📄 আবু সাইদ
আবু সাইদ ক্ষমতায় বসে নিতান্তই শিশু বয়সে। সে সময় তার মৃত বাবার মন্ত্রী চুবান উত্তর সাম্রাজ্যের সুলতান মুহাম্মাদ উজবেকের সাথে যোগাযোগ করে আবু সাইদের অঞ্চলে অধিকার প্রতিষ্ঠার প্রস্তাব জানান। কিন্তু মুহাম্মাদ উজবেক তা প্রত্যাখ্যান করেন। এরপর চাগতাই পরিবারের সেনাপতি ইয়াইসুরের সাথে আবু সাইদের বাহিনীর লড়াই হয়। এ লড়াইয়ে আবু সাইদ জয়লাভ করে। আবু সাইদের বিরুদ্ধে মুহাম্মাদ উজবেক ও ইয়াইসুর একাট্টা ছিল। কিন্তু ইয়াইসুরের পরাজয়ে মুহাম্মাদ উজবেককে যুদ্ধবিরতি দিয়ে পিছু হটতে হয়।
তখন মুহাম্মাদ উজবেক মামলুক সুলতানের সাথে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে চাইলেন। কিন্তু মামলুক সুলতান মুহাম্মাদ বিন কালাউন উল্টো সন্ধি করে নেন আবু সাইদের সাথে।
আবু সাইদের সময়ে ধীরে ধীরে তার পিতার শিয়া চিন্তাধারা বিলুপ্ত হয়ে সুন্নি মতবাদ ফিরে আসতে লাগল। অন্যদিকে সে সময় ইলখানিয়াজুড়ে বিদ্রোহের পর বিদ্রোহ ছড়িয়ে পড়তে লাগল। আঞ্চলিক শাসকেরা তাদের এলাকা নিয়ে স্বাধীন হয়ে যেতে লাগল। ফলে অল্প সময়ে ইলখানিয়া সাম্রাজ্য কয়েক টুকরো হয়ে পড়ে। সেখানে তৈরি হয় কয়েকটি নতুন রাজ্য; যেমন জালায়িরিয়্যা, আরাতিকা ইত্যাদি। দেশজুড়ে সৃষ্টি হয় অরাজক এক পরিস্থিতি। এভাবে ইলখানিয়া সাম্রাজ্যের পতন ঘটে, যার শেষ শাসক ছিলেন আবু সাইদ।