সংখ্যা ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত হলে আরোহণের উপযোগী একটি হিক্কা দেবে। উটের সংখ্যা একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত হলে একটি জাজাআ দেবে। উটের সংখ্যা ছিয়াত্তর থেকে নব্বই হলে দুটি বিনতে লাবুন দেবে। উটের সংখ্যা একানব্বই থেকে একশ বিশ পর্যন্ত হলে আরোহণের উপযোগী দুটি হিক্কা দেবে। এরপর উটের সংখ্যা একশ বিশ অতিক্রম করলে প্রত্যেক চল্লিশে একটি বিনতে লাবুন এবং প্রত্যেক পঞ্চাশে একটি হিক্কা দেবে।)

টিকাঃ
৮৩৬. বাদায়িউস সানায়ি: ২/২৬-২৭ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
৮৩৭. সুনানু আবি দাউদ: ২/৯৬-৯৭, হা. নং ১৫৬৭ (আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 গরুর নিসাব

📄 গরুর নিসাব


গরুর সর্বনিম্ন নিসাব ত্রিশটি সায়িমা গরু। যদি কারও ত্রিশটির কম গরু থাকে, তাহলে তার ওপর কোনো জাকাত আসবে না। সুতরাং ত্রিশটি থেকে উনচল্লিশটি সায়িমা গরু থাকলে তাতে একটি তাবি বা একটি তাবিয়া (এক বছর বয়সের গরুর নর বা মাদি বাছুর) দিতে হবে। আর যদি চল্লিশটি হয়, তাহলে তাতে একটি মুসিন্না (দুবছর বয়সের নর বা মাদি বাছুর) দিতে হবে। এরপর উনষাটটি পর্যন্ত অতিরিক্ত আর অন্য কিছু দিতে হবে না। ষাটটি হলে তাতে দুটি তাবি দিতে হবে। সত্তরটি হলে একটি তাবি ও একটি মুসিন্না দিতে হবে। এভাবে প্রত্যেক দশে জাকাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।

মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন :
'লাম্মা বাআছাহু রাসুলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলাল ইয়ামানি আমারাহু আইঁ ইয়াকুজা মিন কুল্লি ছালাছিনা মিনাল বাক্বারি তাবিআন আও তাবিআতান, ওয়ামিন কুল্লি আরবাঈনা মুসিন্নাতান'
(যখন রাসুলুল্লাহ তাঁকে ইয়ামানে প্রেরণ করেন, তখন তিনি তাঁকে প্রতি ত্রিশটি গরু থেকে একটি তাবি বা একটি তাবিয়া তথা এক বছর বয়সের বাছুর বা বকনা এবং প্রতি চল্লিশটি গরু থেকে একটি মুসিন্না তথা দুবছর বয়সের বাছুর গ্রহণ করতে বলেছেন।)

টিকাঃ
৮৩৮. সুনানুন নাসায়ি: ৫/২৬, হা. নং ২৪৫২ (মাকতাবুল মাতবুআতিল ইসলামিয়্যা, হালব) - হাদিসটি সহিহ।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ছাগলের নিসাব

📄 ছাগলের নিসাব


সর্বনিম্ন চল্লিশটি ছাগল থাকলে জাকাত ওয়াজিব হয়। এর কমে ছাগলের ওপর কোনো জাকাত নেই। সুতরাং চল্লিশ থেকে একশ বিশ পর্যন্ত একটি ছাগল দিতে হবে। একশ একুশ থেকে দুইশ পর্যন্ত দুটি ছাগল দিতে হবে। দুইশ এক থেকে তিনশ পর্যন্ত তিনটি ছাগল দিতে হবে। এর পরে প্রত্যেক একশর মধ্যে একটি করে ছাগল দিতে হবে।

রাসুলুল্লাহ ﷺ বলেন:
'ওয়াফী সা-ইমাতিল গানামি ইযা কানাত আরবাঈনা, ফাফিহা শাতুন ইলা ইশরিনা ওয়ামিয়াতিন, ফাইযা যাদাত আলা ইশরিনা ওয়ামিয়াতিন, ফাফিহা শাতানি ইলা আইঁ তিবলুগা মিয়াতাইনি...'
(যদি সায়িমা ছাগল চল্লিশ থেকে একশ বিশ পর্যন্ত হয়, তাহলে তাতে একটি ছাগল জাকাত হিসাবে দিতে হবে। এরপর ছাগল একশ একুশ থেকে দুইশ পর্যন্ত বৃদ্ধি পেলে তাতে দুটি ছাগল জাকাত দিতে। এরপর ছাগল দুইশর বেশি হলে তিনশটি পর্যন্ত তিনটি ছাগল জাকাত দিতে হবে। আর তিনশর পর প্রত্যেক একশ ছাগলের মধ্যে একটি করে ছাগল জাকাত দিতে হবে।)

টিকাঃ
৮৩৯. সুনানু আবি দাউদ: ২/৯৭, হা. নং ১৫৬৭ (আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।

ফন্ট সাইজ
15px
17px