📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 সুলতান নুরুদ্দিনের ইন্তেকাল-পরবর্তী পরিস্থিতি

📄 সুলতান নুরুদ্দিনের ইন্তেকাল-পরবর্তী পরিস্থিতি


নুরুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সালিহ ইসমাইলের নামে বায়আত গ্রহণ করা হয়। সালিহ তখন বয়সের বিবেচনায় একেবারেই নবীন ও অল্পবয়স্ক ছিলেন। তাই সেনাপতি শামসুদ্দিন ইবনে মুকাদ্দিমকে তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। এ সময় জিনকি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রশাসক ও সেনাপতিরা বিরোধে জড়িয়ে পড়ে এবং মতবিরোধকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রে অস্থিরতা-অরাজকতা শুরু হয়। রাজ্যজুড়ে মদের অবাধ ব্যবহার শুরু হয়; অথচ সুলতান নুরুদ্দিনের জীবদ্দশায় কেউ এর সাহসও করতে পারত না। চতুর্দিক থেকে ইসলামের শত্রুরা মুসলমান ও ইসলামি ভূখণ্ডের প্রতি লোলুপ দৃষ্টি ফেলতে থাকে। ফিরিঙ্গিরা মুসলমানদের হাত থেকে দামেশক নগরীর কর্তৃত্ব কেড়ে নেওয়ার সংকল্প করে। তখন শামসুদ্দিন ইবনে মুকাদ্দিম ফিরিঙ্গিদের প্রতিরোধে অগ্রসর হন এবং বানিয়াসের কাছে তাদের মুখোমুখি হন। কিন্তু তিনি তাদের প্রতিরোধে দৃঢ়তার পরিচয় দিতে ব্যর্থ হন এবং শেষপর্যন্ত প্রচুর সম্পদ প্রদান করে তাদের সঙ্গে সন্ধি করেন। অবশ্য তিনি যদি ফিরিঙ্গিদের (মিশরের প্রশাসক) আল-মালিকুন নাসির সুলতান সালাহুদ্দিন আইয়ুবির আগমনের ভয় না দেখাতেন, তাহলে তারা সন্ধিপ্রস্তাবেও রাজি হতো না। সালাহুদ্দিনের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং সংখ্যায় স্বল্প ফিরিঙ্গিদের সঙ্গে আপস করায় ও তাদেরকে অর্থ প্রদান করায় ইবনে মুকাদ্দিম আতাবিকসহ শামের বিভিন্ন অঞ্চলের সেনাপতি ও প্রশাসকদের কাছে পত্র পাঠিয়ে তাদেরকে ভর্ৎসনা করেন। সালাহুদ্দিনের পত্র পেয়ে অনুতপ্ত হওয়া দূরে থাক, সেনাপতি ও প্রশাসকগণ উল্টো কঠোর ভাষায় জবাবি পত্র প্রেরণ করে। তখন সুলতান সালাহুদ্দিন শাম অভিমুখে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
কিন্তু এরইমধ্যে ৫৭০ হিজরি সনে ফিরিঙ্গিরা মিশরে হামলা চালায়। এদিকে উবায়দিরাও সালাহুদ্দিনকে হটিয়ে ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে সালাহুদ্দিন শাম অভিযানের পরিকল্পনা আপাতত মুলতবি রাখেন।
এ সময় সিসিলি থেকে ক্রুসেডারদের বিশাল এক নৌবহর মিশরে আক্রমণ চালানোর লক্ষ্যে রওনা হয়। ইতিপূর্বে ইতিহাসে এত বিশাল নৌবহরের কোনো দৃষ্টান্ত নেই। নৌবহরটিতে ছিল সৈন্যবহনকারী দুইশ জাহাজ, অশ্ববহনকারী ছত্রিশটি জাহাজ, যুদ্ধাস্ত্রে পূর্ণ ছয়টি বিশাল জাহাজ এবং রসদসামগ্রীতে পূর্ণ চল্লিশটি বড় জাহাজ। নৌবহরটিতে পঞ্চাশ হাজার পদাতিক সৈন্য এবং দেড় হাজার অশ্বারোহী সৈন্য ছিল। ক্রুসেডার বাহিনী আলেকজান্দ্রিয়ায় পৌঁছেই কামান ও মিনজানিক স্থাপন করে আক্রমণ শুরু করে। এ সময় আলেকজান্দ্রিয়াবাসী বীরত্বের সঙ্গে তাদের প্রতিরোধ করে। দ্বিতীয় দিন অন্যান্য অঞ্চল থেকেও মুসলিম সৈন্যগণ ক্রুসেডারদের মোকাবিলায় আলেকজান্দ্রিয়ায় পৌঁছে যায়। তৃতীয় দিনই মুসলিম সৈন্যদের প্রচণ্ড আক্রমণে ক্রুসেডাররা পিছু হটে এবং পলায়নের পথ ধরে। মুসলমানরা ক্রুসেডারদের কামানগুলো জ্বালিয়ে দেয় এবং পলায়নরত ক্রুসেডারদের তাড়া করে। অসংখ্য খ্রিষ্টান সৈন্য নিহত হয়, অনেকে পানিতে ডুবে মারা যায়। এভাবে ক্রুসেডারদের মিশর দখলের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।
ওদিকে সুলতান সালাহুদ্দিন উবায়দিদের সব চক্রান্ত ও ষড়যন্ত্র সফলতার সঙ্গে দমন করেন। অবশেষে মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে পূর্ণ নিশ্চিত হওয়ার পর সুলতান সালাহুদ্দিন শাম অভিমুখে রওনা হন। তার এ অভিযানের উদ্দেশ্য ছিল এ অঞ্চলের ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধকরণ, শামবাসীর প্রতি সদাচরণ, শামের সমতল ও পাহাড়ি ভূমিতে নিরাপত্তাপ্রতিষ্ঠা, অবাধ্যদের দমন করে ইসলামের সহায়তাকরণ এবং কুরআনের প্রচার-প্রসার ও সকল ভ্রান্ত ধর্মের অপনোদন।
৫৭০ হিজরি সনেই সুলতান সালাহুদ্দিন তার ভাই আবু বকরকে মিশরে অস্থায়ী নায়েব নিযুক্ত করে দামেশক অভিমুখে যাত্রা করেন। তিনি কোনো ধরনের রক্তপাত ছাড়াই দামেশকে প্রবেশ করেন এবং নুরুদ্দিনের মৃত্যুপরবর্তী সময়ে সেখানে সৃষ্ট সকল বিশৃঙ্খলা দূর করেন। এরপর তিনি তার আরেক ভাই সাইফুল ইসলাম তুগতেকিনকে দামেশকের প্রশাসক নিযুক্ত করে আলেপ্পো অভিমুখে রওনা হন। এ সময় আলেপ্পোর সেনাপতিগণ ও একদল উবায়দি মিলে তাকে হত্যার ষড়যন্ত্র করলেও আল্লাহ তাআলা ইসলামের এই মহান সৈনিককে রক্ষা করেন এবং তিনি তাদের সকলকে হত্যা করেন।
সুন্নিদের কাছে মিশরের কর্তৃত্ব হারানো শিয়া উবায়দিরা কিন্তু নিশ্চুপ বসে ছিল না। তারা এবার খ্রিষ্টরাজ্য ত্রিপোলির খ্রিষ্টান শাসক কুমাছের সঙ্গে যোগাযোগ করে এবং সালাহুদ্দিনের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করলে বিপুল পরিমাণ সম্পদ প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সুলতান সালাহুদ্দিন ছিলেন চূড়ান্ত পর্যায়ের সতর্ক ও দূরদর্শী। তিনি তাদের সকল চক্রান্ত প্রতিহত করেন এবং হিমস, আলেপ্পো ও হামা অঞ্চল পুনরুদ্ধার করে ইসলামি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। সালাহুদ্দিন মুসলমানদের ঐক্যবদ্ধ করতে তার চেষ্টা জারি রাখেন। এভাবে এ অঞ্চলের মুসলমানদের ঐক্যবদ্ধ করার অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে সালাহুদ্দিন এমন এক সুবিশাল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার ব্যাপ্তি ছিল উত্তর ইরাক (কুর্দিস্তান), শাম, মিশর ও বারকা (Cyrenaica) অঞ্চলজুড়ে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবির প্রতিষ্ঠিত এই রাষ্ট্র পরিচিতি লাভ করে আইয়ুবি রাষ্ট্র নামে।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আইয়ুবি রাষ্ট্রের সুলতানদের বংশলতিকা

📄 আইয়ুবি রাষ্ট্রের সুলতানদের বংশলতিকা


[নামের পাশে বন্ধনীতে উল্লেখিত নাম্বার দ্বারা সুলতানদের ক্রমধারা বোঝানো হয়েছে]
আবুশ শোকর নাজমুদ্দিন আইয়ুব বিন শাযি
শাখা-১:
আল-মালিকুল আদিল আবু বকর সাইফুদ্দিন আহমাদ (৪) (৫৯৭-৬১৫ হি./১২০০-১২১৮ খ্রি.)
আল-মালিকুল কামিল আবুল মাআলি নাসিরুদ্দিন মুহাম্মাদ (৫) (৬১৫-৬৩৫ হি./১২১৮-১২৩৮ খ্রি.)
আল-মালিকুস সালিহ আবুল ফুতুহ নাজমুদ্দিন আইয়ুব (৭) (৬৩৭-৬৪৭ হি./১২৪০-১২৪৯ খ্রি.)
আল-মালিকুল মুআযযাম তুরান শাহ (৮) (৬৪৭-৬৪৮ হি./১২৪৯-১২৫০ খ্রি.)
আল-মালিকুল আদিল আবু বকর সাইফুদ্দিন মুহাম্মাদ (৬) (৬৩৫-৬৩৭ হি./১২৩৮-১২৪০ খ্রি.)
মাসউদ ইউসুফ
আল-মালিকুল আশরাফ মুযাফফারুদ্দিন মুসা (৯)
(বাহরি মামলুকদের হাতে পতন ঘটে)
শাখা-২:
আল-মালিকুন নাসির আবুল মুযাফফার সালাহুদ্দিন ইউসুফ (১) (৫৬৪-৫৮৯ হি./১১৬৯-১১৯৩ খ্রি.)
আল-মালিকুল আজিজ আবুল ফাত্‌হ ইমাদুদ্দিন উসমান (২) (৫৮৯-৫৯৫ হি./১১৯৩-১১৯৯ খ্রি.)
আল-মালিকুল মানসুর নাসিরুদ্দিন মুহাম্মাদ (৩) (৫৯৫-৫৯৭ হি./১১৯৯-১২০০ খ্রি.)

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 সালাহুদ্দিন আইয়ুবির পিতা নাজমদ্দিন আইয়ুব বিন শাখির পরিচিতি

📄 সালাহুদ্দিন আইয়ুবির পিতা নাজমদ্দিন আইয়ুব বিন শাখির পরিচিতি


নাজমুদ্দিন আইয়ুব ছিলেন ইসলামি ইতিহাসের অন্যতম মহান বীর যোদ্ধা। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি সেলজুক সুলতান মুহাম্মাদ বিন মালিক শাহের সেবক ছিলেন। নাজমুদ্দিনের সততা, বিশ্বস্ততা এবং বীরত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে সুলতান মুহাম্মাদ তাকে তিকরিত দুর্গের প্রশাসক নিযুক্ত করেন। নাজমুদ্দিন সেখানে ন্যায়পরায়ণতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এ সময় একদিন মসুলের প্রশাসক সুলতান ইমাদুদ্দিন জিনকি এক যুদ্ধে পরাজিত হয়ে তিকরিতে আগমন করেন। নাজমুদ্দিন তাকে আশ্রয় দেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পূর্ণ সেবা-শুশ্রূষা করেন। পনেরো দিন তার কাছে অবস্থান করার পর ইমাদুদ্দিন মসুলে ফিরে যান। নাজমুদ্দিনের এই নিষ্ঠাপূর্ণ আচরণ সুলতান ইমাদুদ্দিনের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হয়।
পরবর্তীকালে সেলজুক সুলতান গিয়াসুদ্দিন মাসউদ বিন মুহাম্মাদ তাকে সরিয়ে ইরাকের পুলিশ বিভাগের প্রধান মুজাহিদুদ্দিন নাহরুযকে তিকরিত দুর্গের দায়িত্ব প্রদান করেন। নাজমুদ্দিনও তিকরিতেই বসবাস করতে থাকেন। এর কিছুদিন পর কোনো কারণে নাহরুয নাজমুদ্দিনের প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে দুর্গ থেকে বের করে দেন। যে রাতে নাজমুদ্দিন তিকরিত দুর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সে রাতেই তার পুত্র সালাহুদ্দিন ইউসুফ ভূমিষ্ঠ হন। বাসস্থান থেকে বিতাড়িত হওয়ার দিন পুত্র সালাহুদ্দিনের আগমনকে তিনি অশুভ মনে করেছিলেন। তখন জনৈক ব্যক্তি তাকে বলে, 'আপনি আজ এই নবজাতককে অশুভ মনে করছেন! এমনকি হতে পারে না যে, একদিন এই নবজাতকের হাতেই এক সুবিশাল ও সুবিখ্যাত রাজত্বের ক্ষমতা থাকবে?!' ইতিহাস সাক্ষী, সেদিনের সেই অজ্ঞাত ব্যক্তিটির আশাবাদ ও শুভকামনা একদিন অক্ষরে অক্ষরে বাস্তব হয়েছিল। তিকরিত ছেড়ে নাজমুদ্দিন আইয়ুব ও তার ভাই আসাদুদ্দিন শিরকুহ মসুলে সুলতান ইমাদুদ্দিনের খেদমতে হাজির হন এবং নিজেদের যোগ্যতা ও নিষ্ঠাপূর্ণ কর্মদক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে জিনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। পরবর্তী সময়ে সুলতান নুরুদ্দিন জিনকি নাজমুদ্দিন আইয়ুবকে বালাবাক্কুর গভর্নর নিযুক্ত করেন আর তার ভাই আসাদুদ্দিন শিরকুহ পরিণত হন জিনকি সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ সেনাপতিতে।
৫৮২ হিজরি সনে বাইতুল মুকাদ্দাস রাজ্যের অধীনস্থ কারাক অঞ্চলের প্রশাসক রেনাল্ড (Reynald) মুসলমানদের একটি বাণিজ্য কাফেলার ওপর আক্রমণ করে। অথচ বাইতুল মুকাদ্দাস রাজ্যের সঙ্গে তখন সুলতান সালাহুদ্দিনের শান্তিচুক্তি কার্যকর ছিল এবং চুক্তির অন্যতম শর্ত ছিল, যেকোনো মুসলিম কাফেলা নির্বিঘ্নে মিশর থেকে শামে আসা-যাওয়া করতে পারবে; ক্রুসেডাররা তাতে কোনোপ্রকার বাধা সৃষ্টি করবে না।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 হিত্তিনের যুদ্ধ

📄 হিত্তিনের যুদ্ধ


কিন্তু কারাকের প্রশাসক চুক্তিভঙ্গ করে কাফেলার সদস্যদের বন্দি করে এবং ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করে বন্দিদেরকে বলে, 'তোমরা যদি মুহাম্মাদের ধর্মে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এখন তাকে ডাকো, সে এসে তোমাদের মুক্ত করুক এবং এই বিপদ থেকে উদ্ধার করুক!' সালাহুদ্দিনের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি রেনাল্ডকে বন্দি করতে পারলে নিজ হাতে হত্যা করার শপথ করেন।
খ্রিষ্টান ক্রুসেডারদের এই চরম ধৃষ্টতাপূর্ণ আচরণের পর সুলতান সালাহুদ্দিন দ্রুত যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করেন। সময়টি ছিল মুসলিম হাজিদের হজ শেষে হিজায ভূমি থেকে প্রত্যাবর্তনের সময়। কারাকের প্রশাসক রেনাল্ড প্রত্যাবর্তনরত হজ কাফেলার ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। সালাহুদ্দিন তাদের নিরাপত্তার উদ্দেশ্যে মুসলিম বাহিনী নিয়ে রওনা হন এবং পুরো খ্রিষ্টান বিশ্বের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। সুলতান সালাহুদ্দিন বুছরার সন্নিকটে কাসরুস সালামায় শিবির স্থাপন করেন। মুসলিম হজ কাফেলা নিরাপদে পথ অতিক্রম করা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। হাজি সাহেবরা এ সময় সালাহুদ্দিনের জন্য নুসরত ও বিজয়লাভের দোয়া করে।
হিত্তিনের যুদ্ধ [রবিউস সানি ৫৮৩ হিজরি] [জুলাই ১১৮৭ খ্রিষ্টাব্দ]
৫৮৩ হিজরি সনের ১৭ রবিউল আউয়াল সুলতান সালাহুদ্দিন দামেশক থেকে বেরিয়ে আসেন। রাসুল-মা' নামক স্থানে পৌঁছার পর তিনি এলাকাটিকে তার বাহিনীর সৈন্যদের সমবেত হওয়ার কেন্দ্র নির্বাচন করেন। এরপর তিনি তার পুত্র আল-মালিকুল আফজালকে সেখানে রেখে নিজে বুছরা অভিমুখে রওনা হন। অপরদিকে মুযাফফারুদ্দিন কুকুবুরি চলে যান আক্কায়। সালাহুদ্দিন এরপর বুছরা থেকে কারাক ও শাওবাকের (Shoubak) দুর্গের উদ্দেশে গমন করেন; তারপর ফিরে যান তাবারিয়ায় (Tiberias)।
এ সময় এবং পূর্ববর্তী সময়গুলোতে যখনই কেউ সুলতান সালাহুদ্দিনের দিকে তাকাত, তাকে বিষণ্ণ, চিন্তিত ও ভারাক্রান্ত দেখতে পেত। এ সময় তিনি পানাহারের প্রতিও নিরাসক্ত হয়ে পড়েছিলেন; একান্ত বাধ্য হলে সামান্য কিছু খাবার গ্রহণ করতেন। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, 'বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের হাতে; আমি কীভাবে পানাহার, নিদ্রা আর আনন্দে ডুবে থাকি?' সুলতান সালাহুদ্দিনের বন্ধু ও সঙ্গী কাজি বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ ক্রুসেড যুদ্ধ চলাকালে সালাহুদ্দিনের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, 'তার কাছে আল-কুদসের বিষয়টি এত গুরুত্বপূর্ণ ও ভারবাহী ছিল যে, পাহাড়ও তা বহন করতে পারবে না।'
সুলতান সালাহুদ্দিনের বিস্তৃত পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়ে সমকালীন খ্রিষ্টান নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সৈন্যসমাবেশ শুরু করে। এরপর তারাও তাবারিয়া অভিমুখে রওনা হয়। উভয় বাহিনী হিত্তিন নামক স্থানে পরস্পর মুখোমুখি হয়। মুসলিম বাহিনী পূর্বেই যুদ্ধক্ষেত্রের আশেপাশের পানির উৎসগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় ক্রুসেডার বাহিনী এ সময় প্রচণ্ড পানিস্বল্পতার সম্মুখীন হয়।
উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী এক যুদ্ধের পর সুলতান সালাহুদ্দিন নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। চরমভাবে পরাজিত ক্রুসেডার বাহিনীর একজন সদস্যও পালিয়ে যেতে পারেনি। হয় তারা নিহত হয়; কিংবা বন্দি হয়।
যুদ্ধে নিহত ক্রুসেডার সৈন্যের সংখ্যা ছিল দশ হাজার। যুদ্ধক্ষেত্রেই আক্কার বিশপ নিহত হন এবং তার হাতে থাকা 'সত্য ক্রুশ'(৯০) মাটিতে পড়ে থাকে। মুসলমানরা ক্রুশটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ ঘটনা ছিল খ্রিষ্টান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুর্যোগ। তারা নিশ্চিত হয়ে যায় যে, তাদের কপালে নিশ্চিত মৃত্যু ও ধ্বংস রয়েছে। এরপর মুসলমানরা পলায়নপর ক্রুসেডারদের পিছু নিয়ে নিকটবর্তী পাহাড়ের চূড়ায় আরোহণ করতে থাকে এবং তাদের তরবারির আঘাতে খ্রিষ্টান সৈন্যরা লুটিয়ে পড়তে থাকে। বাইতুল মুকাদ্দাসের রাজা গাই (Guy of Lusignan)-এর পাশে থাকে মাত্র দেড়শ সৈন্য। ক্লান্তি ও ক্ষুৎপিপাসায় একসময় তারা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়। বাইতুল মুকাদ্দাসের রাজা গাই ও কারকের প্রশাসক রেনাল্ড মুসলিম বাহিনীর হাতে বন্দি হয়।
সুলতান সালাহুদ্দিন আইয়ুবির জন্য একটি তাঁবু প্রস্তুত করা হয়। তাঁবুতে সুলতানের বিজ্ঞ উপদেষ্টা ও সেনাপতিরা সমবেত হয়। সকলে কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে পড়ে। এরপর সুলতানের নির্দেশে বন্দি দুই রাজাকে উপস্থিত করা হয় এবং তাঁবুর ভেতরে বসানো হয়।
প্রচণ্ড পিপাসায় কাতর বাইতুল মুকাদ্দাসের শাসক পানি পান করতে চাইলে তার জন্য ঠান্ডা পানি পরিবেশন করা হয়। সামান্য পানি পান করার পর তিনি অবশিষ্ট পানি রেনাল্ডকে দিতে উদ্যত হলে সালাহুদ্দিন বজ্রকণ্ঠে বলে ওঠেন, 'আমরা এ পানি তাকে পান করার জন্য দিইনি। কাজেই তার নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই।' ক্রুদ্ধ সুলতান দাঁড়িয়ে যান এবং রেনাল্ডকে তার গর্হিত আচরণ ও নবীজির শানে ধৃষ্টতার জন্য ভর্ৎসনা করেন। এরপর তিনি আপন প্রতিশ্রুতি রক্ষার্থে নিজ হাতে তাকে হত্যা করেন। রেনাল্ডের পরিণতি স্বচক্ষে অবলোকন করে বাইতুল মুকাদ্দাসের রাজা গাই ভীত হয়ে পড়লে সুলতান সালাহুদ্দিন তাকে শান্ত করতে বলেন, 'রাজাদের হত্যা করা রাজন্যবর্গের নীতি নয়; কিন্তু এই লোক সীমা ছাড়িয়ে গিয়েছিল।'
এরপর বাইতুল মুকাদ্দাসের রাজা ও তার জীবিত অনুচরদের সসম্মানে দামেশকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

টিকাঃ
৯০. প্রচলিত খ্রিষ্টধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী যে কাষ্ঠখণ্ডে হজরত ঈসা মাসিহ আ.-কে শূলে চড়ানো হয়, তার ভগ্নাবশেষকে সত্য ক্রুশ (The True Cross) বলা হয়। খ্রিষ্টানদের মহাসভার সিদ্ধান্ত ও খ্রিষ্টান চার্চের ঐতিহাসিক সক্রেটিস (Socrates Scholasticus)-এর দাবি অনুযায়ী ৩২৬-৩২৮ খ্রিষ্টাব্দে তৎকালীন রোমান সম্রাট কনস্টান্টাইনের মা হেলেনা উক্ত ক্রুশ আবিষ্কার করেন। অপরদিকে ইসলামি বিশ্বাসমতে হজরত ঈসা আ.-কে শূলে চড়ানো হয়নি; বরং মহান আল্লাহ তাআলা তাকে আপন কুদরতে আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন-
وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ) তারা তাকে হত্যা করেনি, শূলেও চড়ায়নি; কিন্তু তাদের ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে। [সূরা নিসা: ১৫৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00