📄 মামলুকদের ওপর আধিপত্য
উসমানি এবং মামলুকদের মাঝে কার্যত যুদ্ধ শুরু হয় কানসুহ আল-গাউরির শাসনামলে। প্রথম সালিম তখন ইরানের শাহ ইসমাঈল আস-সাফাবির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ১৫১৪ খ্রিস্টাব্দে জালদিরানের যুদ্ধে সালিম জয় লাভ করে আল-জাযিরা, মুসেল-সহ আশেপাশের এলাকা দখল করে নেন। যেগুলো আইয়ুবিয় যুগ থেকেই মিশর সালতানাতের সাথে যুক্ত ছিল। ৯২১ হিজরিতে (১৫১৫ খ্রি.) সুলতান প্রথম সালিম মামলুক সমর্থিত ডেলগাডার দখল করে নিলে সুলতান কানসুহ আল-গাউরি উসমানিদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। ৯২২ হিজরিতে তিনি আলেপ্পোতে একটি অভিযান পরিচালনার উদ্যোগ নেন। কানসুহ নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে আব্বাসি খলিফা-সহ যুদ্ধে বের হয়েছিলেন। এ সময় আলেপ্পোর নায়েব কানসুহর কাছে বার্তা পাঠিয়ে অধীন থাকার কথা নিশ্চিত করেন। এরপরই সুলতান সালিমের পক্ষ হতে একটি বন্ধুত্বপূর্ণ বার্তা আসে। যা-তে তিনি সন্ধির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কানসুহ এটাকে প্রতারণা মনে করেন। অবশেষে এ দুপক্ষই যুদ্ধে নামে। মামলুক বাহিনীর সাহসিকতাপূর্ণ যুদ্ধ দেখে সুলতান সালিমও তার বাহিনী পরিচালনায় কঠোর হওয়ার চিন্তা করছিলেন। এ সময় আলেপ্পোর নায়েব বিশ্বাসঘাতকতা করলে মামলুক বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। যা দেখে কানসুহ আল-গাউরি বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। ৯২২ হিজরিতে (১৫১৬ খ্রি.) মামলুকদের পরাজয় ঘটে।
টিকাঃ
[১০৪১] তারীখুল মামালিক, পৃ. ১১৯; আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৪
📄 উসমানি খিলাফত প্রতিষ্ঠা
উসমানি সালতানাত কোনো ইসলামি খিলাফত ছিল না। কারণ সে-সময় মামলুকদের মাঝে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত ছিল। মারজদাবিকের যুদ্ধে জয়ী হয়ে সুলতান সালিম শাম এবং মিশরের দিকে অগ্রসর হতে থাকেন। সংক্ষিপ্ত আলাপ-আলোচনার পর তিনি প্রবেশ করেন দামিস্কে। এরপর মিশর অভিমুখে তার যাত্রা শুরু হয়। কানসুহর নায়েব তুমানবাই পরবর্তী সুলতান হয়ে ‘আল-আশরাফ’ উপাধি গ্রহণ করেন। কায়রোতে তিনি অবস্থানের কথা ভাবছিলেন। উসমানিদের মোকাবিলার ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করলেও মামলুক আমিরদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পেলেন না। বরং তারা বিভিন্ন অজুহাত পেশ করতে থাকে। অগত্যা তুমানবাই নিজেই কিছু সৈন্য নিয়ে বেরিয়ে পড়েন। রিদানিয়ার যুদ্ধক্ষেত্রে উভয় বাহিনী মুখোমুখি হয়। ১৫১৭ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি এ যুদ্ধে মামলুকরা পরাজিত হয়ে আত্মরক্ষার জন্য সেনা প্রত্যাহার করে কায়রোতে চলে যায়। তখন নীলনদের তীরে থাকা বেদুইন এবং যাযাবররা বিশ্বাসঘাতকতা করে মামলুকদেরকে পেছন থেকে আক্রমণ করে বসে। তখন উসমানিরা বিজয়ী হয়। একপর্যায়ে তুমানবাইকে বন্দি করে সুলতান সালিম বলেন, ‘এখন আমরা মিশরের মালিক হয়েছি।’ ৯২৩ হিজরিতে ১৫১৭ খ্রিস্টাব্দের ২৩শে এপ্রিল তুমানবাইকে ফাঁসিতে ঝোলানো হয়।
সুলতান সালিম (১৫১২-১৫২০ খ্রিষ্টাব্দ) ছিলেন নবম উসমানি সুলতান। ৯২৩ হিজরিতে ১৫১৭ খ্রিস্টাব্দে তিনি ইস্তাম্বুলে ইসলামি খিলাফতের ঘোষণা প্রদান করলে ফলত আব্বাসি খিলাফতের পরিসমাপ্তি ঘটে। উসমানি খিলাফতের সীমানা ইরাক পর্যন্ত সম্প্রসারিত হলে অধিকাংশ আরব রাষ্ট্র তার অন্তর্ভুক্ত হয়ে যায়। মক্কার শাসক তখন সুলতান সালিমের কাছে হারামের চাবি অর্পণ করে উসমানি সালতানাতের সাথে একাত্মতা ঘোষণা করেন। এভাবে হিজাজও উসমানি সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা ৯৫৪ হিজরিতে ১৫৪৭ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের দক্ষিণে আরব বন্দর নগরী এডেনে পৌঁছে গিয়েছিল।
উসমানি খিলাফত উত্তর আফ্রিকায় প্রসারিত হয়ে ৯৬৪ হিজরি তথা ১৫৫৬ খ্রিস্টাব্দে তিলিমসিন অবধি পৌঁছে যায়। ইউরোপের অস্ট্রিয়া অবধি বিস্তৃত হয়ে পূর্ব-আকসা ছাড়া সমস্ত আরব দেশকে অধীন বানিয়ে নেয়। পূর্ব-আকসা এর আগে সাদি সাম্রাজ্যের শাসনাধীন এবং পরবর্তীকালে আলাভিদের কর্তৃত্বাধীন ছিল। উসমানিরা ইরাক এবং ইরানে সাফাভি শাসনের অবসান ঘটিয়েছিল। মিশর আর শামের অঞ্চলগুলোতে উসমানি খিলাফত চার শতাব্দী (৯২২-১৩৩৭ হি./১৫১৬-১৯১৮খ্রি.) অবধি চলতে থাকে।
টিকাঃ
[১০৪২] সুলতান কানসুহ আল-গাউরির সাথে থাকা আব্বাসি খলিফা আল-মুতাওয়াক্কিল আবু আবদিল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনিল মুসতামসিককে সাথে নিয়ে সুলতান সালিম আলেপ্পোর উদ্দেশ্যে রওয়ানা হন। অপরদিকে তুমানবাইয়ের উদ্যোগে বন্দি খলিফার পিতা মিশরে বাইয়াত গ্রহণ করেন। (আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৬-৪৭)
[১০৪৩] তারীখুল মামালিক, পৃ. ১২১; আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৬
[১০৪৪] আব্বাসি খলিফাগণ কায়রোতেই ছিলেন। অবশেষে ৯৫৭ হিজরির ১২ই শাবান মোতাবেক ১৫৫০ খ্রিস্টাব্দের ২৬শে আগস্ট সর্বশেষ খলিফা আল-মুতাওয়াক্কিল আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াকুবের মৃত্যু হয়। তিনি ছিলেন ৫৫তম আব্বাসি খলিফা। (আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪)
[১০৪৫] উসমানি সুলতানগণ ছিলেন উসমান আল-গাযির সন্তান এবং বংশীয় লোক। নিজেদের পিতার মৃত্যুর পর তারা পর্যায়ক্রমে ক্ষমতার উত্তরাধিকারী হয়েছিলেন। এরা হলেন উসমান আল-গাযি (৬৯৯ হি.), ওরখান ইবনু উসমান (৭৬১ হি.), মুরাদ ইবনু ওরখান (৭৯১ হি.), বায়েজিদ খান ইবনু মুরাদ (৮১৬), মুহাম্মাদ ইবনু বায়েজিদ খান (৮২৫ হি.), মুরাদ ইবনু মুহাম্মাদ (৮৫৫ হি.), মুহাম্মাদ খান ইবনু মুরাদ খান (৮৮৬ হি.), বায়েজিদ খান ইবনু মুহাম্মাদ খান (৯১৮ হি.), সালিম খান ইবনু বায়েজিদ খান (৯২৬), সুলাইমান আল-কানুনি (৯৭৪ হি.), সালিম ইবনু সুলাইমান (৯৭৪) এবং মুরাদ খান ইবনু সালিম (৯৮২ হি.)। এরপর খলিফাগণ একের পর এক দায়িত্ব পালন করেন। আল-ইকদুল মানযুম, পৃ. ৩৭৫ (আশ-শাকাইকুন নু'মানিয়্যাহ, পৃ. ৬-২৬৪)
[১০৪৬] তারীখুল মামালিক, পৃ. ১২৪; আল-মাশরিকুল আরাবি, পৃ. ১১ এবং ১৭
📄 উসমানি সুলতানদের পরিচয়
ইসলামি খিলাফত ঘোষণার আগেকার উসমানি সুলতানদের কথা আমরা ইতিপূর্বে সংক্ষেপে আলোচনা করেছি। এখানে আমরা উসমানি সুলতান এবং খলিফাদের সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। সংখ্যায় এরা ছিলেন মোট ৩৭ জন।
১. প্রথম উসমান (১২৮১-১৩২৪ খ্রি.) বুরসা এবং ইজনিক-এ বাইজেন্টাইনদের পরাজিত করে উসমানি রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার শাসনকাল ছিল ৬৯৯-৭২৬ হি./১২৯৯-১৩২৪ খ্রি. পর্যন্ত।
২. ওরখান (১৩২৪-১৩৬০ খ্রি.)।
৩. প্রথম মুরাদ (১৩৫৯-১৩৮৯ খ্রি.)। ৭৯১ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন।
৪. বায়েজিদ (১৩৮৯-১৪০২ খ্রি.)। ৮১৬ হিজরিতে তার মৃত্যু হয়।
৫. প্রথম মুহাম্মাদ (১৪০৩-১৪২১ খ্রি.)। ৮২৫ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৬. দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৫১ খ্রি.) এর মৃত্যু ৮৫৫ হিজরিতে।
৭. দ্বিতীয় মুহাম্মাদ (১৪৪৬-১৪৮১ খ্রি.)। তার উপাধি ছিল আল-ফাতিহ তথা বিজেতা। সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছেন। মসজিদ এবং দুর্গ তৈরি করেছেন। ৮৮৬ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৮. দ্বিতীয় বায়েজিদ (১৪৮১-১৫১২ খ্রি.)। ৯১৮ হিজরিতে তার মৃত্যু হয়।
৯. প্রথম সালিম (১৫১২-১৫২০ খ্রি.)। ৯২৬ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন।
১০. প্রথম সুলাইমান আল-কানুনি (১৫২০-১৫৬৬ খ্রি.)। ৯৭৪ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। পশ্চিমারা যাকে ‘দ্যা ম্যাগনিফিসেন্ট’ বলে। তিনি নিজে ১৩টি অভিযান পরিচালনা করেছিলেন। যার দশটি ছিল ইউরোপে, আর তিনটি ছিল এশিয়াতে। রাষ্ট্র সম্প্রসারিত করেছিলেন। আট বার স্বহস্তে কুরআনের অনুলিপি করেছিলেন। অনেক কাব্যসংকলনও করেন। একাধিক বার ফ্রান্সের সাথে বিশেষাধিকারের চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি।
১১. দ্বিতীয় সালিম (১৫৬৬-১৫৭৪ খ্রি.)। ৯৮২ হিজরিতে তার মৃত্যু হয়।
১২. তৃতীয় মুরাদ (১৫৭৪-১৫৯৫ খ্রি.)।
১৩. তৃতীয় মুহাম্মাদ (১৫৯৫-১৬০৩ খ্রি.)।
১৪. প্রথম আহমাদ (১৬০৩-১৬১৭ খ্রি.)।
১৫. প্রথম মুস্তফা (১৬১৭-১৬২৩ খ্রি.)।
১৬. দ্বিতীয় উসমান (১৬১৭-১৬২২ খ্রি.)।
১৭. চতুর্থ মুরাদ (১৬২৩-১৬৪০ খ্রি.)।
১৮. ইবরাহীম (১৬৪০-১৬৪৮ খ্রি.)।
১৯. চতুর্থ মুহাম্মাদ (১৬৪৮-১৬৮৭ খ্রি.)।
২০. দ্বিতীয় সুলাইমান (১৬৮৭-১৬৯১ খ্রি.)।
২১. দ্বিতীয় আহমাদ (১৬৯১-১৬৯৫ খ্রি.)।
২২. দ্বিতীয় মুস্তফা (১৬৯৫-১৭০৩ খ্রি.)।
২৩. তৃতীয় আহমাদ (১৭০৩-১৭৩০ খ্রি.)।
২৪. প্রথম মাহমুদ (১৭৩০-১৭৫৪ খ্রি.)।
২৫. তৃতীয় উসমান (১৭৫৪-১৭৫৭ খ্রি.)।
২৬. তৃতীয় মুস্তফা (১৭৫৭-১৭৭৪ খ্রি.)।
২৭. প্রথম আবদুল হামিদ (১৭৭৪-১৭৮৯ খ্রি.)।
২৮. তৃতীয় সালিম (১৭৮৯-১৮০৭ খ্রি.)।
২৯. চতুর্থ মুস্তফা (১৮০৭-১৮০৮ খ্রি.)।
৩০. দ্বিতীয় মাহমুদ (১৮০৮-১৮৩৯ খ্রি.)।
৩১. প্রথম আবদুল মাজিদ (১৮৩৯-১৮৬১ খ্রি.)।
৩২. আবদুল আজিজ (১৮৬১-১৮৭৬ খ্রি.)।
৩৩. পঞ্চম মুরাদ (১৮৭৬ খ্রি.)।
৩৪. দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯ খ্রি.)।
৩৫. পঞ্চম মুহাম্মাদ (১৯০৯-১৯১৮ খ্রি.)।
৩৬. ষষ্ঠ মুহাম্মাদ (১৯১৮-১৯২২ খ্রি.)।
৩৭. দ্বিতীয় আবদুল মাজিদ (১৯২২-১৯২৪ খ্রি.)।
উসমানি শাসনের নিয়ম অনুসারে বড় ছেলেই সাধারণত পিতার স্থলাভিষিক্ত হতো। কিন্তু একবার দেখা গেল, বড় ছেলের বয়স অনেক কম। তখন উসমানি-পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষ পরবর্তী সুলতান হওয়ার ব্যাপারে ফরমান জারি করা হলো।
উসমানি শাসককে ‘আল-খানকার’ তথা মহান সুলতান বা মহত্তম শাসক বলা হতো। তবে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ পর্যন্ত উসমানি সুলতানদের কেউই কার্যত খলিফার উপাধি ব্যবহার করেননি।
টিকাঃ
[১০৪৭] আল-মাশরিকুল আরাবি, পৃ. ৩০-৩১
[১০৪৮] আল-মাশরিকুল আরাবি, পৃ. ৩০
📄 খিলাফতের রাজনৈতিক এবং আইনি পরিস্থিতি
১৬শ শতাব্দীতে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার সময় উসমানিদের অবস্থান ছিল শক্তির শীর্ষে। পৃথিবীর সর্বাধিক বিস্তৃত ভূখণ্ডগুলোতে তাদের শাসন বিস্তার লাভ করেছিল। অধিকাংশ আরব দেশেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।
১৭শ শতাব্দীতে সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণবশত উসমানি সালতানাতে দুর্বলতার চিহ্ন দেখা দিতে শুরু করে। তাদের বিপক্ষে রাষ্ট্রদ্রোহ এবং আধুনিক চ্যালেঞ্জের বিভিন্ন দৃশ্যের অবতারণা হয়। ক্রমে উসমানিদের দুর্বলতা বিরাট আকার ধারণ করতে থাকে। অবশেষে ১৮শ শতাব্দীতে এই দুর্বলতা পতনের রূপ নেয়। নানাধরনের স্থানীয় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। শুরু হয় স্বাধীনতাকামী বিভিন্ন আন্দোলন। যার সর্বশেষ পর্যায়ে ছিল মিশর এবং শামে নেপোলিয়নের হামলা। এরপর মুহাম্মাদ আলি পাশার শাসনামলে মিশরে অনেকটা জাতিগত স্বাধীনতা।
ঊনবিংশ শতাব্দীতে উসমানি সালতানাতে বিভিন্ন সংগঠনের সংস্কারমূলক আন্দোলন শুরু হয়। সেইসাথে ইউরোপীয়দের সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক হস্তক্ষেপ দেখা দিতে থাকে। প্রচলন ঘটে নানাবিধ ভিনদেশি সুবিধার। আইন এবং ব্যবস্থাপনা ভিন্ন হতে থাকলে বিচার বিভাগ, প্রশাসন এবং শিক্ষা-সহ অন্যান্য বিভাগে বিঘ্ন ঘটতে থাকে। এখানে দুটি বিষয় লক্ষণীয়।
প্রথমত: বিচার এবং আইনগত দিক থেকে উসমানি সালতানাতের ব্যবস্থাপনার উভয় স্তরের মাঝে পার্থক্য করা দরকার।
(১) উসমানি খিলাফত প্রতিষ্ঠা থেকে ১৯ শতকের মাঝামাঝি সময় তথা সুলতান আবদুল হামিদের যুগ অর্থাৎ ১২৫৫ হিজরিতে ১৮৩৯ খ্রিস্টাব্দের আগ অবধি। অর্থাৎ প্রায় সাড়ে তিন শতাব্দী কাল অবধি আইন ছিল ইসলামি, বিচারব্যবস্থা চলত দ্বীন-ইসলাম এবং শরীয়ত অনুসারে। অবশেষে পশ্চিমাদের সামনে উসমানিদের শক্তি খর্ব হয়ে যায়।
(২) ১৯ শতকের মধ্যবর্তী সময় থেকে এর সূচনা। এ সময় ‘কুলখানার ফরমান’ জারি করা হয়। ১২৫৫ হিজরিতে ১৮৩৯ খ্রিস্টাব্দের সংস্কার আন্দোলন প্রকাশ পায়। তারপর ১২৭৪ হিজরিতে ১৮৫৬ খ্রিস্টাব্দে জারি করা হয় ‘হুমায়ুনলিপি’। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানি রাষ্ট্রের বলয় থেকে আরব রাষ্ট্রগুলো বের হয়ে যায়।
এরপর ১৯২৪ সালে কামাল আতাতুর্ক ইসলামি খিলাফত সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। উসমানি খিলাফতের এ স্তরে একই রাষ্ট্রে তৈরি হয় ভিন্ন ভিন্ন আইন। বিচারব্যবস্থায় দেখা দেয় দ্বৈত নীতি। বিদেশি আইনকানুন এবং ব্যবস্থাপনা অনুপ্রবেশ করে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হয় বিদেশি আদালত এবং সাধারণ বিচারালয়। অবশেষে ১৯২৩ খ্রিস্টাব্দে কামাল আতাতুর্ক শারঈ আদালত বাতিল ঘোষণা করে সেটার যাবতীয় কার্যক্রম বিচারিক আদালতের সাথে সংযুক্ত করে দেয়।
দ্বিতীয়ত: রাজনৈতিক দিক থেকে উভয় যুগের ব্যবস্থাপনার মাঝে পার্থক্য করা উচিত।
(১) উসমানি যুগ হলো খিলাফত প্রতিষ্ঠার পর থেকে সুলতান আবদুল হামিদের পতনের আগ পর্যন্ত। এ সময় রাজনৈতিক দিক থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলাম-সম্মত ছিল।
(২) আধুনিক তুর্কির দুই দল—জোটদল এবং প্রগতিবাদী দল—ক্ষমতা গ্রহণের পর তুর্কি শাসনব্যবস্থা জাতীয়তাবাদী তথা তুরানি হয়ে গিয়েছিল। ইসলামি শাসন আর বাকি থাকেনি।
টিকাঃ
[১০৪৯] খ্রিষ্টাব্দ ১৬শ শতকের শেষ দিকে উসমানি যুগের মানচিত্র এবং উসমানি সাম্রাজ্যের বিস্তৃতির পরিধির সীমা জানতে আতলাসুত তারীখিল আরাবি, পৃ. ৬৭-৬৯ দেখুন।
[১০৫০] মুহাম্মাদ আলি পাশা (১৭৬৯-১৮৪৯ খ্রিষ্টাব্দ) ছিলেন মিশরে খেদিভ এবং মামলুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কায়রোর দুর্গে মামলুক নেতাদের হত্যা করে মিশর এবং সুদানে তার ক্ষমতা বিস্তার করেছিলেন। সেনাবাহিনীকে সুবিন্যস্ত করে তুর্কি সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে তার এবং তার বংশধরের জন্য মসনদের অধিকার মেনে নেওয়া হয়। (আল-মুনজিদ, পৃ. ৪৮৩)
[১০৫১] তারীখুল কাদ্ধা, পৃ. ১০৭; তারীখুদ দাওলাতিল আলিয়্যাহ, পৃ. ২৯৮; আল-মাদখালুল ফিকহিল আম : ১/১৬৯