📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 দ্বিতীয় তাহমাস্প

📄 দ্বিতীয় তাহমাস্প


রুশ বাহিনী সাফাভি সাম্রাজ্যে অনুপ্রবেশ করল এবং দাগিস্তান প্রদেশ দখল করে নিলো। এরপর হাত বাড়াল শামাকা অঞ্চলের দিকে। এ সময় উসমানিরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা রুশদের সতর্ক করে বলে, সাফাভি সাম্রাজ্যে আর এক কদম সামনে বাড়লে উসমানিদের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। হুমকির মুখে থেমে গেল রুশ অগ্রযাত্রা।
এদিকে তাহমাস্প রুশদের সাথে সন্ধিচুক্তি করলেন। যার ভিত্তিতে রুশ দখলকৃত উত্তরাঞ্চলীয় অনেক এলাকার স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু এসব অঞ্চলের অধিবাসীরা ক্রুসেডার রুশদের কবল থেকে উদ্ধার পেতে উসমানিদের সাহায্য প্রার্থনা করল। তখন উসমানি ও রুশদের মাঝে এক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল এবং গিলান ও মাযানদারান রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। আর পশ্চিমাঞ্চলের কর্তৃত্ব থাকে উসমানিদের হাতে। এরপর উসমানিরা পারস্যে তাদের বিজয়াভিযান অব্যাহত রাখে। তারা দখল করে নেয় তাবরিজ এবং হামাদান। ঠিক সে সময় মির মাহমুদ সাফাভি পরিবারের অবশিষ্ট সদস্যদের হত্যা করছিল। একসময় মির মাহমুদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার স্থলে ১১৩৭ হিজরিতে (১৭২৫ খ্রিষ্টাব্দে) আফগানিদের শাসক নির্বাচন করা হয় আমির।
আশরাফকে। আশরাফ ও উসমানিদের মাঝে লড়াই বাধে। এরপর উভয় পক্ষ এ সন্ধিচুক্তিতে উপনীত হয় যে, আফগানি শাসক আশরাফ উসমানি সুলতানকে মুসলিম সাম্রাজ্যের খলিফা হিসেবে মেনে নেবে এবং পারস্যে তাদের অধিকৃত অঞ্চলের স্বীকৃতি দেবে। আর উসমানিরা আমির আশরাফকে পারস্যের শাহ হিসেবে মেনে নেবে।
এ সময় আত্মপ্রকাশ করে নাদির খান নামের এক ডাকাত। তাহমাস্পের সহযোগিতায় তার সহচরদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হেরাত ও মাশহাদ থেকে আফগানিরা তার হাতে বিতাড়িত হয়। এরপর তার বাহিনী পৌঁছে যায় রাজধানী ইস্পাহানে। নাদির খানের সাথে লড়াইয়ে আফগান নেতা আশরাফ নিহত হন। ৭ বছর পারস্য শাসন করার পর ১১৪২ হিজরিতে (১৭৩০ খ্রিষ্টাব্দে) নাদির খানের হাতে তার পতন ঘটে।
রাজত্বের নেশা পেয়ে বসল নাদির খানকে। আরও সৈন্যসামন্ত সংগ্রহ করে সে তার বিজয়াভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে উসমানিদের মুখোমুখি হয়ে তাদের পরাজিত করে হামাদান ও আজারবাইজান অধিকৃত করে নেয়। সুযোগ দেখে তাহমাস্প নিজের অস্তিত্ব জানান দিতে চাইলেন। সংঘর্ষ বাধিয়ে দিলেন উসমানিদের সাথে। কিন্তু ১১৪৪ হিজরির (১৭৩২ খ্রিষ্টাব্দে) এক যুদ্ধে তাকে পরাজিত হতে হলো। সন্ধিচুক্তি করে উসমানিদের হাতে সাম্রাজ্যের বেশকিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00