📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 দুই. ফেরেশতা সম্পর্কিত আকিদা

📄 দুই. ফেরেশতা সম্পর্কিত আকিদা


ফেরেশতারা আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ ছাড়া তাদের সংখ্যা কেউ জানে না। আল্লাহ তাআলা তাদের এমন শক্তি দিয়েছেন, যা মানুষ কল্পনাও করতে পারে না। তাঁরা নূরের তৈরি। তাঁরা আমাদের মতো খান না, ঘুমান না। আল্লাহ তাঁদের বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। তাঁরা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলেন, কখনো তাঁর অবাধ্য হন না। তাঁরা পুরুষও নন, নারীও নন। তাঁদের মধ্যে প্রধান হলেন চারজন। যথা : জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল। জিবরাইল হলেন ফেরেশতাদের সরদার। তিনি আম্বিয়ায়ে কিরামের প্রতি ওহি নিয়ে আসতেন। দুনিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের ওপর আজাবের ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করেছেন। মিকাইল মেঘ-বৃষ্টি ও আসমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এবং মাখলুকের রিজিক পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত আছেন। ইসরাফিল আল্লাহর সবচেয়ে নিকটে অবস্থান করেন। তাঁর দৃষ্টির সামনেই রয়েছে লাওহে মাহফুজ। কিয়ামতের সময় তিনিই শিঙ্গায় ফুৎকার দেবেন। আজরাইল, যাকে কুরআন-সুন্নাহর ভাষায় 'মালাকুল মওত' বলা হয়, তিনি সব প্রাণীর রুহ কবজ করার দায়িত্বে আছেন।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 তিন. আম্বিয়ায়ে কিরাম সম্পর্কিত আকিদা

📄 তিন. আম্বিয়ায়ে কিরাম সম্পর্কিত আকিদা


আম্বিয়ায়ে কিরাম আল্লাহর নির্বাচিত বিশেষ বান্দা। তাঁরা সমগ্র মাখলুকের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ও শ্রেষ্ঠ। তাঁরা সত্তাগতভাবে মানুষ ও মাটির তৈরি, কিন্তু তাঁদের অন্তর আল্লাহপ্রদত্ত নূরের দ্বারা আলোকিত। তাঁরা আল্লাহ ও বান্দাদের মাঝে সংযোগকারী। তাঁরা আল্লাহর বাণী মানুষকে পৌঁছে দিতেন। প্রথম নবি হলেন আদম এবং সর্বশেষ নবি হলেন মুহাম্মাদ। তাঁর পরে আর কোনো নবি আসবে না। নবিদের মধ্যে সবার সরদার ও শ্রেষ্ঠ হলেন শেষ নবি মুহাম্মাদ। আম্বিয়ায়ে কিরাম সবাই নিস্পাপ। তাঁদের কোনো গুনাহ নেই। কখনো তাঁদের অনিচ্ছাকৃতভাবে ইজতিহাদি ভুল হলে আল্লাহ তাআলা সাথেসাথে তা সংশোধন করে দিয়েছেন। তাঁদের ওপর অর্পিত আমানত তাঁরা যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁদের থেকে প্রকাশিত মুজিজাসমূহ সত্য।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চার. কিতাবসমূহ সম্পর্কিত আকিদা

📄 চার. কিতাবসমূহ সম্পর্কিত আকিদা


আল্লাহর কিতাবসমূহ সত্য। এগুলো বিভিন্ন সময়ে নবিদের ওপর নাজিল হয়েছিল। মোট কিতাবের সংখ্যা একশ চারটি। এর মধ্যে চারটি হলো প্রধান। যথা: তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। প্রথম তিনটি পূর্বের যুগের নবিদের ওপর নাজিল হয়েছিল, যা পরবর্তী সময়ে উম্মতেরা পরিবর্তন ও বিকৃত করে ফেলেছে। আর কুরআন নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবি মুহাম্মাদ এর ওপর, যা এখনও অবিকৃত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কেননা, এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কুরআন আল্লাহর কালাম ও অবিনশ্বর সিফাত। এটাকে মাখলুক বা সৃষ্ট বলা যাবে না।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 পাঁচ. মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কিত আকিদা

📄 পাঁচ. মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কিত আকিদা


মৃত্যুর পর নেককার মুমিনদের রুহ ইল্লিয়িয়নে শান্তির সহিত থাকে এবং ফাসিক ও কাফিরদের রুহ সিজ্জিনে কষ্টের মধ্যে থাকে। কবরের আজাব বাস্তব ও সত্য। কবরে মুনকার নাকিরের সুওয়াল-জবাব সত্য। কবর হয় জান্নাতের একটি টুকরো হবে, না হয় জাহান্নামের একটি গর্ত। নির্ধারিত সময় পর কবর থেকে পুনরুত্থান সত্য। হিসাব-নিকাশ সত্য। পুলসিরাত সত্য। মিজান সত্য। ডান হাতে বা বাম হাতে আমলনামা পাওয়া সত্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেককারদের জান্নাতে দেবেন, কাফিরদের জাহান্নামে দেবেন এবং গুনাহগার মুমিনদের অনেককে ক্ষমা করে দেবেন এবং অনেককে জাহান্নামে শাস্তি দিয়ে তারপর জান্নাতে প্রবেশ করাবেন।

ফন্ট সাইজ
15px
17px