📄 উৎপত্তি এবং উত্থান
হিজরি সপ্তম শতকের শুরুর দিকে ১৩শ খ্রিস্টাব্দে উসমানি তুর্কি মুসলিমরা খোরাসান অঞ্চলে বসবাস করত। মোঙ্গলদের প্রচণ্ড চাপে পড়ে তারা বাধ্য হয়ে পশ্চিম দিকে হিজরত করে। শেষমেশ থিতু হয় আনাতোলিয়া উপদ্বীপে। আনাতোলিয়া অভিমুখে যাত্রাকারী তুর্কিদের নেতৃত্বে ‘কায়’ নামক একটি গোত্র ছিল। যার প্রধান ছিল গুন্দুজ আলব। এই গুন্দুজের পর তার স্থলাভিষিক্ত হয় ছেলে গাজী আরতুগুল। আরতুগুলের পরে তার ছেলে আমির উসমান। হিজরি ৬৯৯ সালে (১৩০০ খ্রি.) উসমান নিজের দিকে সম্পৃক্ত করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ইতিহাসের পাতায় এই সাম্রাজ্য ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। ৯২৩ হিজরিতে (১৫১৭ খ্রি.) এই সাম্রাজ্য খিলাফতের রূপ নেয়, যা ১৯২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল।
১৩০৭ খ্রিস্টাব্দে কোনিয়ায় রোম সেলজুক সাম্রাজ্যের পতন হলে তুর্কি গোত্রগুলো আনাতোলিয়া এবং বাইজেন্টাইনে ছড়িয়ে পড়ে। এরপর ১৩৫৪ খ্রিস্টাব্দে তারা ইউরোপীয় উপকূল অতিক্রম করে গ্যালিপলি দখল করে নেয়। ১৪ শতকের শেষ পর্যন্ত তাদের সীমানা বিস্তৃত হতে থাকে।
উসমানি তুর্কিরা এশিয়ার অধিকাংশ অঞ্চলগুলোতে তৈমুর লঙের কঠিন হামলার শিকার হয়েছিল। ৮০৫ হিজরিতে (১৪০২ খ্রি.) আনকারার লড়াইয়ে তারা ভীষণ মার খায়। সুলতান প্রথম বায়েজিদ এই যুদ্ধে বন্দি হন। পরের বছর বন্দি অবস্থাতেই তার মৃত্যু হয়। এরপর উসমানিরা আবার ঘুরে দাঁড়ায়। সুলতান দ্বিতীয় মুহাম্মাদ সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। রাজ্যের সীমানাও তিনি ব্যাপকভাবে বৃদ্ধি করেন। অবশেষে ৮৫৭ হিজরিতে (১৪৫৩ খ্রি.) কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে বাইজেন্টাইন রাষ্ট্র সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।
মিশর এবং শামে মামলুকদের সাথে উসমানিদের দুই শতাব্দীতেও কোনো সংঘর্ষ হয়নি। বরং উসমানিদের বিজয় এবং তাদের সাম্রাজ্যের সম্প্রসারণ মামলুকরা খুশির দৃষ্টিতে দেখতেন। এমনকি কনস্টান্টিনোপল বিজিত হলে মামলুক সুলতান ঈনাল গোটা কায়রো শহর সাজানোর আদেশ দিয়েছিলেন। এই বিজয় তারা ইসলাম এবং মুসলিমদের বিজয় বলে গ্রহণ করেছিলেন।
কিন্তু উসমানিরা বলকানের কাছে তাদের সামনে অগ্রসর হওয়া বন্ধ করে আনাতোলিয়ার অবশিষ্ট আমিরাতগুলোর দিকে মনোযোগ দেয়। সেগুলো হচ্ছে কারামান এবং দিলগাদার।
১৪৬৫ খ্রিস্টাব্দে সেখানকার আমিররা মারা যাওয়ার পর উসমানিরা তখন মামলুক বলয়ের বাইরে থাকা দুজন আমিরকে সমর্থন করে। এভাবে ইসলামি বিশ্বের নেতৃত্ব গ্রহণের জন্য নিকট প্রাচ্য তথা আনাতোলিয়াতে শুরু হয় মামলুক এবং উসমানিদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা। এভাবে প্রতিটা সাম্রাজ্যই অন্য রাষ্ট্রের আমিরদের সমর্থন দিতে শুরু করে। যেমন দ্বিতীয় বায়েজিদ হারামাইন শারীফাইনের সুরক্ষায় মামলুকদের সাথে অংশগ্রহণ করতে চেষ্টা করেছিলেন। তিনি মক্কায় কিছু সংস্কারমূলক কাজ করার প্রস্তাব দিলেও কাতিয়াবাই সেটা প্রত্যাখ্যান করেন। তখন তিনি দিলগাদার প্রশাসনে সমস্যা সৃষ্টি শুরু করেন।
টিকাঃ
[১০৩৬] উসমানের শাসনামলে উসমানি রাষ্ট্রের সীমানা জানতে আতলাসুত তারীখিল আরাবি, পৃ. ৬৬ দেখুন।
[১০৩৭] তারীখুল মামালিক, পৃ. ১১৫; আল-মাশরিকুল আরাবি ফিল আহদিল উসমানি, পৃ. ১৮
[১০৩৮] কনস্টান্টিনোপল বিজয়ের কারণে এই সুলতানকে মুহাম্মাদ আল-ফাতিহ তথা বিজয়ী মুহাম্মাদ বলা হয়। তার শাসনকাল ছিল ১৪৫১ থেকে ১৪৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত। সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির পাশাপাশি অনেক মসজিদ এবং দুর্গ নির্মাণ করেছিলেন তিনি। ষাটজন উসমানি শাসকের নাম ছিল মুহাম্মাদ। এদের মাঝে প্রথম মুহাম্মাদের শাসনকাল ছিল ১৪১৬ থেকে ১৪২১ খ্রিষ্টাব্দ অবধি। তার হাত ধরেই সাম্রাজ্যের ভিত্তি মজবুত হয়। ভেনিসের নৌবহর এবং সার্বিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়ে সাম্রাজ্যের সীমানা তিনি পূর্ব-পশ্চিমে বিস্তার ঘটিয়েছিলেন।
[১০৩৯] তারীখুল মামালিক, পৃ. ১১৫-১১৭; আল-মাশরিকুল আরাবি, পৃ. ১৮
[১০৪০] তারীখুল মামালিক, পৃ. ১১৭
📄 মামলুকদের ওপর আধিপত্য
উসমানি এবং মামলুকদের মাঝে কার্যত যুদ্ধ শুরু হয় কানসুহ আল-গাউরির শাসনামলে। প্রথম সালিম তখন ইরানের শাহ ইসমাঈল আস-সাফাবির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ১৫১৪ খ্রিস্টাব্দে জালদিরানের যুদ্ধে সালিম জয় লাভ করে আল-জাযিরা, মুসেল-সহ আশেপাশের এলাকা দখল করে নেন। যেগুলো আইয়ুবিয় যুগ থেকেই মিশর সালতানাতের সাথে যুক্ত ছিল। ৯২১ হিজরিতে (১৫১৫ খ্রি.) সুলতান প্রথম সালিম মামলুক সমর্থিত ডেলগাডার দখল করে নিলে সুলতান কানসুহ আল-গাউরি উসমানিদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। ৯২২ হিজরিতে তিনি আলেপ্পোতে একটি অভিযান পরিচালনার উদ্যোগ নেন। কানসুহ নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে আব্বাসি খলিফা-সহ যুদ্ধে বের হয়েছিলেন। এ সময় আলেপ্পোর নায়েব কানসুহর কাছে বার্তা পাঠিয়ে অধীন থাকার কথা নিশ্চিত করেন। এরপরই সুলতান সালিমের পক্ষ হতে একটি বন্ধুত্বপূর্ণ বার্তা আসে। যা-তে তিনি সন্ধির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কানসুহ এটাকে প্রতারণা মনে করেন। অবশেষে এ দুপক্ষই যুদ্ধে নামে। মামলুক বাহিনীর সাহসিকতাপূর্ণ যুদ্ধ দেখে সুলতান সালিমও তার বাহিনী পরিচালনায় কঠোর হওয়ার চিন্তা করছিলেন। এ সময় আলেপ্পোর নায়েব বিশ্বাসঘাতকতা করলে মামলুক বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। যা দেখে কানসুহ আল-গাউরি বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। ৯২২ হিজরিতে (১৫১৬ খ্রি.) মামলুকদের পরাজয় ঘটে।
টিকাঃ
[১০৪১] তারীখুল মামালিক, পৃ. ১১৯; আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৪
📄 উসমানি খিলাফত প্রতিষ্ঠা
উসমানি সালতানাত কোনো ইসলামি খিলাফত ছিল না। কারণ সে-সময় মামলুকদের মাঝে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত ছিল। মারজদাবিকের যুদ্ধে জয়ী হয়ে সুলতান সালিম শাম এবং মিশরের দিকে অগ্রসর হতে থাকেন। সংক্ষিপ্ত আলাপ-আলোচনার পর তিনি প্রবেশ করেন দামিস্কে। এরপর মিশর অভিমুখে তার যাত্রা শুরু হয়। কানসুহর নায়েব তুমানবাই পরবর্তী সুলতান হয়ে ‘আল-আশরাফ’ উপাধি গ্রহণ করেন। কায়রোতে তিনি অবস্থানের কথা ভাবছিলেন। উসমানিদের মোকাবিলার ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করলেও মামলুক আমিরদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পেলেন না। বরং তারা বিভিন্ন অজুহাত পেশ করতে থাকে। অগত্যা তুমানবাই নিজেই কিছু সৈন্য নিয়ে বেরিয়ে পড়েন। রিদানিয়ার যুদ্ধক্ষেত্রে উভয় বাহিনী মুখোমুখি হয়। ১৫১৭ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি এ যুদ্ধে মামলুকরা পরাজিত হয়ে আত্মরক্ষার জন্য সেনা প্রত্যাহার করে কায়রোতে চলে যায়। তখন নীলনদের তীরে থাকা বেদুইন এবং যাযাবররা বিশ্বাসঘাতকতা করে মামলুকদেরকে পেছন থেকে আক্রমণ করে বসে। তখন উসমানিরা বিজয়ী হয়। একপর্যায়ে তুমানবাইকে বন্দি করে সুলতান সালিম বলেন, ‘এখন আমরা মিশরের মালিক হয়েছি।’ ৯২৩ হিজরিতে ১৫১৭ খ্রিস্টাব্দের ২৩শে এপ্রিল তুমানবাইকে ফাঁসিতে ঝোলানো হয়।
সুলতান সালিম (১৫১২-১৫২০ খ্রিষ্টাব্দ) ছিলেন নবম উসমানি সুলতান। ৯২৩ হিজরিতে ১৫১৭ খ্রিস্টাব্দে তিনি ইস্তাম্বুলে ইসলামি খিলাফতের ঘোষণা প্রদান করলে ফলত আব্বাসি খিলাফতের পরিসমাপ্তি ঘটে। উসমানি খিলাফতের সীমানা ইরাক পর্যন্ত সম্প্রসারিত হলে অধিকাংশ আরব রাষ্ট্র তার অন্তর্ভুক্ত হয়ে যায়। মক্কার শাসক তখন সুলতান সালিমের কাছে হারামের চাবি অর্পণ করে উসমানি সালতানাতের সাথে একাত্মতা ঘোষণা করেন। এভাবে হিজাজও উসমানি সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা ৯৫৪ হিজরিতে ১৫৪৭ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের দক্ষিণে আরব বন্দর নগরী এডেনে পৌঁছে গিয়েছিল।
উসমানি খিলাফত উত্তর আফ্রিকায় প্রসারিত হয়ে ৯৬৪ হিজরি তথা ১৫৫৬ খ্রিস্টাব্দে তিলিমসিন অবধি পৌঁছে যায়। ইউরোপের অস্ট্রিয়া অবধি বিস্তৃত হয়ে পূর্ব-আকসা ছাড়া সমস্ত আরব দেশকে অধীন বানিয়ে নেয়। পূর্ব-আকসা এর আগে সাদি সাম্রাজ্যের শাসনাধীন এবং পরবর্তীকালে আলাভিদের কর্তৃত্বাধীন ছিল। উসমানিরা ইরাক এবং ইরানে সাফাভি শাসনের অবসান ঘটিয়েছিল। মিশর আর শামের অঞ্চলগুলোতে উসমানি খিলাফত চার শতাব্দী (৯২২-১৩৩৭ হি./১৫১৬-১৯১৮খ্রি.) অবধি চলতে থাকে।
টিকাঃ
[১০৪২] সুলতান কানসুহ আল-গাউরির সাথে থাকা আব্বাসি খলিফা আল-মুতাওয়াক্কিল আবু আবদিল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনিল মুসতামসিককে সাথে নিয়ে সুলতান সালিম আলেপ্পোর উদ্দেশ্যে রওয়ানা হন। অপরদিকে তুমানবাইয়ের উদ্যোগে বন্দি খলিফার পিতা মিশরে বাইয়াত গ্রহণ করেন। (আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৬-৪৭)
[১০৪৩] তারীখুল মামালিক, পৃ. ১২১; আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪৬
[১০৪৪] আব্বাসি খলিফাগণ কায়রোতেই ছিলেন। অবশেষে ৯৫৭ হিজরির ১২ই শাবান মোতাবেক ১৫৫০ খ্রিস্টাব্দের ২৬শে আগস্ট সর্বশেষ খলিফা আল-মুতাওয়াক্কিল আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াকুবের মৃত্যু হয়। তিনি ছিলেন ৫৫তম আব্বাসি খলিফা। (আল-মাশরিকুল আরাবি, পৃ. ৪)
[১০৪৫] উসমানি সুলতানগণ ছিলেন উসমান আল-গাযির সন্তান এবং বংশীয় লোক। নিজেদের পিতার মৃত্যুর পর তারা পর্যায়ক্রমে ক্ষমতার উত্তরাধিকারী হয়েছিলেন। এরা হলেন উসমান আল-গাযি (৬৯৯ হি.), ওরখান ইবনু উসমান (৭৬১ হি.), মুরাদ ইবনু ওরখান (৭৯১ হি.), বায়েজিদ খান ইবনু মুরাদ (৮১৬), মুহাম্মাদ ইবনু বায়েজিদ খান (৮২৫ হি.), মুরাদ ইবনু মুহাম্মাদ (৮৫৫ হি.), মুহাম্মাদ খান ইবনু মুরাদ খান (৮৮৬ হি.), বায়েজিদ খান ইবনু মুহাম্মাদ খান (৯১৮ হি.), সালিম খান ইবনু বায়েজিদ খান (৯২৬), সুলাইমান আল-কানুনি (৯৭৪ হি.), সালিম ইবনু সুলাইমান (৯৭৪) এবং মুরাদ খান ইবনু সালিম (৯৮২ হি.)। এরপর খলিফাগণ একের পর এক দায়িত্ব পালন করেন। আল-ইকদুল মানযুম, পৃ. ৩৭৫ (আশ-শাকাইকুন নু'মানিয়্যাহ, পৃ. ৬-২৬৪)
[১০৪৬] তারীখুল মামালিক, পৃ. ১২৪; আল-মাশরিকুল আরাবি, পৃ. ১১ এবং ১৭
📄 উসমানি সুলতানদের পরিচয়
ইসলামি খিলাফত ঘোষণার আগেকার উসমানি সুলতানদের কথা আমরা ইতিপূর্বে সংক্ষেপে আলোচনা করেছি। এখানে আমরা উসমানি সুলতান এবং খলিফাদের সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। সংখ্যায় এরা ছিলেন মোট ৩৭ জন।
১. প্রথম উসমান (১২৮১-১৩২৪ খ্রি.) বুরসা এবং ইজনিক-এ বাইজেন্টাইনদের পরাজিত করে উসমানি রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার শাসনকাল ছিল ৬৯৯-৭২৬ হি./১২৯৯-১৩২৪ খ্রি. পর্যন্ত।
২. ওরখান (১৩২৪-১৩৬০ খ্রি.)।
৩. প্রথম মুরাদ (১৩৫৯-১৩৮৯ খ্রি.)। ৭৯১ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন।
৪. বায়েজিদ (১৩৮৯-১৪০২ খ্রি.)। ৮১৬ হিজরিতে তার মৃত্যু হয়।
৫. প্রথম মুহাম্মাদ (১৪০৩-১৪২১ খ্রি.)। ৮২৫ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৬. দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৫১ খ্রি.) এর মৃত্যু ৮৫৫ হিজরিতে।
৭. দ্বিতীয় মুহাম্মাদ (১৪৪৬-১৪৮১ খ্রি.)। তার উপাধি ছিল আল-ফাতিহ তথা বিজেতা। সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছেন। মসজিদ এবং দুর্গ তৈরি করেছেন। ৮৮৬ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৮. দ্বিতীয় বায়েজিদ (১৪৮১-১৫১২ খ্রি.)। ৯১৮ হিজরিতে তার মৃত্যু হয়।
৯. প্রথম সালিম (১৫১২-১৫২০ খ্রি.)। ৯২৬ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন।
১০. প্রথম সুলাইমান আল-কানুনি (১৫২০-১৫৬৬ খ্রি.)। ৯৭৪ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। পশ্চিমারা যাকে ‘দ্যা ম্যাগনিফিসেন্ট’ বলে। তিনি নিজে ১৩টি অভিযান পরিচালনা করেছিলেন। যার দশটি ছিল ইউরোপে, আর তিনটি ছিল এশিয়াতে। রাষ্ট্র সম্প্রসারিত করেছিলেন। আট বার স্বহস্তে কুরআনের অনুলিপি করেছিলেন। অনেক কাব্যসংকলনও করেন। একাধিক বার ফ্রান্সের সাথে বিশেষাধিকারের চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি।
১১. দ্বিতীয় সালিম (১৫৬৬-১৫৭৪ খ্রি.)। ৯৮২ হিজরিতে তার মৃত্যু হয়।
১২. তৃতীয় মুরাদ (১৫৭৪-১৫৯৫ খ্রি.)।
১৩. তৃতীয় মুহাম্মাদ (১৫৯৫-১৬০৩ খ্রি.)।
১৪. প্রথম আহমাদ (১৬০৩-১৬১৭ খ্রি.)।
১৫. প্রথম মুস্তফা (১৬১৭-১৬২৩ খ্রি.)।
১৬. দ্বিতীয় উসমান (১৬১৭-১৬২২ খ্রি.)।
১৭. চতুর্থ মুরাদ (১৬২৩-১৬৪০ খ্রি.)।
১৮. ইবরাহীম (১৬৪০-১৬৪৮ খ্রি.)।
১৯. চতুর্থ মুহাম্মাদ (১৬৪৮-১৬৮৭ খ্রি.)।
২০. দ্বিতীয় সুলাইমান (১৬৮৭-১৬৯১ খ্রি.)।
২১. দ্বিতীয় আহমাদ (১৬৯১-১৬৯৫ খ্রি.)।
২২. দ্বিতীয় মুস্তফা (১৬৯৫-১৭০৩ খ্রি.)।
২৩. তৃতীয় আহমাদ (১৭০৩-১৭৩০ খ্রি.)।
২৪. প্রথম মাহমুদ (১৭৩০-১৭৫৪ খ্রি.)।
২৫. তৃতীয় উসমান (১৭৫৪-১৭৫৭ খ্রি.)।
২৬. তৃতীয় মুস্তফা (১৭৫৭-১৭৭৪ খ্রি.)।
২৭. প্রথম আবদুল হামিদ (১৭৭৪-১৭৮৯ খ্রি.)।
২৮. তৃতীয় সালিম (১৭৮৯-১৮০৭ খ্রি.)।
২৯. চতুর্থ মুস্তফা (১৮০৭-১৮০৮ খ্রি.)।
৩০. দ্বিতীয় মাহমুদ (১৮০৮-১৮৩৯ খ্রি.)।
৩১. প্রথম আবদুল মাজিদ (১৮৩৯-১৮৬১ খ্রি.)।
৩২. আবদুল আজিজ (১৮৬১-১৮৭৬ খ্রি.)।
৩৩. পঞ্চম মুরাদ (১৮৭৬ খ্রি.)।
৩৪. দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯ খ্রি.)।
৩৫. পঞ্চম মুহাম্মাদ (১৯০৯-১৯১৮ খ্রি.)।
৩৬. ষষ্ঠ মুহাম্মাদ (১৯১৮-১৯২২ খ্রি.)।
৩৭. দ্বিতীয় আবদুল মাজিদ (১৯২২-১৯২৪ খ্রি.)।
উসমানি শাসনের নিয়ম অনুসারে বড় ছেলেই সাধারণত পিতার স্থলাভিষিক্ত হতো। কিন্তু একবার দেখা গেল, বড় ছেলের বয়স অনেক কম। তখন উসমানি-পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষ পরবর্তী সুলতান হওয়ার ব্যাপারে ফরমান জারি করা হলো।
উসমানি শাসককে ‘আল-খানকার’ তথা মহান সুলতান বা মহত্তম শাসক বলা হতো। তবে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ পর্যন্ত উসমানি সুলতানদের কেউই কার্যত খলিফার উপাধি ব্যবহার করেননি।
টিকাঃ
[১০৪৭] আল-মাশরিকুল আরাবি, পৃ. ৩০-৩১
[১০৪৮] আল-মাশরিকুল আরাবি, পৃ. ৩০