📄 আল-কায়িম বি আমরিল্লাহ আবু জাফর আবদুল্লাহ
কাদির বিল্লাহর ইন্তেকালের পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র কায়িম বি আমরিল্লাহ। কায়িম বি আমরিল্লাহ ৩৯১ হিজরি সনে জন্মগ্রহণ করেন এবং ৪২২ হিজরি সনে একত্রিশ বছর বয়সে খলিফা পদে অধিষ্ঠিত হন।
তার খিলাফত আমলের প্রথমদিকে বাগদাদে খিলাফত ও সালতানাত উভয় পদই দুর্বল ও কর্তৃত্বহীন ছিল। তখন রাষ্ট্রজুড়ে গোলযোগ-দাঙ্গা ছড়িয়ে পড়ে, সাধারণ সৈনিকদের অসন্তোষ বৃদ্ধি পায়। দায়লামি (সুলতান ও আমিরুল উমারার বংশ) ও তুর্কিদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। বিস্ময়কর তথ্য হলো-আব্বাসি সাম্রাজ্যের এই চরম দুর্বলতম অবস্থার মধ্যেও শেষ বুওয়াইহি সুলতান আবু নাসর খসরু (১১৮) খলিফার কাছে আল-মালিকুর রাহিম উপাধি দাবি করেন। খলিফা তাকে এ উপাধি প্রদানে অস্বীকৃতি জানালে তিনি বারবার পীড়াপীড়ি করতে থাকেন এবং একপর্যায়ে তা আদায় করে ছাড়েন!
৪৪৭ হিজরি সনে (১০৫৫ খ্রিষ্টাব্দে) সেলজুক সুলতান তুগরুল বেগ বাগদাদে প্রবেশ করার পূর্ব পর্যন্ত আবু নাসরই বাগদাদের সুলতান ছিলেন। এ সময় খলিফা কায়িম বি আমরিল্লাহ বুওয়াইহি সুলতান আবু নাসরকে তুগরুল বেগের আনুগত্য করার নির্দেশ দেন। এর মাধ্যমে বাগদাদে এক শতাব্দীর অধিক কাল ব্যাপ্ত বুওয়াইহি শাসনের যবনিকাপাত ঘটে। শিয়া মতাদর্শপুষ্ট বুওয়াইহি শাসক-পরিবার আব্বাসি সাম্রাজ্যে উল্লেখযোগ্য কোনো কল্যাণকর প্রভাব রেখে যেতে পারেনি। বাগদাদের অধিকাংশ নাগরিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হওয়া সত্ত্বেও বাগদাদে শিয়া মতবাদের প্রচার-প্রসারের চেষ্টা চালিয়ে বুওয়াইহি সুলতানরা কেবল গোলযোগ, ভাঙন ও অনৈক্য বৃদ্ধি করেছিল।
টিকাঃ
১১৮. খলিফা কায়িম বি আমরিল্লাহর দায়িত্ব গ্রহণের সময় বাগদাদের বুওয়াইহি সুলতান ছিলেন আবু তাহির জালালুদ্দৌলা। ৪৩৬ হিজরি সনে জালালুদ্দৌলার ইন্তেকাল হলে সুলতান হন তার ভ্রাতুষ্পুত্র (আবু শুজা সুলতানুদ্দৌলার পুত্র) আবু কালিজার মারযুবান মুহিউদ্দিন। ৪৪০ হিজরি সনে মুহিউদ্দিনও ইন্তেকাল করলে তার পুত্র ও শেষ বুওয়াইহি সুলতান আল-মালিকুর রাহিম আবু নাসর খসরু দায়িত্ব গ্রহণ করেন।
📄 বাগদাদের বুওয়াইহি সুলতানগণের তালিকা
০১ মুইযযুদ্দৌলা আহমাদ বিন বুওয়াইহ : ৩৩৪-৩৫৬ হি. ৯৪৫-৯৬৭ খ্রি.
০২ ইযযুদ্দৌলা বখতিয়ার বিন আহমাদ (পদচ্যুত) : ৩৫৬-৩৬৬ হি. ৯৬৭-৯৭৮ খ্রি.
০৩ আযদুদ্দৌলা ফানা খসরু বিন হাসান বিন বুওয়াইহ : ৩৬৬-৩৭২ হি. ৯৭৮-৯৮৩ খ্রি.
০৪ ছামছামুদ্দৌলা আবু কালিজার মারযুবান বিন আযদুদ্দৌলা (পদচ্যুত) : ৩৭২-৩৭৬ হি. ৯৮৩-৯৮৭ খ্রি.
০৫ শারফুদ্দৌলা আবুল ফাওয়ারিস শারফিল বিন আযদুদ্দৌলা : ৩৭৬-৩৭৯ হি. ৯৮৭-৯৯০ খ্রি.
০৬ বাহাউদ্দৌলা আবু নাসর ফিরোয বিন আযদুদ্দৌলা : ৩৭৯-৪০৩ হি. ৯৯০-১০১৩ খ্রি.
০৭ সুলতানুদ্দৌলা আবু শুজা বিন বাহাউদ্দৌলা : ৪০৩-৪১২ হি. ১০১৩-১০২১ খ্রি.
০৮ মুশরিফুদ্দৌলা আবু আলি বিন বাহাউদ্দৌলা : ৪১২-৪১৬ হি. ১০২১-১০২৫ খ্রি.
০৯ জালালুদ্দৌলা আবু তাহির বিন বাহাউদ্দৌলা : ৪১৬-৪৩৬ হি. ১০২৫-১০৪৪ খ্রি.
১০ আবু কালিজার মারযুবান বিন সুলতানুদ্দৌলা : ৪৩৬-৪৪০ হি. ১০৪৪-১০৪৮ খ্রি.
১১ আবু নাসর খসরু বিন আবু কালিজার মারযুবান : ৪৪০-৪৪৭ হি. ১০৪৮-১০৫৫ খ্রি.