📄 আল-মুসতাযি বি আমরিল্লাহ আবু মুহাম্মাদ হাসান
মুসতাযি বি আমরিল্লাহ ৫৩৬ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খলিফা মুসতানজিদ ৫৬৬ হিজরি সনে ইন্তেকাল করলে তিনি ত্রিশ বছর বয়সে খলিফা পদে অধিষ্ঠিত হন।
খলিফা মুসতাযি ন্যায়পরায়ণ ও সচ্চরিত্র ছিলেন। তিনি জনগণের সঙ্গে উদার আচরণ করতেন। যতদিন খলিফা ছিলেন, জনগণের কাছে প্রশংসিত ছিলেন। জনসমর্থন ও সৌভাগ্যকে সঙ্গী করেই তিনি মৃত্যুবরণ করেন।
ঐতিহাসিক ইবনুল আছির (৫৫৫-৬৩০ হিজরি) তাঁর শাসনকাল পেয়েছেন। তিনি খলিফা মুসতাযির আলোচনা করতে গিয়ে লিখেছেন, আমি পূর্ববর্তী খলিফা ও শাসকগণের জীবনেতিহাস অধ্যয়ন করেছি। পুরো ইতিহাসে খোলাফায়ে রাশিদিন ও উমর ইবনে আবদুল আজিজের পর তাঁর (খলিফা মুসতাযি বি আমরিল্লাহ) চেয়ে অধিক সচ্চরিত্র ও ন্যায়প্রতিষ্ঠায় অধিক সচেষ্ট কাউকে পাইনি। (১৩২)
মুসতাযি বি আমরিল্লাহর খিলাফতকালে ৫৬৭ হিজরি সনের মুহাররম মাসে (১১৭১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) সালাহুদ্দিন আইয়ুবির হাতে উবায়দি রাষ্ট্রের পতন ঘটে। এরপর থেকে মিশর, আফ্রিকা, শাম অঞ্চল ও ইয়ামেনে মুসলিম সাম্রাজ্যের খলিফা হিসেবে জুমার খুতবায় মুসতাযি বি আমরিল্লাহর নাম উচ্চারিত হতে থাকে।
খলিফা মুসতাযি বি আমরিল্লাহ ৫৭৫ হিজরি সনে (১১৮০ খ্রিষ্টাব্দে) উনচল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন।
টিকাঃ
১৩২. প্রাগুক্ত, ৯/৩৯৪।