📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 জ. মীমাংসাকরণ

📄 জ. মীমাংসাকরণ


এমনিভাবে কারও মাঝে মীমাংসা করে দেওয়া একটি বড় ইবাদত। দুই প্রতিপক্ষকে পরস্পর মিলিয়ে দেওয়া এবং তাদের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ব জাগিয়ে দেওয়া খুবই পুণ্যের কাজ।

আল্লাহ তাআলা ইরশাদ করেন : ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও।’ ৩১৩

‘মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও।’ ৩১৪

আবু দারদা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ইরশাদ করেছেন : ‘আমি কি তোমাদের নামাজ, রোজা, সদকার চেয়েও অধিক ফজিলতপূর্ণ আমলের কথা বলব না? সাহাবিগণ বললেন, হ্যাঁ, অবশ্যই হে আল্লাহর রাসুল। তিনি বললেন, দুপক্ষের মাঝে মীমাংসা করে দেওয়া। আর পরস্পরের মধ্যে ঝগড়া বাধানো খুবই জঘন্য কাজ।’ ৩১৫

টিকাঃ
৩১৩. সুরা আল-আনফাল : ১
৩১৪. সুরা আল-হুজুরাত: ১০
৩১৫. সুনানু আবি দাউদ : ৪/২৮০, হা. নং ৪৯১৯ (আল-মাকতাবাতুল আসরিয়‍্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ঝ. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীকরণ

📄 ঝ. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীকরণ


রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটি ইবাদত। যেমন রাস্তা থেকে হাড়, কাঁচ, কাঁটা, পাথর বা ময়লা সরিয়ে দেওয়া, যেগুলোর কারণে মানুষের চলতে কষ্ট হয়। এটি ইমানের একটি শাখা। আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দাকে পুরস্কৃত করে থাকেন।

আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন : ‘ইমানের সত্তরটিরও অধিক শাখা আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে, “আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।” এ কথার স্বীকৃতি দেওয়া এবং সর্বনিম্ন শাখা হলো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমানের সত্তরটিরও অধিক শাখা আছে।’ ৩১৬

টিকাঃ
৩১৬. সহিহু মুসলিম: ১/৬৩, হা. নং ৩৫ (দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ঞ. উত্তম ব্যবহার

📄 ঞ. উত্তম ব্যবহার


সকল ভালো কাজই সদকা ও ইবাদত। এমনকি নিজের মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও সদকার অন্তর্ভুক্ত।

জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন : ‘প্রতিটি ভালো কাজই সদকারূপে গণ্য। তোমার ভাইয়ের সাথে সহাস্য মুখে দেখা-সাক্ষাৎ করা এবং তোমার বালতির পানি দিয়ে তোমার ভাইয়ের বালতি ভরে দেওয়াও ভালো কাজের অন্তর্ভুক্ত।’ ৩১৭

টিকাঃ
৩১৭. সুনানুত তিরমিজি: ৩/৪১৪, হা. নং ১৯৭০ (দারুল গারবিল ইসলামি, বৈরুত) - হাদিসটি সহিহ।

ফন্ট সাইজ
15px
17px