📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ৬. জাদুর হদ

📄 ৬. জাদুর হদ


জাদু করা হারাম বা কুফর। অর্থাৎ কিছু জাদু আছে কুফর, যেমন: কুরআনের অবমাননা করা, তারকারাজি বা শয়তানের উপাসনা করা, কুফরি কালাম বা কাজ করা; আর কিছু আছে হারাম, যা কুফরি বা শিরকি কাজ না করে পাথর নিক্ষেপ ইত্যাদির মাধ্যমে করা হয়।

জাদুকরের শাস্তি নিয়ে ফুকাহায়ে কিরামের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম আহমাদ-সহ অধিকাংশ ফুকাহায়ে কিরামের মতে জাদুকরের শাস্তি হলো হত্যা।

জুনদুব থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন :
'জাদুকরের হদ বা শাস্তি হলো তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেওয়া।'

উমর তার মৃত্যুর এক মাস পূর্বে এক চিঠিতে লিখেছিলেন :
'তোমরা প্রত্যেক পুরুষ ও মহিলা জাদুকরকে হত্যা করো।'

জাদুকরকে হত্যার বিষয়ে ফুকাহায়ে কিরামের মাঝে কিছু শর্ত থাকা ও না থাকা নিয়ে ইখতিলাফ আছে। হানাফি মাজহাবমতে জাদু যদি কুফরি হয় কিংবা কুফরি না হলেও এর কারণে জমিনে ফাসাদ ও কারও ক্ষতি হয়, তাহলে তাকে হত্যা করা হবে। মালিকি মাজহাবমতে যদি তার কুফরি ইসলামি আদালতে সাব্যস্ত হয় কিংবা সে প্রকাশ্যে কুফরিমূলক জাদু করে বেড়ায়, তাহলে তাকে হত্যা করা হবে। শাফিয়ি মাজহাব মতে জাদুর মাধ্যমে কাউকে হত্যা করা হলে তবেই তাকে হত্যা করা হবে। আর হাম্বলি মাজহাব অনুসারে জাদুকর কুফরি কাজের মাধ্যমে জাদু করলে তখন তাকে হত্যা করা হবে; যদিও তার জাদু দ্বারা কাউকে হত্যা করা না হোক।

টিকাঃ
৫২৪. রদ্দুল মুহতার: ১/৪৫ (দারুল ফিকর, বৈরুত)
৫২৫. ফাতহুল কাদির: ৬/৯৯ (দারুল ফিকর, বৈরুত)
৫২৬. মুসতাদরাকুল হাকিম: ৪/৪০১, হা. নং ৮০৭৩ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত) - হাদিসটি হাসান।
৫২৭. মুসনাদুল বাজ্জার: ৩/২৬৮, হা. নং ১০৬০ (মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, মদিনা) - হাদিসটি সহিহ।
৫২৮. আল-মাওসুআতুল ফিকহিয়্যা: ২৪/২৬৬-২৬৭ (অজারাতুল আওকাফ ওয়াশ শুয়ুনিল ইসলামিয়্যা, কুয়েত)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ৭. সমকামিতার হদ

📄 ৭. সমকামিতার হদ


ইসলামে সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্য পাপগুলোর মধ্যে অন্যতম হলো সমকামিতা। এটা এমন পাপ, যা সুস্থ রুচি পরিপূর্ণভাবে ঘৃণা করে এবং স্বাভাবিক বিবেক এটাকে পুরোপুরি অস্বীকার করে। এ অপরাধের জন্য আল্লাহ তাআলা লুত আ.-এর জাতিকে এমন ভয়ংকর আজাব দিয়েছিলেন, যা পৃথিবীর অন্য কোনো জাতিকে দেননি। এটা হারাম ও নিকৃষ্ট কবিরা গুনাহ হওয়ার ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। তবে এর শাস্তি বা হদ নিয়ে মতানৈক্য পাওয়া যায়।

আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া বলেন, 'ইমাম মালিক ও ইমাম আহমাদ-এর মাজহাবে সমকামিতার শাস্তি হত্যা করা; চাই সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। আবু বকর, আলি, খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আব্বাস, খালিদ বিন জাইদ, আব্দুল্লাহ বিন মামার, জুহরি, রবিআ বিন আব্দুর রহমান রহ, ইসহাক বিন রাহুয়া-সহ প্রমুখ এমনই বলেছেন। আর ইমাম শাফিয়ি-এর মাজহাবমতে সমকামিতার শাস্তি হুবহু জিনার শাস্তির মতোই। বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা এবং অবিবাহিত হলে একশ বেত্রাঘাত। আতা বিন আবু রাবাহ, হাসান বসরি, সাইদ বিন মুসাইয়িব, ইবরাহিম নাখয়ি, কাতাদা, আওজায়ি, আবু ইউসুফ, মুহাম্মাদ-সহ অনেকে এমন মতই পোষণ করেন। আর ইমাম আবু হানিফা ও ইমাম হাকিম-এর মতে এর জন্য নির্দিষ্ট কোনো শাস্তি নেই; বরং তাকে তাজির করা হবে।'

অনেক ফকিহ এ মাসআলায় সমকামীকে হত্যার ব্যাপারে সাহাবিদের ইজমার কথা বর্ণনা করেছেন। হাদিস থেকেও এ মতটি শক্তিশালী বলে সাব্যস্ত হয়। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
'তোমরা কাউকে লুত আ.-এর জাতির মতো কুকর্মে লিপ্ত হতে দেখলে কর্তা ও যার সাথে করা হয়েছে, উভয়কে হত্যা করো।'

ইমাম ইবনে তাইমিয়া বলেন, 'সমকামিতার ব্যাপারে একদল উলামায়ে কিরাম বলেন, এর শাস্তি জিনার শাস্তির মতোই। আর কারও মতে এর চেয়েও নিম্ন শাস্তি (তথা তাজির) হবে। তবে বিশুদ্ধ মত সেটাই, যেটার ওপর সাহাবায়ে কিরাম-এর ইজমা হয়েছে যে, সমকামিতায় লিপ্ত উভয় ব্যক্তিকে হত্যা করা হবে; চাই তারা বিবাহিত হোক বা অবিবাহিত হোক।'

এ মাসআলায় দলিল-প্রমাণাদির দিকে তাকালে ইমাম মালিক ও ইমাম আহমাদ-এর মতই শক্তিশালী বুঝা যায়। তাছাড়া এ মতের ওপর সাহাবায়ে কিরামের ইজমাও রয়েছে। তাই বিচারকের উচিত এক্ষেত্রে কোনো নমনীয়তা না দেখিয়ে তাদের কঠিনভাবে হত্যা করা। হত্যা কীভাবে করবে, সে ব্যাপারে কয়েকটি পন্থা রয়েছে। কারও মতে আগুনে পুড়িয়ে মারা হবে। কারও মতে পাহাড় বা উঁচু কোনো স্থান থেকে ফেলে দিয়ে তার ওপর পাথর নিক্ষেপ করে মারা হবে। আর কারও মতে প্রচণ্ড দুর্গন্ধময় জায়গায় তাকে কোনোরূপ খাবার-দাবার না দিয়ে মৃত্যু পর্যন্ত ফেলে রাখবে। তবে অধিকাংশ উলামায়ে কিরাম তাকে পাথর নিক্ষেপে হত্যার কথা বলেছেন। মোটকথা, ভয়ংকর শাস্তি দিয়ে তাকে মারার ব্যাপারে সবাই একমত।

টিকাঃ
৫২৯. আল-জাওয়াবুল কাফি : পৃ. নং ১৬৮ (দারুল মারিফা, মাগরিব)
৫৩০. মুসতাদরাকুল হাকিম : ৪/৩৯৫, হা. নং ৮০৪৭ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।
৫৩১. মাজমুউল ফাতাওয়া, ইবনু তাইমিয়া: ২৮/৩৩৪ (মাজমাউল মালিক ফাহাদ, মদিনা)

ফন্ট সাইজ
15px
17px