📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আল-মুতায় বিল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মাদ

📄 আল-মুতায় বিল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মাদ


খলিফা মুতাযের জন্ম ২৩২ হিজরি সনে। বিশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। মুতাযের শাসনামলে আব্বাসি সাম্রাজ্যের পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়ে। সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতও প্রকট রূপ ধারণ করে। ফলে মাত্র সাড়ে তিন বছরের মাথায় অপসারণের মধ্য দিয়ে মুতাযের খিলাফতকালের সমাপ্তি ঘটে।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 খলিফার সঙ্গে চরম অমানবিক আচরণ

📄 খলিফার সঙ্গে চরম অমানবিক আচরণ


আব্বাসি খলিফা তখন নামেই খলিফা। তার নির্দেশের কোনো মূল্য নেই। সৈন্যরা একদিন সমবেত হয়ে তার কাছে নিজেদের বকেয়া বেতন-ভাতা দাবি করে। কিন্তু খলিফার কাছে তাদেরকে প্রদান করার মতো কিছুই ছিল না! তখন তুর্কি সেনাপতিগণ তাকে অপসারণের বিষয়ে একমত হয় এবং তাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার নির্দেশ পাঠায়। কিন্তু খলিফা এই বলে অপারগতা প্রকাশ করেন যে, তিনি অসুস্থ এবং ওষুধ সেবন করায় এখন তিনি দুর্বলতা বোধ করছেন। তখন কয়েকজন তুর্কি সৈন্য ভেতরে প্রবেশ করে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। মাটির ঘর্ষণে তার পরিধেয় বস্ত্র ছিঁড়ে যায় এবং শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তুর্কি সৈন্যরা তাকে রাজদরবারের আঙিনায় প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। ক্লান্ত-শ্রান্ত ও বিধ্বস্তপ্রায় খলিফা একেকবার একেক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার প্রাণান্ত চেষ্টা করছিলেন আর কিছু লোক তাকে চপেটাঘাত করছিল এবং বলছিল, 'খিলাফতের দায়িত্ব ছেড়ে দাও; সকলে তোমার বিরুদ্ধে একজোট।' খলিফা তখন কাঁদছিলেন। এরপর তুর্কিরা খলিফাকে একটি বদ্ধ প্রকোষ্ঠে বন্দি করে রাখে এবং বিভিন্ন ধরনের শান্তি প্রদান করতে থাকে। নিরুপায় হয়ে তিনি খিলাফতের দায়িত্ব হতে ইস্তফা প্রদান করেন এবং মুহতাদি বিল্লাহকে পরবর্তী খলিফা ঘোষণা করেন।
এরপর তুর্কিরা মুতাযকে কিছু দুষ্ট লোকের হাতে তুলে দেয়। তারা খলিফার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। একটানা তিন দিন তাকে পানাহার হতে বঞ্চিত রাখা হয়। পিপাসায় কাতর হয়ে পানি চাইলেও তাকে সামান্য পানি প্রদান করা হয়নি। এরপর তারা তাকে চুনে পূর্ণ একটি গর্তে নিক্ষেপ করে। ফলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তার লাশ বের করার পর দেখা যায়—শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। এরপর তুর্কিরা কয়েকজন আমিরকে ডেকে সাক্ষী রাখে যে, সাবেক খলিফা কোনোপ্রকার আঘাত ব্যতিরেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন!
খলিফা মুতায বিল্লাহ ২৫৫ হিজরি সনের রজব মাসে তেইশ বছর বয়সে ইন্তেকাল করেন।
মুতায বিল্লাহর খিলাফত আমলেই ২৫৪ হিজরি সনে (৮৬৮ খ্রিষ্টাব্দে) মিশরে তুলুনিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ২৬২ হিজরি সন (৯০৫ খ্রিষ্টাব্দ) পর্যন্ত ব্যাপ্ত এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন আহমাদ বিন তুলুন। তিনি তুর্কি মামলুক ছিলেন। তুলুনিয়া রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করা হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00