📄 ঙ. দোষ-ত্রুটিমুক্ত হওয়া
দোষ-ত্রুটি মুক্ত হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, দেহগত, মস্তিষ্কগত, আত্মিক ত্রুটি থেকে মুক্ত হওয়া। যদি কেউ এমন কোনো সমস্যায় আক্রান্ত হয়, তাহলে সে এ মহান ইমামতের দায়িত্ব পালন করতে পারবে না।
দেহগত দোষ-ত্রুটি: খলিফা হবেন সুঠাম দেহের অধিকারী। খিলাফতের দায়িত্বভার বহনে সক্ষম। খিলাফতের দায়িত্ব কখনো কখনো কঠিন হয়ে দাঁড়াবে। এ দায়িত্ব আদায়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। তাই খলিফা যদি রুগ্ন শরীরের অধিকারী হন, তাহলে তার পক্ষে এ গুরুদায়িত্ব আনজাম দেওয়া দুষ্কর হয়ে পড়বে। সুতরাং শারীরিকভাবে প্রতিবন্ধী বা অত্যাধিক রুগ্ন ব্যক্তিগণ খিলাফতের উপযুক্ত নন।
মস্তিষ্কগত ত্রুটি: খিলাফতের মতো এত বড় দায়িত্বের ক্ষেত্রে মস্তিষ্ক-ত্রুটিযুক্ত কাউকে নির্বাচন করা রীতিমতো ভয়ানক ব্যাপার। উন্মত্ত বা দিগ্ভ্রান্ত কারও হাতে মুসলিমদের নেতৃত্ব সোপর্দ করা জায়িজ নেই। এটি এমন স্পষ্ট বিষয় যে, এ ক্ষেত্রে দলিল দেওয়াটা বাহুল্যতা। কোনো একজন ব্যক্তির মস্তিষ্কগত কোনো সমস্যা নেই, কিন্তু সে যথেষ্ট ইলমের অধিকারী নয়। ইলমের প্রাচুর্যতা না থাকার কারণে এমন একজন সুস্থ মস্তিষ্কসম্পন্ন ব্যক্তিকে যেখানে অনেকের দৃষ্টিতে খিলাফতের দায়িত্বের উপযুক্ত মনে করা হয় না; সেখানে মস্তিষ্ক-বিকৃত ব্যক্তিকে যে খিলাফতের যোগ্য মনে করা হবে না, সে কথা বলে কয়ে বুঝাতে হয় না।
আত্মিক ত্রুটি: এ ধরনের ত্রুটি মস্তিষ্কজনিত ত্রুটির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এগুলোর ফলে একজন ব্যক্তির ব্যক্তিত্ব আপন জায়গায় ঠিক থাকে না; বরং তা অনেক নিচু স্থানে অবস্থান করে। এগুলোর ফলে একজন ব্যক্তি পরিণত হয় অস্থির ও অপূর্ণাঙ্গ হিসাবে। যদি আত্মিক ত্রুটি পূর্ণতায় পৌঁছে যায়, তবে অনিষ্টের আর কোনো কিছু বাকি থাকে না।
টিকাঃ
৪৩৬. আল-আহকামুস সুলতানিয়া: পৃ. নং ১৯ (দারুল হাদিস, কায়রো)
📄 চ. কুরাইশি হওয়া
খলিফা হবেন কুরাইশ বংশের। তবে যদি কুরাইশ বংশের কোনো যোগ্য লোক না পাওয়া যায়, তাহলে অন্য কোনো যোগ্য লোক, যার মধ্যে খিলাফতের সকল শর্ত পরিপূর্ণভাবে পাওয়া যায়, তাকে খলিফা হিসাবে মনোনীত করা হবে।
খলিফা কুরাইশ বংশ থেকে হওয়ার শর্তের ব্যাপারে হাদিস রয়েছে। বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেন:
“খলিফাগণ হবে কুরাইশ বংশ থেকে।”
টিকাঃ
৪৩৭. মুসনাদু আহমাদ: ১৯/৩১৮, হা. নং. ১২৩০৭ (মুআসসাসাতুর রিসালা, বৈরুত) - হাদিসটি সহিহ।