📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 মুকতাফি বিল্লাহ আবু মুহাম্মাদ আলি

📄 মুকতাফি বিল্লাহ আবু মুহাম্মাদ আলি


খলিফা মুকতাফি বিল্লাহর জন্ম ২৬৪ হিজরি সনে। পঁচিশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। মুকতাফি বিল্লাহর শাসনামলে রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সংঘাত ও দ্বন্দ্বের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আব্বাসি সাম্রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটে।
২৯১ হিজরি সনের মুহাররম মাসে (৯০৩ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে) মুকতাফি বিল্লাহ কারামাতিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শামের আশেপাশের অঞ্চল কারামাতিয়া প্রভাবমুক্ত করতে সক্ষম হন। অবশ্য এর মাধ্যমে কারামাতিয়া মতাদর্শের চূড়ান্ত বিলোপ ঘটেনি।
কারামাতিয়া সম্প্রদায়ের অন্যতম প্রচারক যাকরাওয়াইহ, তার সন্তানসন্ততি ও কারামাতিয়া সম্প্রদায়ের অধিকাংশ প্রচারক নিহত হওয়ার পর ইরাকে তাদের প্রভাব দুর্বল হয়ে পড়ে। কিন্তু কারামাতিয়াদের সবচেয়ে ধূর্ত ও সফল প্রচারক জান্নাবি তখনও জীবিত ছিল এবং বাহরাইনে নির্বাসিত ছিল। মুকতাফি বিল্লাহর খিলাফত আমলে তার প্রচারণা ও কর্মপ্রচেষ্টা তেমন দৃশ্যমান রূপ ধারণ করেনি। তবে পরবর্তী খলিফা মুকতাদিরের আমলে জান্নাবি আব্বাসি খিলাফতের মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়।
মুকতাফি বিল্লাহর শাসনামলেই ২৯২ হিজরি সনে (৯০৫ খ্রিষ্টাব্দে) আব্বাসিদের হাতে মিশরে তুলুনিয়া রাষ্ট্রের পতন ঘটে। প্রায় কাছাকাছি সময়ে অর্থাৎ ২৯৬ হিজরি সনে (৯০৯ খ্রিষ্টাব্দে) উবায়দি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা উবায়দুল্লাহ আল-মাহদির হাতে পতন ঘটে খলিফা হারুনুর রশিদের শাসনামলে আফ্রিকায় প্রতিষ্ঠিত আগলাবিয়া রাষ্ট্রের। এর বিস্তারিত বিবরণ সামনে আসবে, ইনশাআল্লাহ।
খলিফা মুকতাফি বিল্লাহ ২৯৫ হিজরি সনে একত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية