📄 হাবিবুল্লাহ খান
আবদুর রহমানের মৃত্যুর পর তার পুত্র হাবিবুল্লাহ খান ক্ষমতা লাভ করেন। তার সময়ে ইংরেজদের তৎপরতা অনেক বৃদ্ধি পায়। তবে রাশিয়া ও ইংরেজ যৌথভাবে আফগানের স্বাধীনতার স্বীকৃতি দিতে বাধ্য হয়। কিছুদিন পর বেজে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের ডঙ্কা। উসমানিরা যুদ্ধে আফগানিদের পাশে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু হাবিবুল্লাহ খান উসমানিদের পাশে না দাঁড়িয়ে ইংরেজদের সহায়তা করেন। আফগান জনগণ এর প্রতিশোধ নিতে ১৩৩৮ হিজরিতে (১৯১৯ খ্রিষ্টাব্দে) হাবিবুল্লাহ খানকে হত্যা করে।
📄 আমানুল্লাহ খান
হাবিবুল্লাহ খানের পুত্র আমানুল্লাহ খান। পিতার মৃত্যুর পর ক্ষমতায় আরোহণ করেন তিনি। ক্ষমতায় বসে বাদশা উপাধি ধারণ করেন। তার সময়ে অকুতোভয় সেনাপতি মুহাম্মাদ নাদির খানের (১৪) নেতৃত্বে আফগানিরা ইংরেজদের চরমভাবে পরাজিত করে। সমগ্র আফগান থেকে ইংরেজদের তাড়িয়ে দিতে সক্ষম হয় তারা। পরাজিত হয়ে ইংরেজরা আফগানদের কর্তৃত্ব ও স্বাধীনতা স্বীকার করে নেয়। কিন্তু শত্রুমুক্ত হয়ে আমানুল্লাহ ভোগবিলাসিতার প্রতি ঝুঁকে পড়েন। ইউরোপীয় সংস্কৃতির প্রতি তার মুগ্ধতা বৃদ্ধি পেতে থাকে। পুরোদমে ইউরোপীয় সংস্কৃতি অনুসরণ করতে থাকেন। ইসলামের সাথে সাংঘর্ষিক এমন জিনিসও বাদ যায় না তার থেকে। ইউরোপ ভ্রমণে গিয়ে তিনি দীর্ঘদিন কাটাতে শুরু করেন। অন্যদিকে বিপদমুক্ত থাকতে মুহাম্মাদ নাদির খানকে প্যারিসে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেশ থেকে দূরে সরিয়ে দেন।
পাশ্চাত্যের খোলামেলা জীবন তাকে আকৃষ্ট করে। নিজের পরিবারে তিনি বেপর্দাময় জীবনের প্রয়োগ ঘটান। কিন্তু তার পরিবারের মহিলারা পর্দা ছেড়ে খোলামেলা চলাচল শুরু করলে আফগানি জনগণ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে আমানুল্লাহ আরও বেপরোয়া হয়ে যান। তিনি আফগানি পোশাক বর্জন করে ইউরোপীয় পোশাক পরিধানের আদেশ জারি করেন। তার এই পদক্ষেপে তেতে ওঠে আফগানি জনগণ। সেই উত্তপ্ত পরিস্থিতিতে সুযোগসন্ধানী এক লোক দৃশ্যপটে হাজির হয়। বাজি সাকা নামের এই ব্যক্তি কিছু স্বার্থান্বেষী লোক ও কিছু ডাকাতকে সমবেত করে একটি বাহিনী দাঁড়ায়। এই বাহিনীর সাহায্যে সে কাবুল জয় করে নেয়। আমানুল্লাহকে ক্ষমতা ত্যাগ করে তার ভাই ইনায়াতুল্লাহর হাতে তুলে দিতে বাধ্য করে। আমানুল্লাহ তখন দেশ ছেড়ে ব্রিটেন চলে যান, ভোগবিলাসে বাকি জীবন কাটিয়ে দেওয়ার আশায়।
টিকা:
১৪. তিনি আফশারি শাসনের প্রধান পুরুষ নাদির খান নন। তার জীবনকাল ১৬৯৮-১৭৪৭ খ্রিষ্টাব্দ। পক্ষান্তরে বর্তমানে আলোচিত নাদির খানের জীবনকাল ১৮৮৩-১৯৩৩ খ্রিষ্টাব্দ। -সম্পাদক
📄 ইনায়া তুল্লাহ
তার সময়ে দেশে বাজি সাকা ও তার ডাকাত বাহিনীর উপদ্রব খুব বেড়ে যায়। বাজি নিজেকে আফগানদের বাদশাহ দাবি করতে শুরু করে এবং নাম ধারণ করে হাবিবুল্লাহ গাজি। সারাদেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইনায়াতুল্লাহ এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এ সময় আফগান পরিস্থিতিতে প্রবেশ করেন মুহাম্মাদ নাদির খান। ইংরেজদের সাথে তার বীরত্বগাথা সবার জানা ছিল। বিশেষত তিনি শাসক পরিবারেরও অন্তর্ভুক্ত ছিলেন। সব মিলিয়ে জনগণ তাকে পেয়ে খুশি মনে গ্রহণ করে। ১৩৪৮ হিজরিতে (১৯২৯ খ্রিষ্টাব্দে) তিনি আফগানের ক্ষমতা গ্রহণ করেন।
📄 মুহাম্মাদ নাদির খান
ক্ষমতায় বসেই তিনি প্রথমে বাজি সাকাকে বন্দি করে ফাঁসিতে ঝুলান। দেশজুড়ে সংস্কার অভিযান চালান। অত্যাচার, অন্যায়, ঘুষ-দুর্নীতি দমন করেন। অসাধু কর্মে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত করেন। অবশেষে বরখাস্ত এক কর্মকর্তার সন্তানের হাতে তাকে জীবন দিতে হয়। তিনি ইনতেকাল করেন ১৩৫২ হিজরিতে (১৯৩৩ খ্রিষ্টাব্দে)। এরপর ক্ষমতা লাভ করেন তার পুত্র মুহাম্মাদ জহির শাহ।