📄 মামলুক পরিচিতি
আরবি 'মামলুক' (বহুবচন 'মামালিক') শব্দের অর্থ ক্রীতদাস। যুদ্ধবন্দি যেসব দাস ক্রয়সূত্রে কারও অধিকারে আসে, তাদেরকে মামলুক বলা হয়। আর ক্রীতদাস পিতামাতার সন্তান হিসেবে যারা জন্ম থেকেই দাস বিবেচিত হয়, তাদেরকে 'কিন' বলা হয়। অবশ্য ব্যাপকার্থে উভয় প্রকার ক্রীতদাসের ক্ষেত্রেই মামলুক শব্দটি ব্যবহৃত হয়।
আব্বাসি খলিফা মামুন এবং পরবর্তী খলিফা মুতাসিম বিল্লাহ আপন আপন খিলাফত আমলে দাসবাজার থেকে প্রচুর দাস ক্রয় করেন এবং সেনাবাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তাদেরকে অধিষ্ঠিত করেন। তখন থেকেই মামলুক শব্দটি একটি বিশেষ পারিভাষিক রূপ পরিগ্রহ করে এবং রাষ্ট্রীয় উচ্চ পদে দায়িত্ব পালনকারী ক্রীতদাসদের মামলুক বলা হতে থাকে। আব্বাসি খলিফাগণের পাশাপাশি আন্দালুসের উমাইয়া শাসকগণও প্রচুর পরিমাণে মামলুক সংগ্রহ করতেন। যুদ্ধবন্দি ও দাসবাজার থেকে ক্রয়—উভয় পদ্ধতিতেই দাস সংগ্রহ করা হতো।
দাসবাজারে সবচেয়ে বেশি ক্রীতদাস আমদানি হতো মাওয়ারাউন নাহার অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে। এসব অঞ্চলে সব সময়ই যুদ্ধবিগ্রহ লেগে থাকত বলে প্রচুর মানুষ বন্দি হয়ে দাসবাজারে বিক্রি হতো। মাওয়ারাউন নাহারের অধিকাংশ অঞ্চলে তুর্কি আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অধিকাংশ দাসই হতো তুর্কি বংশোদ্ভূত। অবশ্য এসব অঞ্চল থেকে প্রচুর পরিমাণে আর্মেনীয় ও মোঙ্গল দাসও আমদানি হতো। পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত প্রচুর খ্রিষ্টান দাসও দাসবাজারে বিক্রি হতো। ইউরোপিয়ান ক্রীতদাসরা অবশ্য সাকলাবি নামে পরিচিত ছিল। মুসলিম শাসকগণ মামলুকদেরকে কুরআন-সুন্নাহর শিক্ষাদানের পাশাপাশি সুদক্ষ প্রশিক্ষণ ও সুনিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে বিশুদ্ধ ইসলামি সামরিক চিন্তাধারায় গড়ে তুলতেন।
ইসলামি ইতিহাসের বিভিন্ন স্তরে মামলুকগণ ক্ষমতার সর্বোচ্চ স্তরে আরোহণসহ চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। ক্রুসেডারদের প্রতিরোধ ও তাতার-মোঙ্গল আগ্রাসন মোকাবিলায় মামলুকদের ভূমিকা ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে। কোনো কোনো রাষ্ট্রে মামলুকরা প্রধান সামরিক শক্তি, ক্ষেত্রবিশেষে একক সামরিক শক্তিতে পরিণত হয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে—মুতাসিম-পরবর্তী আব্বাসি খলিফাগণের শাসনামলে তুর্কি মামলুকরাই মূলত আব্বাসি সাম্রাজ্য পরিচালনা করত। আন্দালুসেও সাকলাবি ক্রীতদাসগণ রাষ্ট্রক্ষমতায় ব্যাপক প্রভাব বিস্তার করত। মিশর ও ভারতবর্ষে মামলুক পরিচয়ধারীরা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল। আলোচ্য পরিচ্ছেদে আমরা কেবল মিশরে প্রতিষ্ঠিত মামলুক রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব।