📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 আভিধানিক অর্থ

📄 আভিধানিক অর্থ


الشوری (আশ-শুরা) শব্দটি শ্যওয়ারা ইযুশাওয়্যিরু থেকে নির্গত। ব্যবহারভেদে এ শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা বলে থাকি : شرت العسل اشوره শুরান অর্থাৎ মধু আহরণ করলাম বা পান করলাম। আবার বলা হয় : شرত الدابة শুরান অর্থাৎ পশুকে বিক্রির জন্য বাজারে তুললাম। অন্যদিকে শ্যওয়ারা ইযুশাওয়্যিরু তাশওয়ীরান অর্থ হলো, কথা বলার পরিবর্তে বুঝে আসে এমন ইশারায় কথা বলা। অর্থাৎ বোঝার ক্ষেত্রে ইশারা করাই কথা বলার শামিল। যেমন কেউ যদি কোনো বিষয়ে অনুমতি দিয়ে হাত বা মাথা দ্বারা ইঙ্গিত করে, তবে তা কথা বলার স্থলাভিষিক্ত বলে ধরা হবে। এমনিভাবে শাউয়ারতুহু ফী কাযা বা ইস্তাশারতুহু এর অর্থ হলো, কোনো ব্যাপারে নিজের মত পেশ করার জন্য পুনরায় বলা। আশারা আলাইয়্যা বিকাযা অর্থাৎ তার কাছে এ বিষয়ে কী কল্যাণ আছে, সে আমাকে দেখাল। মাশওয়ারা বা মাশূরা (শীন বর্ণে সাকিন বা পেশ যোগে) শব্দটির উৎপত্তি হলো মধু আহরণ হতে। কারণ, মাশওয়ারা দ্বারা উত্তম নসিহত উদ্দেশ্য হয়ে থাকে, যা মধু পানের সাথে তুলনীয়। এ থেকে আরেকটি শব্দের উৎপত্তি হলো, শূরা যার অর্থ কোনো কিছু নিজের বলে দাবি করা।

টিকাঃ
৩৪৩. আল-মিসবাহুল মুনির: ১/৩২৬ (আল-মাকতাবুল ইলমিয়্য, বৈরুত)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 পারিভাষিক অর্থ

📄 পারিভাষিক অর্থ


শাইখ আহমাদ মহি উদ্দিন আজুজ বলেন : هي تبادل الآراء في أمر من الأمور لمعرفة أصوبها وأصلحها لأجل اعتماده والعمل به
'মুসলিমদের কোনো একটি কাজে সর্বাধিক সঠিক ও কল্যাণময় পন্থাটির ওপর নির্ভর ও আমল করার জন্য পরস্পর মত বিনিময় করাকে বলা হয় শুরা বা পরামর্শ।'

ড. মুহাম্মাদ আবু ফিরাস বলেন : تقليب الآراء المختلفة ووجهات النظر المطروحة في قضية من القضايا واختبارها من أصحاب العقول والأفهام حتى يتوصل إلى الصواب منها أو إلى أصوبها وأحسنها ليعمل به لكي تتحقق أحسن النتائج
‘শুরা হলো, কোনো বিষয়ে সর্বোত্তম ফলাফল বের করার উদ্দেশ্যে বিভিন্ন মতামত ও চিন্তাভাবনা পেশ করে চিন্তাশীল ও বোদ্ধাজনদের পর্যবেক্ষণে যাচাই-বাছাইয়ের পর সঠিক বা সর্বাধিক বিশুদ্ধ ও সর্বোত্তম সিদ্ধান্তে পৌঁছা।’

টিকাঃ
৩৪৪. মানাহিজুশ শারিয়াতিল ইসলামিয়া: ২/১২৮ (মাকতাবাতুল মাআরিফ, বৈরুত)
৩৪৫. আন-নিজামুস সিয়াসি ফিল ইসলাম, ড. মুহাম্মাদ আবু ফিরাস : পৃ. নং ৭০

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 শুরার গুরুত্ব

📄 শুরার গুরুত্ব


শুরার অর্থ ও সংজ্ঞা থেকেই বোঝা যায় যে, এটি কতটা গুরুত্বপূর্ণ। শুরা মূলত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই জরুরি। পরিচর্যাগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিকসহ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আমরা এর প্রয়োজনীয়তা বুঝতে পারি।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 শুরার শরয়ি হুকুম

📄 শুরার শরয়ি হুকুম


পরামর্শ করার হুকুম নিয়ে দুধরনের মত পাওয়া যায়। ইমাম কাতাদা , ইমাম ইবনে ইসহাক , ইমাম শাফিয়ি -সহ প্রমুখদের মতে পরামর্শ করা মুসতাহাব। এর বিপরীতে ইমাম ইবনে আতিয়া, ইমাম রাজি, ইমাম নববি -সহ প্রমুখ এটিকে ওয়াজিব বা আবশ্যক মনে করেন।

বিধানগত দিক থেকে পরামর্শ করা ওয়াজিব হোক বা মুসতাহাব, বাস্তবতা ও প্রয়োজনীয়তার দিক থেকে এটিকে হালকা করে দেখা, গুরুত্ব না দেওয়া বা শিথিলতা করার কোনো সুযোগ নেই। মুসলমানদের মাঝে পরামর্শের ক্ষেত্রে কোনো ধরনের কমতি বা ছাড়াছাড়ি করার মানসিকতা থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিহাসে এর অসংখ্য নজির রয়েছে। তাই সকল ক্ষেত্রে, বিশেষত জাতীয় ও গণকাজে পরামর্শ করা নেওয়া একান্ত জরুরি। কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের ভাষ্যও পরামর্শ করার আবশ্যকীয়তার দিকে ইঙ্গিত বহন করে।

আল্লাহ তাআলা বলেন : وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ 'আর কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ করুন।'

এ আয়াতটিতে আল্লাহ তাআলা পরামর্শ করার আদেশ করেছেন। এই আয়াত দ্বারা রাসুলুল্লাহ -কে উদ্দেশ্য করা হয়েছে। রাসুলুল্লাহ -কে পরামর্শ করার আদেশ দেওয়া হয়েছে; অথচ তিনি একজন নবি। বিভিন্ন বিষয়ে অবগত করার জন্য তাঁর কাছে ওহি আসত। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আর কী বলার থাকতে পারে, যাদের স্বভাবের মধ্যেই মিশে আছে দুর্বলতা, ভুলে যাওয়া, তাড়াহুড়া করা ও ভুল করা!

আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণের বর্ণনা দিয়ে বলেন : وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ ‘নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে তারা নিজেদের কাজ সম্পাদন করে।'

তাই মানুষের প্রতিটি দিকের কল্যাণ নিশ্চিতকরণে পরামর্শ করার গুরুত্ব অনেক বেশি। যাতে করে কার্যসিদ্ধির ক্ষেত্রে উম্মাহ ভুল ও ভ্রান্তিতে পতিত না হয়। উম্মাহকে যেন অবনতি ও পরাজয়ের গ্লানি আস্বাদন করতে না হয়। উম্মাহকে যেন একচেটিয়া ও নির্দিষ্ট কারও মতের অনুগত হতে না হয়। মানুষের জীবন সঠিকতা ও উত্তমতার ওপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটি একটি মৌলিক নিয়ম। এর ফলে মানুষ প্রকৃত কর্ম তালাশ করতে পারবে, তারা শান্তি ও সমৃদ্ধির পথে এগুতে পারবে, কল্যাণের পথে আসতে পারবে। এ নীতিটি ক্ষতির প্রতিবন্ধক হবে। ব্যক্তির ও ক্ষতির উপাদানের মাঝে বাধা হয়ে থাকবে এটি। এ জন্য ইসলাম এর প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছে এবং এ ব্যাপারে শিথিলতা করতে নিষেধ করে দিয়েছে। এটির প্রতি এত বেশি গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ হলো, যাতে করে মানুষ আমিত্ববোধ ও একনায়কতান্ত্রিকতার ক্ষতিতে পতিত হওয়া থেকে বেঁচে থাকতে পারে।

পরামর্শের সুযোগ থাকার ফলে যদি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, তবে সকলেই তার বাহ বাহ পায়। আর যদি তা ভুল হয়ে থাকে, তবে ভুলের মাশুল সবাইকে গুননি। আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেন :

إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ، وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ، وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا، وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ، وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا

'যখন তোমাদের আমিরগণ হবে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং তোমাদের ধনীরা হবে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং তোমাদের কাজকর্ম পরিচালিত হবে তোমাদের পরামর্শের ভিত্তিতে, তখন জমিনের ভেতরের চেয়ে জমিনের ওপর হবে তোমাদের জন্য উত্তম। আর যখন তোমাদের আমিরগণ হবে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ আর তোমাদের ধনীরা হবে তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ এবং তোমাদের কর্তৃত্ব থাকবে মহিলাদের হাতে তখন জমিনের ওপরের চেয়ে জমিনের ভেতরটা তোমাদের জন্য উত্তম হবে।'

এখানে আরেকটি বিষয়ে সতর্ক হওয়া জরুরি যে, পরামর্শ কখনো নসনির্ভর বিষয়গুলোতে হবে না। কেননা, যেসব বিধান কুরআন ও হাদিসের নস দ্বারা প্রতিষ্ঠিত, সেসব বিষয়ে পরামর্শ করার কোনো সুযোগ নেই। এখানে কারও কোনো মতামত প্রদানের অবকাশ নেই। নসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এসব বিষয়ে কোনো ধরনের সন্দেহ বা পর্যালোচনার অবকাশ নেই। কেননা, এতে কোনো ভুল-ভ্রান্তির অবকাশ নেই। পরামর্শ হবে কেবল পার্থিব বিষয়াদিতে, যে বিষয়গুলো বুদ্ধি, চিন্তা ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। আর وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ দ্বারা এটাই উদ্দেশ্য। এ আয়াতের মধ্যে الْأَمْرِ দ্বারা উদ্দেশ্য, উম্মাহর পার্থিব বিষয় সংবলিত শাসকদের কর্মপন্থাসমূহ।

যদি শাসকদের আকিদা, ইবাদত ও হালাল-হারামের মতো ওহি সম্পর্কিত বিষয়গুলোতে পরামর্শ করার সুযোগ দেওয়া হতো, তবে ইসলামের মূলভিত্তি পুরোটাই ভেঙে পড়ত, দ্বীনের বিষয়গুলো মানুষের চাহিদার ওপর অর্পিত হতো এবং সর্বদা এগুলো পরিবর্তন ও পরিবর্ধনের ওপর থাকত।

টিকাঃ
৩৪৭. আল-মাওসুআতুল ফিকহিয়্যা : ২৬/২৭৯-২৮০ (অজারাতুল আওকাফ ওয়াশ শুয়ুনিল ইসলামিয়্যা, বৈরুত)
৩৪৮. সুরা আলি ইমরান : ১৫৯
৩৪৯. সুরা আশ-শুরা : ৩৮
৩৫০. সুনানুত তিরমিজি: ৪/৯৯, হা. নং ২২৬৬ (দারুল গারবিল ইসলামি, বৈরুত) - হাদিসটি জইফ।
৩৫১. তাফসিরুল মানার : ৪/১৬৪ (আল-হাইয়াতুল মিসরিয়্যা)

ফন্ট সাইজ
15px
17px