📄 সাত. মিরাসি সম্পত্তি
হালাল সম্পদ অর্জনের সবচেয়ে নিরেট ও বিশুদ্ধ মাধ্যম হলো, মিরাসি বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি। নিজের পিতা, মাতা, বোন, স্বামী-স্ত্রী, সন্তান বা অন্য আত্মীয়দের মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদ থেকে শরিয়ত নির্ধারিত যে অংশে মালিকানা সাব্যস্ত হয়, সেটাই মূলত মিরাসি সম্পত্তি। ইসলামি শরিয়তে মিরাসি সম্পত্তির ব্যাপারে খুবই সতর্ক, সূক্ষ্ম, ভারসাম্যপূর্ণ, ন্যায়সংগত ও চমকপ্রদ বণ্টননীতি বর্ণনা করা হয়েছে। এ বিধান ওয়ারিসদের ক্ষেত্রে যেমন উপযোগী, তেমনই মানুষের ফিতরি বা সৃষ্টগত চাহিদার সাথেও সামঞ্জস্যপূর্ণ। ইসলামের এমন সূক্ষ্ম বণ্টননীতি পরিবারের সদস্যদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং আত্মীয়-স্বজনদের যথাযথ হকপ্রাপ্তি নিশ্চিত করে।
উত্তরাধিকার সম্পদের সংক্ষিপ্ত বিবরণ
যদি কেউ তার সম্পদ ও উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করে, তাহলে তার সম্পদ উত্তরাধিকারীদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে শরিয়ার নীতি হলো :
* পুরুষ নারীর দ্বিগুণ পাবে। কারণ, একজন পুরুষের ওপর পরিবারের সকল ধরনের খরচ নির্ভর করে। উদাহরণত ভরণপোষণ, ওষুধ-পত্র, শিক্ষা-দীক্ষা ইত্যাদি সকল খরচ পুরুষকেই বহন করতে হয়। অপরদিকে এসব জিনিসের কোনোটি নারীদের দায়িত্ব নয়; বরং এ দৃষ্টিকোণ থেকে নারী হচ্ছে সচ্ছল এবং তার অভিভাবক বা স্বামী হচ্ছে অসচ্ছল। আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ يُوصِيكُمُ اللهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ }
'আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন যে, পুরুষের জন্য দুজন নারীর অংশ রয়েছে।' ৭৬৩
* এমনিভাবে কেউ যদি একটি কন্যা সন্তান রেখে মারা যায় বা একাধিক কন্যা রেখে মারা যায় এবং তার কোনো ছেলে না থাকে, তাহলে এক মেয়ের জন্য সমুদয় সম্পত্তির অর্ধেক। আর মেয়ে দুই বা ততোধিক হলে তারা সবাই মিলে সমুদয় সম্পদের দুই-তৃতীয়াংশ পাবে। আল্লাহ তাআলা বলেন:
{ فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ }
'অতঃপর যদি শুধু নারীই হয় দুয়ের অধিক, তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পদের তিন ভাগের দুভাগ এবং যদি একজন হয়, তবে তার জন্য অর্ধেক।' ৭৬৪
* যদি কেউ ছেলে বা মেয়ে রেখে মারা যায়, তাহলে তার পিতা-মাতা জীবিত থাকলে প্রত্যেকে এক-ষষ্ঠাংশ করে পাবে। আর যদি মৃত ব্যক্তির কোনো ছেলে-মেয়ে না থাকে, তাহলে তার সম্পদ আসাবা হিসাবে পিতা-মাতাই পাবে। মাতা পাবে এক-তৃতীয়াংশ এবং পিতা পাবে দুই-তৃতীয়াংশ। শর্ত হলো, মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই থাকতে পারবে না। যদি তার একাধিক ভাই থাকে, তাহলে তাদের মা তার নির্ধারিত এক-ষষ্ঠাংশ পাওয়ার পর অবশিষ্ট সম্পদ পাওয়া থেকে মাহজুব তথা বঞ্চিত হবে। তিনি শুধু এক ষষ্ঠাংশেরই মালিক হবেন, বাকি অংশ আসাবা হিসাবে পিতা পেয়ে যাবে। মৃত ব্যক্তির সম্পদ বণ্টনের আগে তার কৃত অসিয়ত পূরণ করতে হবে এবং তার ঋণ আদায় করতে হবে। তারপর সম্পদ বণ্টন করা হবে। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এই বণ্টননীতির ব্যতিক্রম করার কারও সুযোগ নেই। এই পদ্ধতিতে মিরাসের সম্পদ বণ্টন করা ফরজ। কেউ যেন তার পিতা বা সন্তানসন্ততির পক্ষাবলম্বন করে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ না করে।
মিরাসের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা:
{ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ ۗ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا ۚ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا }
'মৃতের পিতা-মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যাজ্য সম্পত্তির ছয় ভাগের এক ভাগ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতা-মাতাই ওয়ারিস হয়, তবে মাতা পাবে তিন ভাগের এক ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির কৃত অসিয়ত পূরণ কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' ৭৬৫
* যদি কোনো মহিলা তার স্বামী ও সম্পদ রেখে মারা যায় এবং তার কোনো ছেলে-মেয়ে না থাকে, তাহলে তার স্বামী অর্ধেক পাবে। আর যদি তার কোনো সন্তান থাকে, তাহলে তার স্বামী এক-চতুর্থাংশ পাবে। তবে তার আগে অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধ করতে হবে। যদি পুরুষ তার স্ত্রী রেখে মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে, তাহলে তার স্ত্রী এক-চতুর্থাংশ পাবে। আর যদি তার সন্তান থাকে, তাহলে তার স্ত্রী এক-অষ্টমাংশ পাবে। তার পূর্বে ব্যক্তির অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ ۚ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ }
'আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি, যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা; যদি তাদের কোনো সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে, তবে ওই সম্পত্তির এক-চতুর্থাংশ তোমাদের হবে, যা তারা ছেড়ে যায়; তারা যে অসিয়ত করে যায় তা পূরণ ও ঋণ পরিশোধের পর। স্ত্রীদের জন্য এক-চতুর্থাংশ হবে ওই সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ, তোমরা যে অসিয়ত করে যাও, তা পূরণ ও ঋণ পরিশোধের পর।' ৭৬৬
* আর মৃত ব্যক্তির যদি পিতা-মাতা ও সন্তানসন্ততি না থাকে। কিন্তু তার একজন ভাই অথবা বোন থাকে, তাহলে তারা প্রত্যেকে এক-ষষ্ঠাংশ পাবে। আর যদি একাধিক ভাই-বোন থাকে, তাহলে তারা সকলে মিলে এক তৃতীয়াংশের অংশীদার হবে। তবে তার আগে মৃত ব্যক্তির অসিয়ত ও ঋণ আদায় করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوِ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَإِن كَانُوا أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ }
'আর যদি কোনো পুরুষ বা নারীকে নিঃসন্তানভাবে উত্তরাধিকার করতে হয় এবং তার এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে ছয় ভাগের এক পাবে। আর যদি ততোধিক থাকে, তবে তারা এক-তৃতীয়াংশে অংশীদার হবে মৃত ব্যক্তির কৃত অসিয়ত বা তার ঋণ পরিশোধের পর এমতাবস্থায় যে, অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহপ্রদত্ত। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।' ৭৬৭
উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, পবিত্র কুরআনে মৃত ব্যক্তির সম্পদের বণ্টনপদ্ধতি ছয়টি। যথা: নিসফ (অর্ধেক), রুবু' (এক-চতুর্থাংশ), ছুমুন (এক-অষ্টমাংশ), ছুলুছান (দুই-তৃতীয়াংশ), ছুলুছ (এক-তৃতীয়াংশ) এবং সুদুস (এক-ষষ্ঠাংশ)। আল্লাহর পক্ষ থেকে এটি একটি ন্যায়সংগত ও যথোপযুক্ত বণ্টননীতি। এ বণ্টননীতির অন্যথা করা কখনোই বৈধ নয়। এটি আল্লাহপ্রদত্ত ইনসাফপূর্ণ একটি বিধান। এর বদৌলতে প্রত্যেকেই স্বীয় অধিকার পরিপূর্ণরূপে পাবে।
পবিত্র কুরআনে মিরাসের সম্পদ বণ্টননীতি বর্ণনার পাশাপাশি অসিয়ত পূরণের বর্ণনাও দেওয়া হয়েছে। মৃত্যুকালে নিজ সম্পদের কিছু অংশ কাউকে দেওয়ার কথা বলাকে অসিয়ত বলে। এর মাধ্যমে অসিয়তকারী ব্যক্তি অনেক সাওয়াবের অধিকারী হয়। অসিয়তের প্রতি উদ্বুদ্ধ করে রাসুলুল্লাহ থেকে আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেন:
'মা হাক্কুম ইমরায়িন মুসলিমিন লাহু শাইয়ুন ইয়ুসি ফিহি ইয়াবিতু লাইলাতাইনি ইল্লা ওয়া ওয়াসিয়্যাতুহু ইনদাহু মাকতুবাতুন' (কোনো মুসলমান যদি তার নিজের হকের কিছু অংশ অসিয়ত করে যায়, তাহলে দু'রাত অতিবাহিত হতে না হতেই আল্লাহ তাআলার নিকট তা লিপিবদ্ধ হয়ে যায়।) ৭৬৮
অসিয়ত পূরণের জন্য শর্ত হলো, অসিয়ত যেন সম্পদের এক তৃতীয়াংশের অধিক না হয়। অধিক হলে এক তৃতীয়াংশের মাধ্যমে অসিয়ত পূর্ণ করা হবে, অবশিষ্ট অংশ ওয়ারিসদের মাঝে বণ্টিত হবে। সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন :
'জ্বায়ান নাবিয়্যু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউদুনি ওয়আনা বিমাক্কাতা... ক্বুলতু ইয়া রাসূলাল্লাহি উসি বিমালি কুল্লিহি? ক্বলা লা, ক্বুলতু ফাশশাতরু? ক্বলা লা, ক্বুলতু আছছুলুছু? ক্বলা ফাৎ ছুলুছু ওয়াছছুলুছু কাছিরুন...' (মক্কায় নবিজি আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আসলেন। তিনি চাইতেন না, যে ভূমি থেকে হিজরত করেছে, সে ভূমিতে কারও মৃত্যু হোক। তিনি আমার কাছে এসে বললেন, আল্লাহ ইবনে আফরার ওপর রহম করুন। আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি কি আমার পুরো সম্পদ দান করার অসিয়ত করব? তিনি বললেন, না। আমি বললাম, তবে অর্ধেক। তিনি বললেন, না। আমি বললাম, তাহলে এক-তৃতীয়াংশ? এবার বললেন, হ্যাঁ। তবে এক-তৃতীয়াংশও অনেক। তোমার পরিবার মানুষের কাছে হাত পাতবে—তাদের এমন অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদের স্বাবলম্বী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম।) ৭৬৯
ওয়ারিসদের মধ্য থেকে কারও জন্য অসিয়ত করা জায়িজ নয়। কেননা, এর ফলে বাকি ওয়ারিসদের মাঝে শত্রুতা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। দুনিয়ার কোনো লালসায় পড়ে প্রবৃত্তির চাহিদায় স্বজনপ্রীতি করে ওয়ারিসদের মাঝে যেন অসন্তুষ্টি ছড়ানো না হয়। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ-কে বলতে শুনেছি :
'ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা জি হাক্বিন হাক্কাহু ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিছিন' (আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপককে তার অধিকার দিয়ে দিয়েছেন। অতএব ওয়ারিসের জন্য কোনো অসিয়ত নেই।) ৭৭০
তবে যদি ওয়ারিশগণ দয়াবশত তাদের কারও জন্য অসিয়ত করার অনুমতি দেয়, তাহলে সেটা বৈধ। ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন :
'লা ওয়াসিয়্যাতা লিওয়ারিছিন ইল্লা আইঁ ইয়াশাআল ওয়ারছাাহ' (ওয়ারিসের কোনো অসিয়ত নেই, তবে যদি সকল ওয়ারিস অনুমোদন দেয় তাহলে ভিন্ন কথা।) ৭৭১
এই হলো অসিয়তের বর্ণনা। এর মাধ্যমে মৃত ব্যক্তির পাপমোচন, গুনাহমুক্তি, পরকালের উত্তম পাথেয় এবং আমলনামায় সাওয়াব লিপিবদ্ধ হয়। অসিয়তের বড় একটি দিক হলো, এর মাধ্যমে সে কার্পণ্যের নোংরামি থেকে পবিত্র হতে পারে।
টিকাঃ
৭৬৩. সুরা আন-নিসা : ১১
৭৬৪. সুরা আন-নিসা: ১১
৭৬৫. সুরা আন-নিসা: ১১
৭৬৬. সুরা আন-নিসা: ১২
৭৬৭. সুরা আন-নিসা: ১২
৭৬৮. মুসনাদু আহমাদ: ৯/৩৬৫, হা. নং ৫৫১২ (মুআসসাসাতুর রিসালা, বৈরুত) - হাদিসটি সহিহ।
৭৬৯. সহিহুল বুখারি: ৪/৩, হা. নং ২৭৪২ (দারু তাওকিন নাজাত, বৈরুত)
৭৭০. সুনানু আবি দাউদ: ৩/১১৪, হা. নং ২৮৭০ (আল-মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।
৭৭১. মুসনাদুশ শামিয়্যিন: ৩/৩২৫-৩২৬, হা. নং ২৪১০ (মুআসসাসাতুর রিসালা, বৈরুত) - হাদিসটি হাসান।
📄 আট. উপটৌকন ও দান
(الهبة) আল-হিবা হলো দু'ব্যক্তির মাঝে শরিয়াসম্মত কোনো উপকারী বস্তু প্রদানের চুক্তি। যে বস্তু একজন অপরজনকে কোনো বিনিময় ছাড়া দিয়ে থাকে। ফলে যাকে দান করা হয়েছে, সে দানকৃত বস্তুর মালিক হয়ে যায়। হিবা উপার্জনের শরিয়াসম্মত একটি পন্থা। যার মাধ্যমে আত্মা পবিত্র হয়, পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য সৃষ্টি হয় এবং মানুষের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে যায়।
হিবা করলে তা আবশ্যক হওয়া না হওয়ার ব্যাপারে ফুকাহায়ে কিরামের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম শাফিয়ি-এর মতে, হিবা করলে তা আবশ্যক হয়ে যায়; ফেরত নেওয়ার বৈধতা রহিত হয়ে যায়। যাকে দান করা হয়েছে, তার কাছে ওই জিনিস আর চাওয়া যাবে না। তবে শুধু পিতার বিষয়টি ব্যতিক্রম। সুতরাং পিতা নিজ সন্তানকে কোনো কিছু দেওয়ার পর তা ফেরত নিতে পারবে। আর ইমাম আবু হানিফা-এর মতে, সাধারণভাবে হিবা আবশ্যক হয় না। দাতা কোনো কিছু দান করার পর পুনরায় তা ফিরিয়ে নিতে পারবে। যাকে দান করা হয়েছে, তার কাছে উক্ত জিনিস চাইতে পারবে। ৭৭২
অবশ্য বিশেষ কয়েকটি ক্ষেত্রে তা আর ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে না। যেমন আত্মীয়স্বজনকে হিবা করলে, অনুরূপ হিবাকৃত বস্তু আর বিদ্যমান না থাকলে কিংবা থাকলেও তাতে পরিবর্তন-পরিবর্ধন করে থাকলে, তখন আর তা ফেরত নেওয়ার সুযোগ থাকে না। ৭৭৩
টিকাঃ
৭৭২. বাদায়িউস সানায়ি: ৬/১২৭ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
৭৭৩. বাদায়িউস সানায়ি: ৬/১৩২ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
📄 নয়. ভাড়া দেওয়া
আল-ইজারাহ বা ভাড়া হলো ভাড়াদাতা ও ভাড়াগ্রহীতার মধ্যে ভাড়ায় গৃহীত বস্তু থেকে উপকার গ্রহণের বিনিময়ে উভয়ের সম্মতিক্রমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা। যেমন: থাকার ঘর, পরিবহনের গাড়ি অথবা কোনো পশু প্রভৃতির মাধ্যমে উপকার গ্রহণ করা। উপার্জনের জন্য আল-ইজারাহ একটি হালাল মাধ্যম। এর মাধ্যমে ভাড়া দানকারী ব্যক্তি হালালভাবে উপার্জনের সুযোগ পায় এবং বিভিন্ন উপকার গ্রহণ করতে সক্ষম হয়।
ভাড়া থেকে উপার্জন হালাল হওয়ার জন্য শর্ত হলো, তা বৈধ খাতে হতে হবে। অবৈধ খাত থেকে উপার্জিত অর্থ হালাল হবে না। পাশাপাশি ভাড়ার সময় ভাড়ার পরিমাণ, মেয়াদ ও শর্ত ইত্যাদি সব স্পষ্ট করে নেওয়া জরুরি, অন্যথায় তা ফাসিদ বলে বিবেচিত হবে।
📄 দশ. স্বাধীন পেশা
বিভিন্ন জায়গায় নানাভাবে বৈধ উপার্জনের জন্য মানুষ করে থাকে, এমন পেশাকে স্বাধীন পেশা বলা হয়। যেমন: কামার, কাঠমিস্ত্রি, নাপিত, কসাইসহ বিভিন্ন পেশার লোক, যারা নিজের স্বাধীনমতো কাজ করে অর্থ উপার্জন করে। ইসলামে শ্রমের অনেক গুরুত্ব রয়েছে। শ্রম ও কর্মের প্রতি ইসলাম খুবই উৎসাহ প্রদান করেছে। যেন মানুষ বৈধ উপার্জন ও মানসম্মতভাবে জীবনযাপন করতে পারে। পবিত্র কুরআনেও এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। মানুষকে নামাজ আদায় করার পরপরই রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বা কঠোর পরিশ্রম ছাড়া জীবিকা অন্বেষণ সম্ভব নয়।
আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ }
'অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।' ৭৭৪
আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ইরশাদ করেন :
'লায়ঁ ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা জাহরিহি খায়রুল লাহু মিন আইঁ ইয়াসআলা আহাদান ফাইয়ু'তিয়াহু আও ইয়ামনাআহু' (অন্যের কাছে হাত পাতলে হয়তো সে দেবে বা ফিরিয়ে দেবে। এ হাত পাতার চেয়ে পিঠের ওপর লাকড়ির বোঝা বহন করা উত্তম।) ৭৭৫
আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন :
'কানা যাকারিয়া নাজ্জারান' (জাকারিয়া কাঠমিস্ত্রি ছিলেন।) ৭৭৬
মিকদাদ বিন মাদিকারাব থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেন :
'মা আকাল্লা আহাদুন তয়া-মান ক্বাত্তু খাইরাম মিন আইঁ ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি...' (তোমাদের কেউ নিজ হাতের উপার্জন করা খাবারের চেয়ে উত্তম খাবার কখনো ভক্ষণ করেনি। আর আল্লাহর নবি দাউদ তাঁর নিজ হাতের উপার্জন থেকে ভক্ষণ করতেন।) ৭৭৭
টিকাঃ
৭৭৪. সুরা আল-জুমআ : ১০
৭৭৫. সহিহুল বুখারি : ৩/৫৭, হা. নং ২০৭৪ (দারু তাওকিন নাজাত, বৈরুত)
৭৭৬. সহিহ মুসলিম : ৪/১৮৪৭, হা. নং ২৩৭৯ (দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
৭৭৭. সহিহুল বুখারি : ৩/৫৭, হা. নং ২০৭2 (দারু তাওকিন নাজাত, বৈরুত)