📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 মুমিনের শক্তিশালী হওয়া

📄 মুমিনের শক্তিশালী হওয়া


শারীরিক দিক থেকে প্রত্যেক মুসলিমকে ইসলাম আহ্বান করে নিজের শরীরের উন্নতির প্রতি মনোনিবেশ করতে, শরীরচর্চা ও অনুশীলন করতে। যেন শরীর সুস্থ ও সবল থাকে। কেননা, শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম; যদিও উভয়ের মাঝেই কল্যাণ রয়েছে।

আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেন :
'শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিন হতে উত্তম ও অধিক পছন্দনীয়। তবে উভয়ের মাঝেই কল্যাণ রয়েছে। তুমি উপকারী বস্তুর প্রতি আগ্রহী হও। আল্লাহর কাছে সাহায্য চাও। অক্ষম হয়ো না।'

শক্তি অর্জন ও শারীরিক শক্তির অন্যতম উপাদান হলো নিক্ষেপণ। রাসুলুল্লাহ ﷺ বলেন:
'জেনে রেখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা; জেনে রেখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা; জেনে রেখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা।'

ইসলামে উদ্যমতা অর্জন ও শারীরিক কসরত করার প্রতি উৎসাহিত করা হয়েছে। শক্তি অর্জনের বিভিন্ন পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। যেমন : নিক্ষেপ করা, সাঁতার কাটা, দৌড়ানো। রাসুলুল্লাহ ﷺ বলেন :
'আল্লাহর জিকির ব্যতীত সকল কাজই অনর্থক ও তামাশা। তবে চারিটি জিনিস ব্যতীত। এক. দু-লক্ষের মাঝে দৌড়ানো। দুই. ঘোড়সওয়ারি শেখা। তিন. স্ত্রীর সাথে খেলাধুলা ও হাসি কৌতুক করা। চার. সাঁতার কাটা।'

আবু রাফি বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বললাম :
'হে আল্লাহর রাসুল, সন্তানের ওপর আমাদের যেমন হক আছে, সন্তানেরও কি আমাদের ওপর হক আছে? রাসুলুল্লাহ বললেন, হ্যাঁ। পিতার ওপর সন্তানের অধিকার হলো, পিতা সন্তানকে লেখা শিখাবে, সাঁতার শিখাবে, নিক্ষেপণ শিখাবে এবং তাকে উত্তম ওয়ারিস বানাবে।'

টিকাঃ
৫৭০. সহিহ মুসলিম: ৪/২০৫২, হা. নং ২৬৬৪ (দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
৫৭১. সহিহ মুসলিম: ৩/১৫২২, হা. নং ১৯১৭ (দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
৫৭২. আল-মুজামুল আওসাত, তাবরানি : ৬/১১৬, হা. নং ৬১৪৭ (দারুল হারামাইন, কায়রো) -হাদিসটি সহিহ।
৫৭৩. আস-সুনানুল কুবরা, বাইহাকি : ১০/২৩, হা. নং ১৯৭৪২ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত) -হাদিসটি জইফ।

ফন্ট সাইজ
15px
17px