📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 এক. الزكاة - জাকাত

📄 এক. الزكاة - জাকাত


জাকাতের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। পরিভাষায়, নিসাব পরিমাণ সম্পদে শরিয়া কর্তৃক নির্দিষ্ট অংশকে জাকাত বলে।

জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান; বরং তা দ্বীনে ইসলামের একটি ভিত্তি। ইবনে উমর থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
'বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহি, ওয়া ইকামিস সালাতি, ওয়া ইতায়িজ জাকাতী, ওয়া সাওমি শাহরি রামাদ্বানা, ওয়া হাজ্জিল বাইতি'
(পাঁচটি জিনিসের ওপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসুল, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা ও হজ করা।)

পবিত্র কুরআন ও হাদিসে জাকাত সম্পর্কে অসংখ্য নস বর্ণিত আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ }
'আর নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।'

তিনি জাকাত আদায়কারীদের প্রশংসা করে বলেন:
{ فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ - رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ }
'আল্লাহ যেসব ঘরকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করা আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন কিছু লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেদিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।'

ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ যখন মুআজকে ইয়ামানে প্রেরণ করার সময় এই কথা বলেছেন :
'আন্নাল্লাহা ইফতারা দ্বা আলাইহিম সাদাক্বাতান ফী আমওয়ালিহিম তু'খাজু মিন আগনিয়াইহিম ওয়াতুরাদ্দু আলা ফুকারায়িহিম'
(আল্লাহ তাআলা তাদের ওপর জাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বণ্টন করা হবে।)

মানুষের মাঝে সামাজিক ভ্রাতৃত্ব-বন্ধন বৃদ্ধির একটি ন্যায়সংগত মাধ্যম হলো জাকাত। এটি ইসলামি আকিদার একটি সুন্দরতম দিক, যা মুসলিমদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং অপর ভাইয়ের প্রয়োজন পূরণের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। তা ছাড়া সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য এটি একটি কার্যকর প্রক্রিয়াও বটে। অনেকে এটিকে দরিদ্রদের ওপর অনুগ্রহ মনে করে। অথচ জাকাত কোনো অনুগ্রহ নয়; বরং তা দেওয়া তাদের ওপর ওয়াজিব এবং আল্লাহর দেওয়া আমানত, যা না দিলে তাদের জিম্মায় তা অনাদায়ী থেকে যায়।

আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ }
'আর যাদের ধন-সম্পদে নির্ধারিত আছে যাঞ্চাকারী ও বঞ্চিতের অধিকার।'

জাকাত আদায়ের একটি সুফল হচ্ছে, তা ধনীদের অন্তরকে কৃপণতা, অহমিকা, হিংসা-বিদ্বেষ ও স্বজনপ্রীতি থেকে পবিত্র রাখে। জাকাতের দ্বারা দাতা ও গ্রহীতার মাঝে সম্পর্ক সৃষ্টি হয়।

টিকাঃ
৮২৬. আল-মুজামুল অসিত: ১/৩৯৬ (দারুদ দাওয়াহ, ইসকানদারিয়া)
৮২৭. সহিহুল বুখারি : ১/১১, হা. নং ৮ (দারু তাওকিন নাজাত, বৈরুত)
৮২৮. সুরা আল-বাকারা : ৪৩
৮২৯. সুরা আন-নুর: ৩৬-৩৭
৮৩০. সহিহুল বুখারি: ২/১০৪, হা. নং ১৩৯৫ (দারু তাওকিন নাজাত, বৈরুত)
৮৩১. সুরা আল-মাআরিজ: ২৪

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 দুই. খারাজ

📄 দুই. খারাজ


(الخراج) আল-খারাজ আভিধানিক অর্থে জমিনে উৎপাদিত ফসল। ‘মা ওয়াদাআ আলা রিকাবিল আরদি মিন হুকুুুনি তুয়াদ্দা আনহা’ অর্থাৎ জমির ওপর যে নির্ধারিত প্রাপ্য ধার্য করা হয়, তাকে খারাজ বলা হয়।

খারাজের ভূমি মূলত জিহাদের মাধ্যমে দখলকৃত বা সন্ধির কারণে অমুসলিমদের হাত থেকে মুসলিমদের হাতে আসা ভূমি। এ ক্ষেত্রে ভূমিকে চার ভাগে ভাগ করা যায়।

প্রথমত, যে ভূমি সম্পূর্ণভাবে মুসলিমগণ আবাদ করেছেন। এ ধরণের ভূমি ওশরি হবে, খারাজি নয়। অর্থাৎ যে ভূমি কোনো মুসলিম আবাদ করেছে, তা তার মালিকানায় থাকবে। হাদিসের ভাষ্য হলো : 'মান আহইয়া আরদান মাইয়িতাতান ফাহিয়া লাহু' (মালিকানাহীন কোনো অনাবাদি জমি যে মুসলিম আবাদ করল, তা তার মালিকানায়।)

দ্বিতীয়ত, যে ভূমির আবাদকারী অমুসলিম। এরপর সে ইসলাম কবুল করল। তাহলে সে-ই উক্ত জমির ব্যাপারে অধিক হকদার এবং সে-ই তার মালিক হবে। যেমন মদিনা, তায়েফ, ইয়ামান, বাহরাইন। এ ধরনের ভূমি শাফিয়ি মাজহাবে ওশরি ভূমি হিসাবে বিবেচিত হয়। কিন্তু ইমাম আবু হানিফা-এর মতে রাষ্ট্রপ্রধান এ বিষয়ে অনুমতিপ্রাপ্ত যে, তিনি ওশরি ও খারাজির মধ্য হতে যেটার মাঝে মুসলিমদের অধিক কল্যাণ মনে করবেন, সে অনুসারেই ফয়সালা করবেন। সুতরাং যদি সে সকল ভূমি ওশরি ভূমির অন্তর্ভুক্ত করলে মুসলিমদের কল্যাণ অধিক হয়, তবে তাই করবে। আর ওশরি না রেখে যদি খারাজি ভূমির অন্তর্ভুক্ত করা হলে অধিক কল্যাণকর হয়, তবে তা খারাজি ভূমির অন্তর্ভুক্ত বলে ঘোষণা দেবে।

তৃতীয়ত, মুসলিমগণ কাফিরদের থেকে যুদ্ধ করে যে ভূমি দখল করেছে, তা মুজাহিদদের মধ্যে ভাগ করে না দেওয়া হলে সে সকল ভূমি মুসলমানদের সাধারণ মালিকানায় চলে যায়। যেমন ইরাক, মিসর, শাম ও এগুলোর আশপাশের অঞ্চলসমূহ, এমনিভাবে পারস্যের অনেক এলাকা। এ ধরনের ভূমি তার পূর্বের মালিকদের মালিকানা থেকে বের হয়ে গেলেও জমিগুলো তাদের অধীনেই থাকবে, যেন তারা তাতে কর্মচারী ও চাষাবাদকারী হিসাবে কাজ করতে পারে। তারপর এসব জমিকে খারাজি ভূমির অন্তর্ভুক্ত করা হবে। প্রথমবার খারাজ ধার্য করা হয় উমর ফারুক (রা)-এর সাথে উসমান ও আলি এবং অন্য একদল সাহাবায়ে কিরামের পারস্পরিক আলোচনা ও তর্ক-বিতর্কের পর, যাদের মধ্যে আছেন বিলাল, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ ও প্রমুখ সাহাবায়ে কিরাম। তাঁরা বলেছিলেন যে, যুদ্ধে বিজিত ভূমি পাঁচ ভাগ করা হবে। এক-পঞ্চমাংশ দেওয়া হবে যোদ্ধাদের। আর বাকি সব হবে ইসলামি রাষ্ট্রের। কিন্তু উমর তাঁর অন্তর্দৃষ্টি থেকে বললেন, এ বিরাট ভূমি যোদ্ধাদের মাঝে ভাগ করে দিলে সম্পদকে সীমাবদ্ধকরণ হবে এবং তা কিছু মানুষের মাঝে পুঞ্জীভূত হয়ে যাবে। আগত প্রজন্ম এ থেকে বঞ্চিত হবে। সীমান্ত রক্ষায়, সীমান্তরক্ষীদের প্রয়োজনীয় অস্ত্র ক্রয় করার ক্ষেত্রে এ অর্থের প্রয়োজন পড়বে। শহর আবাদকরণ ও অবকাঠামো নির্মাণে, যেমন: পথ, সেতু, পুল, মসজিদ নির্মাণসহ বিভিন্ন জনহিতকর কাজের জন্য এ অর্থের প্রয়োজন পড়বে।

অতঃপর বিরোধিতাকারীদের সাথে উমর (রা)-এর দীর্ঘ আলোচনার পর তিনি কিতাবুল্লাহ থেকে নির্দেশনা বুঝতে পারেন, যেখানে বিজিত অঞ্চলে আগামী প্রজন্মের অংশের কথা সাব্যস্ত হয়েছে। সে সকল আয়াত হলো : {মَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ...} 'আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রাসুলকে যা দিয়েছেন, তা আল্লাহর, তাঁর রাসুলের, তাঁর আত্মীয়-স্বজনের, এতিমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধন-সম্পদ কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়...।'

আল্লাহ তাআলার এ বাণীর কারণে আগামী প্রজন্মের জন্য এসব গনিমতের মাঝে অধিকার থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। উমর এ আয়াতের আলোচনায় বলেন, 'এ আয়াতটি সকল মুসলমানকে অন্তর্ভুক্ত করে নিয়েছে, ফলে এতে সকল মুসলমানের হক রয়েছে।' তারপর উমর এ ধরনের ভূমিগুলোকে পূর্বের মালিকদের হাতে রেখে দেন, যেন তারা এতে কর্মচারী ও চাষাবাদকারী হিসাবে থাকে। এটিই জমহুর আহলে ইলমের মত। তবে ইমাম শাফিয়ি বলেন, বিজিত ভূমি মালে গনিমতের অংশ। আয়াত অনুসারে তাকে পাঁচ ভাগ করতে হবে। যদি তারা সন্তুষ্টচিত্তে তা ছেড়ে দেয়, তবে তা সকল মুসলমানের কল্যাণে ব্যয় হবে। ইমাম আবু হানিফা-এর মতে, এ বিষয়ে রাষ্ট্রপ্রধানের স্বাধীনতা রয়েছে। তিনি মুসলিমদের জন্য কল্যাণকর বলে যা মনে করবেন, সে অনুপাতেই ফয়সালা করবেন।

চতুর্থত, মুশরিকদের হাতে থাকা ভূমি সন্ধির মাধ্যমে মুসলিমদের নিয়ন্ত্রণে আসলে এ ধরনের ভূমির হুকুম আগের প্রকারের ন্যায়। অর্থাৎ এসব জমি খারাজি হিসাবে বিবেচিত হবে। তারা জিজিয়া দেওয়ার সাথে সাথে এগুলোর খারাজও দেবে। খারাজের ভূমিগুলো তাদের পূর্বের মালিকদের হাতেই থাকবে। এ ভূমিগুলোর প্রকৃত মালিক হবে ইসলামি রাষ্ট্র এবং রাষ্ট্রপক্ষ থেকে এসব ভূমির খারাজ উত্তোলন করা হবে। রাষ্ট্রপ্রধানকে খারাজের পরিমাণ নির্দিষ্টকরণের বিষয়ে খেয়াল রাখতে হবে। তাকে দেখতে হবে জমিন উত্তমমানের নাকি নিম্নমানের এবং সেচ পদ্ধতির ধরন কী রকম।

টিকাঃ
৮৫৬. আল-মুজামুল অসিত: পৃ. নং ২২৪ (দারুদ দাওয়াহ, ইসকানদারিয়া)
৮৫৭. আত-তারিফাত, জুরজানি: পৃ. নং ৯৮ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
৮৫৮. সুনানু আবি দাউদ: ৩/১৭৮, হা. নং ৩০৭৩ (আল-মাকতাবাতুল আসরিয়‍্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।
৮৫৯. সুরা আল-হাশর: ৭-১০
৮৬০. তাফসিরু ইবনি কাসির: ৮/১০২-১০৩ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
৮৬১. আল-আহকামুস সুলতানিয়া: পৃ. নং ২৩০ (দারুল হাদিস, কায়রো)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 তিন. ওশর

📄 তিন. ওশর


ইসলামি রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সীমান্ত পার হওয়া ব্যবসায়ীদের থেকে যে নির্দিষ্ট পরিমাণ অংশ আদায় করে থাকেন, তাকে ওশর বলা হয়। তা কখনো পণ্যের দশ ভাগের একভাগ, কখনো বিশ ভাগের একভাগ এবং কখনো চল্লিশ ভাগের এক ভাগ হয়ে থাকে। উমর (রা)-এর সিদ্ধান্ত থেকে এরকমই প্রমাণিত।

ইমাম আবু হানিফা (রহ) বলেন, দারুল ইসলাম থেকে মুসলিম ব্যবসায়ী দারুল হারবে গেলে যদি তারা শুল্ক নেয় তাহলে তাদের দেশ থেকে কোনো ব্যবসায়ী আমাদের দেশে এলে আমরাও তাদের থেকে ওশর বা শুল্ক নেব। একবার আবু মুসা আশআরি (রা) উমর (রা)-এর নিকট লিখে পাঠালেন, আমাদের মুসলিম ব্যবসায়ী ভাইয়েরা যখন দারুল হারবে যায়, তখন তারা মালের এক-দশমাংশ শুল্ক হিসাবে নিয়ে নেয়। উত্তরে উমর (রা) লিখে পাঠান, তারা যেরকম মুসলিম ব্যবসায়ীদের থেকে নিয়ে থাকে আপনিও তাদের কাছ থেকে সেরূপ (এক-দশমাংশ) নিন। জিম্মিদের থেকে বিশ ভাগের এক ভাগ আর মুসলিমদের থেকে (যাকাত হিসাবে) চল্লিশ দিরহামে এক দিরহাম নিন।

আবু দাউদের বর্ণনায় এসেছে: 'ইন্নামাল উশুরু আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ওয়ালাইসা আলাল মুসলিমিনা উশুরুন' (ওশর ইহুদি ও খ্রিষ্টানদের ওপর ধার্যকৃত। মুসলিমদের ওপর ওশর প্রযোজ্য নয়।)

ইমাম কর্তৃক নিয়োগপ্রাপ্ত ওশর আদায়কারী ব্যবসায়ীদের সীমান্ত পার হওয়ার সময় এ ওশর উত্তোলন করবে। ব্যবসায়ীদের কাছ থেকে বছরে একবারের বেশি উত্তোলন করবে না। বর্ণিত আছে যে, একবার এক বৃদ্ধ খ্রিষ্টান থেকে একই বছর দুবার ওশর নেওয়া হয়। তখন খ্রিষ্টানটি উমর বিন খাত্তাব-এর নিকট এসে অভিযোগ করলে উমর বললেন, 'তার এমন করা উচিত হয়নি; বরং তা বছরে একবারই দিতে হয়।'

টিকাঃ
৮৬২. আওনুল মাবুদ : ৮/২০৮ (দারুল কুতুবিল ইসলামিয়্যা, বৈরুত)
৮৬৩. আল-খারাজ, ইমাম আবু ইউসুফ: পৃ. নং ১৪৮-১৪৯ (আল-মাকতাবুল আজহারিয়‍্যা)
৮৬৪. আল-আমওয়াল, আবু উবাইদা: পৃ. নং ৬৪০ (দারুল ফিকর, বৈরুত)
৮৬৫. সুনানু আবি দাউদ: ৩/১৬৯, হা. নং ৩০৪৬ (আল-মাকতাবাতুল আসরিয়‍্যা, বৈরুত) - হাদিসটি জইফ।
৮৬৬. আল-আমওয়াল, আবু উবাইদা: পৃ. নং ৬৪৬ (দারুল ফিকর, বৈরুত)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চার. ফাই

📄 চার. ফাই


(الفيء) আল-ফাই এর অর্থ হলো এমন ছায়া যা সূর্যের কিরণকে দূর করে দেয়। শরিয়তের পরিভাষায় ফাই বলা হয়, যে সম্পদ দ্বীনের শত্রুদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করা ব্যতীতই তাদের উচ্ছেদ বা তাদের ওপর জিজিয়া আরোপের মাধ্যমে আল্লাহ দান করেন।

এ সম্পদ রাসুলুল্লাহ ﷺ ও মুসলমানদের জন্য। জাকাতের সম্পদে রাসুলুল্লাহ ﷺ-এর কোনো অংশ ছিল না। তাঁর জীবদ্দশায় ফাইয়ের অর্থ থেকে তিনি নিজের ও তাঁর পরিবারের ব্যয়ভার বহন করতেন। ফাইয়ের অর্থ থেকে যা কিছু উদ্বৃত্ত থাকত, তা মুসলিমদের কল্যাণে ব্যয় হতো। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন :
{ وَمَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ... }
'আল্লাহ ইহুদিদের কাছ থেকে রাসুলকে যে ফাই দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে আরোহণ করে যুদ্ধ করোনি...।'

আল্লাহ তাআলা সে সকল সম্পদের ক্ষেত্রে সর্বকালে ও সর্বস্থানে এ হুকুম আরোপিত হওয়ার ব্যাপারে বলেন :
{ مَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ... }
'আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রাসুলকে যা কিছু দিয়েছেন, তা আল্লাহর, তাঁর রাসুলের, রাসুলের স্বজনদের, এতিমদের, অভাবগ্রস্ত ও মুসাফিরদের; যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান, কেবল তাদের মধ্যেই ধন-সম্পদ পুঞ্জীভূত না হয়...।'

সুতরাং বলা যায়, যুদ্ধ ও লড়াই ব্যতীত কাফিরদের থেকে পাওয়া সম্পদকে ফাই বলা হয়। রাসুলুল্লাহ ﷺ ও সকল মুসলমানের জন্য তা বৈধ। তা মুসলিমদের বিপদাপদে ও তাদের কল্যাণে ব্যয় হবে। যেমন: ফকির, মিসকিন, এতিম ও মুসাফিরদের সাহায্যে এবং রাস্তা, সেতু, বাঁধ, মসজিদ ইত্যাদি নির্মাণে ব্যয় করা হবে।

টিকাঃ
৮৬৭. আল-কামুসুল মুহিত: পৃ. নং ৪৮ (মুআসসাসাতুর রিসালা, বৈরুত)
৮৬৮. আত-তারিফাত, জুরজানি: পৃ. নং ১৭০ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
৮৬৯. সুরা আল-হাশর: ৬
৮৭০. সুরা আল-হাশর: ৭
৮৭১. তাফসিরুল কুরতুবি: ৮/১১ (দারুল কুতুবিল মিসরিয়‍্যা, কায়রো)

ফন্ট সাইজ
15px
17px