📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ইউরোপের সাথে ধারাবাহিক যুদ্ধ

📄 ইউরোপের সাথে ধারাবাহিক যুদ্ধ


খলিফা দ্বিতীয় মোস্তফা বীরত্ব ও সাহসিকতার গুণে গুণান্বিত ছিলেন। পোল্যান্ডের সাথে যুদ্ধে নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দেন। ককেশাসীয় যোদ্ধাদের সহযোগিতায় তিনি তাদের ওপর বিজয় লাভ করেন। রুশ সম্রাট গ্রেট পিটার কৃষ্ণসাগরে পৌঁছার জন্য একটি প্রণালি পথ সৃষ্টি করতে আজভ শহরকে অবরুদ্ধ করে রাখে। খলিফা ১১০৭ হিজরিতে (১৬৯২ খ্রিষ্টাব্দে) এই শহরের অবরোধ তুলে নিতে রুশ সম্রাটকে বাধ্য করেন। খলিফা অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করতে হাঙ্গেরি অভিমুখে রওনা হন এবং তাদের ওপর বিজয় লাভ করেন।

উসমানি সৈন্যরা তিসা নদী পার হওয়ার সময় অস্ট্রীয় সেনাপ্রধান (ইউগেন দি সেভুই) তাদের প্রতি অকস্মাৎ আক্রমণ করে বসে। সে উসমানিদের পরাজিত করতে সক্ষম হয়। সৈন্যদের অনেকেই নদীতে ডুবে মারা যায়। ইউগেন তাদের পিছু নিয়ে তাড়া করতে থাকে। কিন্তু খলিফা বসনিয়া ভূখণ্ডে প্রবেশ করে অবশিষ্ট সৈন্যদের রক্ষা করতে সক্ষম হন। সে সময় রুশ সম্রাট গ্রেট পিটার সুযোগটিকে কাজে লাগিয়ে ১১০৮ হিজরিতে (১৬৯৭ খ্রিষ্টাব্দে) আজভ শহর দখল করে নেয়। উসমানিদের অব্যাহত পরাজয়ের মাঝে হুসাইন কুবরিলি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি অস্ট্রিয়ানদের বিরুদ্ধে জয় লাভ করেন। তাদেরকে বসনিয়া থেকে হটিয়ে এজিয়ান সাগরের বেশকিছু দ্বীপ পুনরুদ্ধার করেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 কার্লোফিৎস চুক্তি

📄 কার্লোফিৎস চুক্তি


ইউরোপীয় জোট গঠিত হওয়ার পর ১১১০ হিজরিতে (১৬৯৯ খ্রিষ্টাব্দে) উসমানিরা ফ্রান্সের মধ্যস্থতায় কার্লোফিটস চুক্তি সম্পাদন করতে বাধ্য হয়। চুক্তি মোতাবেক তারা নিম্নোক্ত অঞ্চলসমূহ ত্যাগ করে।
১. আজভ শহর রাশিয়াকে ছেড়ে দেয়।
২. হাঙ্গেরির অবশিষ্ট ভূমি অস্ট্রিয়াকে ছেড়ে দেয় এবং এ দেশটির সাথে ২৫ বছর মেয়াদি শান্তিচুক্তি করে।
৩. ইউক্রেন ও পোদোলিয়া পোল্যান্ডকে প্রদান করে।
৪. দালমাতিয়া উপকূল এবং এজিয়ান সাগরের কিছু দ্বীপ ভেনিসকে ছেড়ে দেয়।
প্রধানমন্ত্রী হুসাইন কুবরিলি এই চুক্তির কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ১১১৪ হিজরিতে (১৭০২ খ্রিষ্টাব্দে) পদত্যাগপত্র পেশ করেন। সাম্রাজ্যের জেনিসারি বাহিনী বিদ্রোহ ঘোষণা করে এবং ১১১৫ হিজরিতে (১৭০৩ খ্রিষ্টাব্দে) খলিফাকে অপসারণ করে। তৎস্থলে তৃতীয় আহমাদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00